

ছাইম খান, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়। এ উপলক্ষে কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক জিকরুল হোসেন, সদস্য সচিব রাজীব শেখ, সদস্য ইউসুফ শেখ, ওহিদুজ্জামান ও জামাল তালুকদারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মামুন বিশ্বাস নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান। শপথ শেষে তিনি সিএনজি চালকদের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, গাড়ি চালানোর সময় কোনোভাবেই অতিরিক্ত গতি নেওয়া যাবে না। যাত্রী ও পথচারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিআরটিএ নির্ধারিত গতিসীমা অনুসরণ করে যানবাহন চালাতে হবে।
নবনির্বাচিত সভাপতি মো. সাইফুল বলেন, সমিতির সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা থাকবে। পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে মালিক ও চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
শপথ অনুষ্ঠানের পর নতুন কমিটির নেতারা জানান, সমিতির সদস্যদের সুযোগ-সুবিধা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। একই সঙ্গে টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সড়কে সিএনজি মালিক ও চালকদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
নতুন নেতৃত্বের পক্ষ থেকে আরও জানানো হয়, মালিক-চালকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং যাত্রীদের নিরাপদ ও উন্নত সেবা নিশ্চিত করাই হবে নবনির্বাচিত কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।




