October 28, 2026

DailyJanotarDiary@gmail.com

ডেইলি জনতার ডায়েরি একটি অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সংবাদ প্রতিবেদন ও বিভিন্ন ফিচারধর্মী কনটেন্ট প্রকাশ করা হয়।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা খুলনা-মহাসড়কে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস ফুকরা মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মোটর সাইকেলের চালক হামিম (২২) মল্লিক নিহত হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেলের অপর আরোহী।

অপরদিকে এর আগে একই স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ও হেল্পার আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত হামিম গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ইলিয়াস মল্লিক এর ছেলে।

রংপুর প্রতিনিধি :

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ থেকে ১৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে বৈরাগীগঞ্জ বাজার সংলগ্ন শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘খান পরিবহনের’ একটি যাত্রীবাহী নৈশকোচ বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের আইল্যান্ডে গিয়ে আছড়ে পড়ে এবং দুমড়েমুড়ড়ে যায়। এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

রুম্মান মাহমুদ শৈশব
বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

সোমবার(২৬ অক্টোবর)আগভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারে ধাক্কায় ডুবে যায় এই কয়লাবাহী কার্গোটি।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের স্টাফেরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে আসছিল এম,ভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এম,টি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এম,ভি ফুলবাড়ী নামক জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে যায় কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী জাহাজ। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। এদিকে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার সিডিউল ছিল।

তবে কার্গো জাহাজটি পশুর চ্যানলের বাহিরে ডুবে যাওয়ায় মুল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজে সচেতনতামূলক র্যা লি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গোপালগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ র্যা লির আয়োজন করা হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগ এ র্যা লীর আয়োজন করে। র্যা লিটি গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।

র্যা লীতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. গোলাম মোর্শেদ মোল্লা।

এতে মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন বহন করেন। পাশপাশি ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরন করা হয়।

এসময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকায় মাদারগঞ্জ ভূমি অফিস সংলগ্ন মাঠে অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বল্লভের খাস ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য শ্রীমতি প্রতিমা রাণী চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক মোঃ দুলাল হোসেন ও মোঃ আলতাফ হোসেন, মমিনগঞ্জ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ জুলহোসেন, স্থানীয়গণ্যমান্য মকবুল হোসেন, জাহাঙ্গীর, বাবু ফাতেমা বেগম, গর্ভবতী মা সাথী রাণী, প্রসূতি মা শিউলি, তাসফিয়া, আফসানা সহ আরো অনেকেই।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এর প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর আনোয়ার হোসেন প্রমূখ।

আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এবং ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের দাবি জানানো হয়।
আয়োজকদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি দখল, এতিম ও অসহায় পরিবারের সম্পদ আত্মসাৎ, মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, বাড়িঘর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি, এসব অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে সাংবাদিক এস এম রুবেলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক এস এম রুবেলের নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের সম্পত্তি সুরক্ষা, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং অভিযোগের সত্যতা সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সাধন সাহা জয় | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইদুর মিয়ার স্ত্রী বাক্‌প্রতিবন্ধী তাসলিমা আক্তার। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাইদুর মিয়া।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শ্রীঘরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন—একই গ্রামের আজিজুল মিয়া (৫২), রাজিব মিয়া (২৬), সাহিব মিয়া (২৪), সাকিব মিয়া (২২) ও মালেকা বেগম (৪৮)।

অভিযোগকারী সাইদুর মিয়ার দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্তরা তাঁদের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হামলার শিকার হন। এতে কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন সাইদুর মিয়া।

তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত আজিজুল মিয়া বলেন, “আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়া চলাকালে আমি বাড়ি দিলে তাঁর মাথায় আঘাত লাগে। আইন অনুযায়ী যা হবে, তা আমি মাথা পেতে নেব।”

অভিযুক্ত মালেকা বেগমও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামান্য গাছ লাগানোকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তাঁর দাবি, তাঁরা নিজেরাও অপর পক্ষের অত্যাচারের শিকার হন এবং প্রতিবন্ধী হওয়ার কারণে সব সময় ভয়ে থাকেন।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় স্ত্রীর করা যৌতুক মামলায় মো. মান্নান হোসেন (৪৪) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আটপাড়া আমলি আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি জেলার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত। মামলার অভিযোগ ও বাদীপক্ষের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে ওই দম্পতির মধ্যে কলহ চলছিল। স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, বেতনের টাকা জমা দিতে চাপ দেওয়া এবং বিভিন্ন সময়ে টাকা দাবি করার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। এ ঘটনায় দুই সন্তানের জননী ওই নারী আইনের আশ্রয় নেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ আগস্ট পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়েতে পাঁচ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল। তাঁদের ৯ ও ৫ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। মান্নান হোসেন নেত্রকোনা সদর উপজেলার বড়ওয়ারী এলাকার দিগজান গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। তাঁর স্ত্রী একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।

এদিকে বাদীর অভিযোগ, তাঁর স্বামী প্রতি মাসে বেতনের পুরো টাকা স্বামীর ব্যাংক হিসাবে জমা দিতে বলতেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে ২০ লাখ টাকা দিয়ে স্বামীকে জমি কিনে দেওয়ার পরও আরও ৩০ লাখ টাকা দাবি করেন তিনি। একপর্যায়ে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর দুই সন্তানকে নিয়ে নেত্রকোনা শহরে বসবাস শুরু করেন তিনি। বাদীর আরও অভিযোগ, গত ৩ জুলাই তাঁর বাসায় গিয়ে টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেন স্বামী। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৯ আগস্ট আটপাড়া আমলি আদালতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলা করেন ওই নারী। মামলাটির বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আদালত প্রথমে আসামিকে জামিন দিয়েছিলেন। পরে সমঝোতা না হওয়ায় গত রোববার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ বিষয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন বলেন, “বিষয়টি জানার পর আমি পারিবারিকভাবে তাঁদের বিরোধ মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু দুই পক্ষকে সমঝোতায় রাজি করাতে পারিনি। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুখলেসুর রহমান ভূঁইয়া বলেন, “বিরোধ মীমাংসার সুযোগ দিতে আদালত একবার আসামিকে জামিন দিয়েছিলেন। কিন্তু কোনো সমাধান না হওয়ায় গত রোববার আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

২৭/১০/২৬ ইং

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুরনো প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

রুম্মান মাহমুদ শৈশব
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স নবায়নে অতিরিক্ত ফি আদায়, বিভিন্ন সেবা প্রদানে হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয়ে গত ছয় মাসে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য করা আবেদন এবং লাইসেন্স নবায়নের আবেদনসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি নতুন ও নবায়ন—দুই ধরনের লাইসেন্সের পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার খাতা ও উপস্থিতির শিটও সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।

দুদকের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার বলেন,উপস্থিতির শিট পর্যালোচনা করে কিছু অসংগতি পাওয়া গেছে। দেখা গেছে, কয়েকজন পরীক্ষার্থীর উপস্থিতির শিটে স্বাক্ষর নেই, অথচ তাঁদের পাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া কিছু পরীক্ষার্থীর খাতায় গরমিলের বিষয়ও পাওয়া গেছে। কীসের ভিত্তিতে খাতার লেখায় গরমিল শনাক্ত করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বঞ্চিত হয়েছেন কি না, সেটিও যাচাই করা হবে। সব রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। এরপর কমিশন পর্যালোচনার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

দুদকের কর্মকর্তারা জানান, সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাই করে অভিযোগগুলোর সত্যতা নিরূপণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব অনিয়মের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।