October 28, 2026

DailyJanotarDiary@gmail.com

ডেইলি জনতার ডায়েরি একটি অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সংবাদ প্রতিবেদন ও বিভিন্ন ফিচারধর্মী কনটেন্ট প্রকাশ করা হয়।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীবাসীর। কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত পৌর এলাকার সীমানা নির্ধারণ ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে পৌরসভা গঠনের কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশা করছেন স্থানীয়রা।

১৯০৮ সালে কাশিয়ানী থানা প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ জনপদ একসময় ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। দীর্ঘদিন ধরে কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তবে বিভিন্ন সময়ে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি।

কাশিয়ানীর পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা ২০০০ সালে পৌরসভায় উন্নীত হয়। এরপর থেকে কাশিয়ানীকেও পৌরসভা করার দাবি আরও জোরালো হয়। স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠিত হলে নাগরিক সেবার পরিধি বাড়ার পাশাপাশি সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।

সম্প্রতি কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নতুন গতি পেয়েছে। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম নির্বাচনী প্রচারণায় কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

পৌরসভা গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পরিকল্পিত নগরায়ণ, উন্নত নাগরিক সেবা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য কাশিয়ানীকে পৌরসভায় রূপান্তর করা প্রয়োজন।

বরাশুর গ্রামের বাসিন্দা মো. ইরামুজ্জামান মোল্লা বলেন, ব্রিটিশ আমল থেকেই কাশিয়ানীর আলাদা ঐতিহ্য রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এলাকাটি উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। পৌরসভা প্রতিষ্ঠিত হলে নাগরিকদের জীবনমান ও সুযোগ-সুবিধার উন্নয়ন ঘটবে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

কাশিয়ানী উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা বলেন, কাশিয়ানী একটি ঐতিহ্যবাহী ও পুরোনো উপজেলা। দীর্ঘদিন ধরে পৌরসভা প্রতিষ্ঠার আলোচনা থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সংসদ সদস্য এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় তাঁরা আশাবাদী। এ উদ্যোগের জন্য তিনি সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে পিছিয়ে থাকা কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগকে উপজেলাবাসী স্বাগত জানাচ্ছেন। জাতীয় নির্বাচনের আগে এটি সংসদ সদস্যের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় তিনি সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বিষয়ে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জানান।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া বলেন, কাশিয়ানীকে পৌরসভায় রূপান্তরের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে এবং বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কাশিয়ানী ঐতিহ্যবাহী একটি জনপদ। পৌরসভা প্রতিষ্ঠিত হলে এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধা বাড়ার সম্ভাবনা রয়েছে।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করা সময়ের দাবি। এটি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিরও অংশ। পৌরসভা প্রতিষ্ঠিত হলে সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারি বরাদ্দ পাওয়ার সুযোগ বাড়তে পারে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার চেষ্টা করা হবে।

দীর্ঘদিনের প্রত্যাশিত পৌরসভা গঠনের উদ্যোগ সামনে আসায় কাশিয়ানীর মানুষের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করা হবে। এতে নাগরিক সেবার মান বাড়ার পাশাপাশি সড়ক যোগাযোগ, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

মোঃ ফারুক আহমদ, গাজীপুর।

কাশিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও বৃক্ষ চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন এর নেতৃত্বে সারদাগণ্জ ৪নং ওয়ার্ডে অদ্য ২৭ অক্টোবর ২০২৬ ইং রোজ মঙ্গলবার বিকেলে এই বৃক্ষ চারা বিতরণ কর্মসূচী ও র্যালী আয়োজন করা হয়।

কাশিমপুর মেট্রো থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন এর নেতৃত্বে আয়োজিত বৃক্ষ চারা বিতরণ কর্মসূচীকে ঘিরে সবুজায়ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

