October 28, 2026

বিশেষ প্রতিনিধি : মোঃ ফারুক আহমদ।

গাজীপুরের কালিয়াকৈরে আলম লজিস্টিক সিকিউরিটি গার্ড লিঃ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষকে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. বকুলের বিরুদ্ধে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা, মারমুখী আচরণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এমনই এক ভুক্তভোগী নারী শারমিন আক্তারকে নার্সের চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়। তবে পরবর্তীতে তাকে চাকরি দেওয়া হয়নি। উল্টো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও হয়রানি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় গত (১৪ সেপ্টেম্বর-২০২৬) ভুক্তভোগী শারমিন আক্তার কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে ম্যানেজার মো. বকুলের কাছে জানতে চান। এ সময় সাংবাদিকরা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগী ও সাংবাদিকদের দাবি, একপর্যায়ে ম্যানেজার বকুল সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং তাদের মেরে ফেলার হুমকি দেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন এবং ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শারমিন আক্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে চাকরির নামে অর্থ নেওয়া এবং হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকরা তথ্য সংগ্রহে বাধা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে আলম লজিস্টিক সিকিউরিটি গার্ড লিঃ-এর ম্যানেজার মো. বকুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে ইশরাত হোসেন মোল্লা নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সোমবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ৭ বছর বয়সী এই শিশুটি। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইশরাত হোসেন মোল্লা কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের আল আমিন মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় হঠাৎ করেই নিখোঁজ হয় সে।

অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। দীর্ঘক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির দেহ ভেসে উঠতে দেখেন তারা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইশরাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৫২ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ধামইরহাট সাপ্তাহিক হাটের মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫২ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে মাছ ব্যবসায়ী ছানাউল ইসলাম (৪০) কে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তারা জানান, পিরানহা একটি আগ্রাসী প্রজাতির মাছ। এটি জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ।

জব্দ করা পিরানহা মাছগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামে মায়ের সঙ্গে কথাকাটাকাটির পর সাদিয়া আক্তার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় আহম্মদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পর মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে সাদিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দাদির ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদিয়ার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে মুকসুদপুরে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে ধরে তাকে বেদম ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী তরীক সিকদার পলাতক রয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। দুপুরে পুলিশ ওই বাড়ি থেকে মিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে মিমের সঙ্গে তরীক সিকদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় তরীকের প্রথম স্ত্রী ছিলেন। পরে মিম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তরীককে বিয়ে করে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে স্থানীয়রা জানায়।

গতকাল রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মিমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘরের ভেতর তার মরদেহ পাওয়া যায়। এ সময় তরীক সিকদার বাড়ি থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিজুর ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায় নাই। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাইবে।

পুলিশ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলমান। একই সঙ্গে নিহতের স্বামী তরীক সিকদারকে আটকের চেষ্টা চলছে।

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই-২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: আরিফ-উজ-জামান, মহোদয়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য”জনাব এ কে এম বাবর মহোদয, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, জনাব মো: হাবীবুল্লাহ মহোদয়।

সভায় পুলিশ সুপার মহোদয় অত্র জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন। জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকের বিরুদ্ধিসহ সকল ধরনের অপরাধ অনলাইন জুয়া, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, সড়কের শৃঙ্খলা ও ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার মনোভাব ব্যক্ত করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা ব্যক্ত করেন।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে রাসেল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হিরনকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জয়নগর-মাজড়া বাজারের আঞ্চলিক সড়কে জাহিদ শেখের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের রফিক শেখের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের জীবন শেখ (২৩), হুমায়ন শেখের ছেলে এবং রনি শেখ (৩৪), মিজানুর রহমান শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপচাঁদা গ্রুপের মুকসুদপুর উপজেলা ডিলার আব্দুর রহমানের মালিকানাধীন নসিমনে করে রূপচাঁদা সয়াবিন তেল নিয়ে কাশিয়ানী উপজেলার বিভিন্ন খুচরা মুদি দোকানে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন রাসেল সহ তিন জন।

পথে জয়নগর-মাজড়া বাজারে আঞ্চলিক সড়কের হিরনকান্দি এলাকায় জাহিদ শেখের বাড়ির সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা রাসেল শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুজন।

