October 28, 2026

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এ গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর শূরা সদস্য ও কোনাবাড়ী মেট্রো থানা আমীর ডাঃ মুহাঃ কবির হোসাইন।

মিছিলে কোনাবাড়ী মেট্রো থানার শূরা ও কর্মপরিষদ সদস্য, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন। মিছিলটি কোনাবাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।

মিছিল শেষে দেওয়া সমাপনী বক্তব্যে ডাঃ মুহাঃ কবির হোসাইন বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তিসহ জামায়াতে ইসলামীর সাত দফা দাবি দ্রুত মেনে নিতে হবে। দাবি মেনে না নিলে তা এক দফায় পরিণত হবে।”

তিনি আগামীকাল অনুষ্ঠিতব্য ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চ সফল করতে কোনাবাড়ীবাসীর প্রতি আহ্বান জানান।

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় পৃথক অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকাসহ মুকুল রায় (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে অপর একটি অভিযানে ভারতীয় একটি ষাঁড় গরু জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির একটি টহল দল। হাবিলদার মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন শ্রী মুকুল রায় (৪৫)। তিনি ঠাকুরগঞ্জ গ্রামের মৃত শিবেন্দ্র রায়ের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

এদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ খাদেমুল ইসলামের নেতৃত্বে পাটগ্রামের ক্যাম্পের পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের ডিএএমপি ৭/১৪-এস পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের দিক থেকে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিকে একটি গরু নিয়ে আসতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা গরুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় একটি ষাঁড় গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, দুটি পৃথক অভিযানে আটক ভারতীয় গরু ও উদ্ধারকৃত মাদকসহ মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ২১৭ টাকা।

আটক মুকুল রায়কে উদ্ধারকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ভারতীয় ষাঁড় গরুটির বিষয়েও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বিজিবির হস্তান্তর করা মুকুল রায়কে জেলা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ দক্ষিণ সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে। অপর শিশু ইকবাল হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। ইকবাল সোনাতলা গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে খেলতে যায়। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।

পরে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগম শিশু দুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর স্থানীয়রা পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে কালীগঞ্জ থানায় জানানো হলে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে দুই শিশুর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন চারজন সহকারী সার্জন ও মেডিকেল অফিসার যোগদান করতে যাচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার তাঁরা ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যোগদান করবেন।

নবাগত চিকিৎসকদের মধ্যে রয়েছেন ভোলাহাট উপজেলার কৃতী সন্তান ডা. মোঃ নাদিম হোসাইন। ৪৮তম বিশেষ বিসিএস (দ্বিতীয় ধাপ) এর মাধ্যমে তিনি সহকারী সার্জন ও মেডিকেল অফিসার হিসেবে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করবেন।

এছাড়া একই সময়ে আরও তিনজন নবাগত সহকারী সার্জন ও মেডিকেল অফিসার কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে। তাঁদের যোগদানের মধ্য দিয়ে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় নতুন গতি আসবে বলে স্থানীয়রা আশা করছেন।

স্থানীয়দের প্রত্যাশা, নবাগত চিকিৎসকরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে যাওয়া চার নবাগত সহকারী সার্জন ও মেডিকেল অফিসারকে উপজেলা বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের কর্মস্থলে সফলতা এবং সুন্দর ও সাফল্যময় কর্মজীবন কামনা করা হয়েছে।

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক মো. কোহিনূর আলম। তিনি জনগণের পাশে থেকে একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মো. কোহিনূর আলম বলেন, ছোটবেলা থেকেই কুরবাননগর ইউনিয়নের মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।

তিনি মনে করেন, দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কুরবাননগর ইউনিয়নের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

কোহিনূর আলম বলেন, তার পরিবার থেকে তিনি মানুষের পাশে থাকার শিক্ষা পেয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে কুরবাননগর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিয়ে আসছেন।

এলাকার বিভিন্ন সময়ে রাস্তাঘাট মেরামত, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলেও জানান।

নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সরকারি সুযোগ-সুবিধার সঠিক বাস্তবায়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, কুরবাননগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় একটি উন্নত, সমৃদ্ধ, সুশাসিত ও মানবিক ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।

মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার,গাজীপুর।

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি, পরিচয়পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও ডিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মাসুদুর রহমান মিলন, সাংগঠনিক সচিব মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তবতা ও সত্য তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সাংবাদিক সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সমাজ আরও সুন্দর ও সুশীল হয়ে উঠতে পারে।

তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো ধরনের হুমকি বা বাধার সম্মুখীন হলে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমকর্মীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

প্রধান আলোচক মোঃ আলমগীর গনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। এশিয়ার অন্যতম বৃহৎ এই সাংবাদিক সংগঠনের গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম অতীতে সন্তোষজনক না হওয়ায় কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। এবার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি ভবিষ্যতে গাজীপুরের সাংবাদিকতা ও জনকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।

প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও সহযোগিতার মনোভাবের প্রশংসা করে তিনি জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী শাকিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ রায়।

আলোচনা সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৮৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় জেলা পুলিশের সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে একযোগে ৫৬টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ী ও ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৮৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতার প্রয়োজন রয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ প্রতিনিধি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ইউনিয়নের মাইজ বাড়ি বদিপুর গ্রামে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​গ্রামের মুরুব্বি জফর আলি সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

​মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজবাড়ি গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ,
মো: আবাব মিয়া, মোঃ আযাদ মাস্টার, আব্দুল মোনাইম,কালাম মিয়া, করিম, বাদন,ইয়াহিয়া, মঈনুদ্দিন, আলি আহমদ, আলি আকবর, আব্দুর রহমান, মোঃ ইছুব আলী সহ ইউনয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

ছাইম খান, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়। এ উপলক্ষে কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক জিকরুল হোসেন, সদস্য সচিব রাজীব শেখ, সদস্য ইউসুফ শেখ, ওহিদুজ্জামান ও জামাল তালুকদারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মামুন বিশ্বাস নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান। শপথ শেষে তিনি সিএনজি চালকদের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, গাড়ি চালানোর সময় কোনোভাবেই অতিরিক্ত গতি নেওয়া যাবে না। যাত্রী ও পথচারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিআরটিএ নির্ধারিত গতিসীমা অনুসরণ করে যানবাহন চালাতে হবে।

নবনির্বাচিত সভাপতি মো. সাইফুল বলেন, সমিতির সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা থাকবে। পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে মালিক ও চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শপথ অনুষ্ঠানের পর নতুন কমিটির নেতারা জানান, সমিতির সদস্যদের সুযোগ-সুবিধা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। একই সঙ্গে টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সড়কে সিএনজি মালিক ও চালকদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

নতুন নেতৃত্বের পক্ষ থেকে আরও জানানো হয়, মালিক-চালকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং যাত্রীদের নিরাপদ ও উন্নত সেবা নিশ্চিত করাই হবে নবনির্বাচিত কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ইউএস মডেল (প্রা.) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে টেকেরহাট ১ নম্বর ব্রিজের পাশে হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১০ সালে টেকেরহাটে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করে ইউএস মডেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নতুন ভবনের মাধ্যমে চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেলের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা বেজবা উর রহমান বাবু হাওলাদার, হাসপাতালের ভাইস চেয়ারম্যান সৈয়দ রুবেল, ভাইস চেয়ারম্যান সৈয়দ জুয়েল, জেলা বিএনপির সদস্য জীবন বোস, উপজেলা যুবদলের নেতা মোঃ খায়ের হাওলাদারসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উদ্বোধন শেষে হাসপাতালের নতুন ভবনের সাফল্য ও সংশ্লিষ্টদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অন্যান্যদের মধ্যে তবারক বিতরণ করা হয়।