উক্ত বৃক্ষ চারা বিতরণ কর্মসূচীতে কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ ব্যাপী এই কর্মসূচি ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষ চারা বিতরণ কর্মসূচীর আয়োজন। প্রত্যেকটি পাড়া-মহল্লায়, গ্রামের আনাচে-কানাচে প্রত্যেকটা ফাঁকা জায়গায় বর্তমান সরকারের উদ্যোগে গ্রীন বাংলাদেশ গড়তে কর্মসূচি চলছে।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠায় আমাদের আজকের আয়োজনের পরিপ্রেক্ষিতে বৃক্ষ চারা বিতরণ করা হচ্ছে। বৃক্ষ চারা বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন। পরে র্য্যালী বের করা হয়। র্যালীতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। পরিশেষে এলাকার জনগণের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয়।

​মাহিদুল ইসলাম ফরহাদচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে এই সাফল্য আসে।​গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ ভোররাত ১২টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপি থেকে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামস্থ ঈদগাহ মাঠ এলাকায় এই অভিযান চালানো হয়।​অভিযান চলাকালীন চোরাকারবারিরা পালিয়ে গেলেও টহল দল মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ৫০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
​তিনি আরও বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ৭ এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকায় ঘোগাদহ ইউনিয়নের গুনের ভিটা (৩ নং ওয়ার্ড) গ্রামে অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য (MNCAH) সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরিতে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম সদরের হেলথ ইন্সপেক্টর ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর নুর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষক মাহফুজার রহমান লিটন, ইমাম বাচ্চু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এর প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর রোকন-উদ- দৌলাহ, খোরশেদ আলম প্রমূখ।

আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

রংপুর প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পবিত্র কোরআন শরীফ ও ইসলাম ধর্ম অবমাননা করে আপত্তিকর ভিডিও পোস্ট করার ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ চন্দ্র মহন্তকে (১৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত ০৩:১০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন কিচক বেলাই গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সৌরভ চন্দ্র মহন্ত রংপুর জেলার পীরগঞ্জ থানার চককরিম কাশিমপুর গ্রামের বিশু মহন্তের ছেলে।তার মায়ের নাম তরু বালা রানী।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে । অভিযুক্ত সৌরভ তার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন অবমাননাকর একটি আপত্তিকর ভিডিও পোস্ট করে । পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে স্থানীয় ও নেটজনতার মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের বরাতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত অভিযুক্ত হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিপ্রায়ে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং সাম্প্রদায়িক অসন্তোষ তৈরির অপচেষ্টায় লিপ্ত ছিল। ভিডিওটি ছড়ানোর পর থেকেই সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে গিয়েছিল।

আইনি পদক্ষেপের বিষয়ে রংপুর জেলা পুলিশ জানায়, এই ঘটনায় পীরগঞ্জ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির (Penal Code) ১৫৩, ১৫৩-এ, ২৯৫-এ এবং ২৯৮ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩০, তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিঃ। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে সরকারি আদেশ অমান্য করে রাস্তায় জোরপূর্বক দোকান বসিয়ে মানুষের চলাচলে বাধা দেওয়ার দায়ে এমরান (২১) নামে এক রোহিঙ্গা যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর এ/১ ব্লক থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন টহল দল নিয়মিত টহল পরিচালনার সময় এমরানকে আটক করে। পরে তাকে জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। সরকারি আদেশ অমান্য করে রাস্তায় দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

পরে ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে মামলা নম্বর ২২২/২৬, তারিখ ২৬ অক্টোবর ২০২৬-এর মাধ্যমে এমরানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত এমরান ক্যাম্প-২৭-এর এ/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৯৯৯৮৫। তিনি মৃত সাইফুল ও মৃত আতুনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেলা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২৪ অক্টোবর কুমিল্লার শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।

পরদিন ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। এ সময় তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ হলে বিষয়টি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে জানায় ট্রাফিক পুলিশ।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তার পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ে তিনি সিআইডির কর্মকর্তা নন বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া নাম-ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোযুক্ত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