নিহতের বড় ভাই ইব্রাহীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ছাইম খান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ বাঁশুড়িয়া গ্রামে রাতের আঁধারে ঘেরের মাছ চুরির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আটক দুজন হলেন মোল্লাহাট এলাকার গ্রাম পুলিশ ফারুক ও কিরু শেখ। স্থানীয়দের দাবি, গতকাল রাত ১১টার দিকে সন্দেহজনকভাবে ঘের এলাকায় অবস্থান করায় তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাঁশুড়িয়া গ্রামে সম্প্রতি একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। চুরি প্রতিরোধ ও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে স্থানীয়রা রাতে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতেও কয়েকজন এলাকাবাসী এলাকায় পাহারায় ছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে ঘের এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের আটক করেন।

এলাকাবাসীর দাবি, ওই দুই ব্যক্তি ঘের থেকে মাছ চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। তবে তাদের কাছে মাছ বা চুরির কোনো সরঞ্জাম পাওয়া গেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, প্রথমে তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের একজন গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন জানতে পেরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা করা হয়।

এলাকাবাসীর পক্ষে তুহিন শেখ, মুরছালিন শেখ, নিয়ামত শেখ, রাজিব শেখ ও সুমন শেখ বলেন, “আমরা তাদের সন্দেহভাজন হিসেবে আটক করি। পরে জানতে পারি তাদের একজন গ্রাম পুলিশ। এরপর আমরা তাদের পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ফোন করে ঘটনাস্থলে ডেকে আনি। তাদের কাছে দুইজনকে হস্তান্তর করার সময় পুরো বিষয়টি ভিডিও করে রাখা হয়েছে, যাতে পরবর্তীতে তারা অস্বীকার করতে না পারে।”

তারা আরও বলেন, “আমাদের এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। এ কারণে আমরা বাধ্য হয়ে রাত জেগে পাহারা দিচ্ছি। ভবিষ্যতে এলাকায় কোনো ধরনের চুরি হলে বা কেউ চুরির সঙ্গে জড়িত থাকলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর নজরদারি প্রয়োজন। বিশেষ করে রাতের সময়ে গুরুত্বপূর্ণ এলাকা ও ঘেরগুলোতে টহল জোরদার করা হলে চুরির ঘটনা কমে আসবে বলে মনে করছেন তারা। এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারে ৩৩ পিস ইয়াবাসহ আশিকুর রহমান নামের এক নেতা ও চিহ্নিত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ই সেপ্টেম্বর রাতে শঠিবাড়ী বাজারে উপস্থিত সাধারণ জনগণ তাকে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃত আশিকুর রহমান মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের জায়গীরহাট এলাকার হেমতপুর গ্রামের নূরুল আমীনের ছেলে। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ডিলারি করে আসছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেফতারকৃত আশিকুর দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শঠিবাড়ী বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের সিন্ডিকেট ও ডিলারি নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার এই মাদক চক্রের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল। তার এই গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

আশিকুর রহমানের গ্রেফতারের বিষয়ে মিঠাপুকুর উপজেলা ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা তীব্র নিন্দা প্রকাশ করেন। দলটির পক্ষ থেকে জানানো হয় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দলের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্মে লিপ্ত হলে তার দায়ভার দল নেবে না। আশিকুর রহমান কোনো অপরাধে জড়িত থাকলে দেশের প্রচলিত আইনে তার বিচার হোক,এতে আমাদের কোনো আপত্তি নেই।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,আশিকুর দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় মাদকের রামরাজত্ব কায়েম করেছিল। তার ডিলারি আর সিন্ডিকেটের কারণে শঠিবাড়ী বাজারসহ পুরো উপজেলার যুবসমাজ ধ্বংসের মুখে। রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। কিন্তু আজ জনগণ তাকে হাতেনাতে ধরে প্রমাণ করে দিয়েছে যে, মাদকের সাথে কোনো আপস নেই।এলাকার অভিভাবকরা অবিলম্বে তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন,পুলিশ নয়, আমাদের সন্তানদের বাঁচাতে আমাদেরকেই এগিয়ে আসতে হয়েছে। আমরা এই মাদক ডিলারের স্থায়ী মুক্তি চাই না,তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৭টায় কড়িয়া বাজার বণিক সমিতির আয়োজনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ তামবিরুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি ছিলেন বণিক সমিতি পাঁচবিবির সাধারণ সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ সরকার বাস্পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মামুনুর রশিদ মিল্টন, ইউপি সদস্য মোঃ নুরুল হুদা, মোঃ রুহুল আমিন এবং সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ তহমিনা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি জনাব নাসির উদ্দীন মন্ডল।

সভায় বাজারের আইন-শৃঙ্খলা, ব্যবসায়ীদের সমস্যা ও বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।