

বিশেষ প্রতিনিধি : মোঃ ফারুক আহমদ।
গাজীপুরের কালিয়াকৈরে আলম লজিস্টিক সিকিউরিটি গার্ড লিঃ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষকে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. বকুলের বিরুদ্ধে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা, মারমুখী আচরণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এমনই এক ভুক্তভোগী নারী শারমিন আক্তারকে নার্সের চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়। তবে পরবর্তীতে তাকে চাকরি দেওয়া হয়নি। উল্টো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও হয়রানি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় গত (১৪ সেপ্টেম্বর-২০২৬) ভুক্তভোগী শারমিন আক্তার কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে ম্যানেজার মো. বকুলের কাছে জানতে চান। এ সময় সাংবাদিকরা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগী ও সাংবাদিকদের দাবি, একপর্যায়ে ম্যানেজার বকুল সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং তাদের মেরে ফেলার হুমকি দেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন এবং ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শারমিন আক্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে চাকরির নামে অর্থ নেওয়া এবং হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকরা তথ্য সংগ্রহে বাধা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে আলম লজিস্টিক সিকিউরিটি গার্ড লিঃ-এর ম্যানেজার মো. বকুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।