নেত্রকোনার কলমাকান্দায় বসতভিটার উঠানে বিদ্যুতের খুঁটি স্থাপন করে সেচের লাইন নির্মাণের অভিযোগ উঠেছে পল্লীবিদ্যুৎ সমিতির বিরুদ্ধে। এ ঘটনায় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে খুঁটি অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. টুটন মিয়া। এ দাবিতে সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে তাঁর বাড়ির সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে টুটন মিয়াসহ গ্রামের অর্ধশতাধিক মানুষ অংশ নেন। তাঁদের অভিযোগ, বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ না করার অনুরোধ জানিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির কলমাকান্দা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) কাছে লিখিত আবেদন করেন টুটন। তবে সেই আবেদন আমলে না নিয়েই তাঁর বাড়ির উঠানে বিদ্যুতের খুঁটি স্থাপন করে সেচের লাইন নির্মাণ করা হয়েছে। টুটন মিয়ার বাড়ি শুনই গ্রামে। একই গ্রামের আলাল উদ্দিন সেচের লাইন নির্মাণের জন্য আবেদন করেছিলেন। টুটনের দাবি, তাঁর বাড়ি এড়িয়ে সরাসরি বিলের দিকে লাইন নেওয়ার সুযোগ থাকলেও ইচ্ছাকৃতভাবে লাইন বাঁকিয়ে উঠানে খুঁটি স্থাপন করা হয়েছে। খুঁটি বসানোর সময় তিনি বাড়িতে ছিলেন না; কাজের প্রয়োজনে বাইরে ছিলেন। টুটন মিয়া বলেন, বিষয়টি জানিয়ে আবেদন করেও কোনো প্রতিকার পাইনি। এতে আমার পরিবারের সদস্যরা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। দ্রুত খুঁটিটি সরিয়ে অন্যত্র স্থাপন করা হোক।

এদিকে মানববন্ধনে অংশ নেওয়া গ্রামের বাসিন্দা মো. খোদানেওয়াজ নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০০২ সালে তাঁর বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের খুঁটি নেওয়া হয়েছিল। ২০০৪ সালে হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর ওপর পড়লে তিনি গুরুতর দগ্ধ হন। এতে তাঁর এক হাতের সব আঙুল হারান এবং শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। প্রাণে বাঁচলেও এখনো পঙ্গুত্ব নিয়ে জীবন কাটাচ্ছেন তিনি। খোদানেওয়াজ বলেন, ‘আমার মতো আর কারও জীবন যেন দুর্বিষহ না হয়। তাই দ্রুত খুঁটিটি অপসারণের দাবি জানাচ্ছি।’ গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, সরাসরি লাইন নেওয়া হলে টুটনের বাড়ি এড়িয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু লাইন বাঁকিয়ে উঠানে খুঁটি স্থাপন করায় তাঁর পরিবারের সদস্যরা ঝুঁকিতে পড়েছেন। নিরাপত্তার স্বার্থে দ্রুত খুঁটিটি সরানো প্রয়োজন। এদিকে, শুনই গ্রামে পল্লীবিদ্যুৎ অফিসের লোকজনের যোগসাজশে বেশ কয়েকটি অবৈধ সেচ সংযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এসব সংযোগে বসতবাড়ি থেকে প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার তার বাঁশের খুঁটির ওপর দিয়ে বিলের মাঝখানে নেওয়া হয়েছে। সেখানে সেচপাম্প চালিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে। এভাবে বিদ্যুৎ সরবরাহে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের। এ ছাড়া সেচের কাজে আবাসিক সংযোগ ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে সেচলাইনের মালিক আলাল উদ্দিন বলেন, ‘আমি যথাযথ নিয়মে সেচলাইনের জন্য আবেদন করেছি। বিদ্যুৎ অফিস তাদের নিয়ম অনুযায়ী লাইন নির্মাণ করেছে। এখানে আমার কোনো হাত নেই। এ বিষয়ে আমি কিছু জানি না।অভিযোগের বিষয়ে কলমাকান্দা পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম শাহ আলম বলেন, ‘এই লাইনের আবেদন অনেক আগের। আমি কিছুদিন আগে এখানে যোগ দিয়েছি। নির্মাণের সময় জানালে বা বাধা দিলে অন্যদিকে ঘুরিয়ে লাইন নেওয়া যেত। মানুষের সুবিধা-অসুবিধা বিবেচনা করেই আমরা কাজ করি। এখন লাইন নির্মাণ হয়ে গেছে। কয়েক দিন আগে ওই সংযোগের খুঁটির তার চুরি হয়েছে। এ বিষয়ে থানায় জানানো হয়েছে। তারপরও বিষয়টি দেখে কতটুকু কী করা যায়, তা বিবেচনা করব। অবৈধভাবে বাড়ি থেকে তার টেনে সেচ সংযোগ নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ওই বিদ্যুৎ সংযোগ নিয়ে কিছু ঝামেলা রয়েছে। তার চুরির বিষয়েও অভিযোগ আছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সোহেল খান দূর্জয়
২৬/১০/২৬

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বাড়ি নির্মাণের পারিশ্রমিক ও রাস্তার জমি নিয়ে বিরোধের ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) পুলিশ এ তথ্য জানায়।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক, ইউক্যালিপ্টাস গাছের কাঠের হিসাব ও শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে কাঠমিস্ত্রি ফরতাজ হোসেনের সঙ্গে আজিজুল হকের ছেলে আল-রোমানের বিরোধ চলছিল। একই সঙ্গে বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে আল-রোমানদের সঙ্গে স্থানীয় আশিকুজ্জামান আলো মিয়া ও তাঁর ভাই আসাদুজ্জামানের বিরোধ ছিল।

পুলিশ জানায়, রোববার দুপুরে ফরতাজ হোসেন, আশিকুজ্জামান ও আসাদুজ্জামান আল-রোমানদের বাড়িতে যান। সেখানে আল-রোমানের মা রোমানা আক্তারের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় বিরোধ মীমাংসার জন্য উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়।

একপর্যায়ে তাঁর ওপর হামলা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাঁকে সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য, মনোরঞ্জন রায় দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। তাই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আসাদুজ্জামানকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার ভোর ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁর ভাই আশিকুজ্জামান আলো মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত পণ্যের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন চার দেশের রাষ্ট্রদূত।

আজ সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা একাডেমি পরিদর্শনে এসে এসব পণ্য ঘুরে দেখেন।
উষ্ণ অভ্যর্থনা ও একাডেমি পরিদর্শন
রাষ্ট্রদূতেরা একাডেমিতে পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এরপর অতিথিরা একাডেমির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, যার মধ্যে রয়েছে:
হস্ত ও কুটিরশিল্প বিভাগ,গার্মেন্টস বিভাগ,
প্রান্তিক শক্তি ও ওয়েল্ডিং বিভাগ।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমিতে উৎপাদিত পণ্যের উচ্চমান ও সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে এই কুটিরশিল্পের পণ্যগুলো নিজ নিজ দেশে নিয়ে যাওয়ার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
আলোচনা সভা ও চুক্তি করার আগ্রহ
পরিদর্শন শেষে মহাপরিচালকের সভাপতিত্বে একটি আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় এই একাডেমিতে কুটিরশিল্পের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এসব পণ্যের চাহিদা ও আগ্রহ ব্যাপকভাবে বাড়ছে। তিনি আরও উল্লেখ করেন, সফরকারী চার দেশের রাষ্ট্রদূত এই উৎপাদিত পণ্যগুলো তাঁদের দেশে নেওয়ার জন্য দ্বিপাক্ষিক চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছেন।
একাডেমির জনসংযোগ কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূতেরা একাডেমিতে পৌঁছান এবং আনসার-ভিডিপির বিভিন্ন কার্যক্রম ও উৎপাদনমুখী উদ্যোগগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
উক্ত অনুষ্ঠানে চার দেশের রাষ্ট্রদূত ছাড়াও আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য এবং দেশি-বিদেশি সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।