

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় পৃথক অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকাসহ মুকুল রায় (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে অপর একটি অভিযানে ভারতীয় একটি ষাঁড় গরু জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির একটি টহল দল। হাবিলদার মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন শ্রী মুকুল রায় (৪৫)। তিনি ঠাকুরগঞ্জ গ্রামের মৃত শিবেন্দ্র রায়ের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।
এদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ খাদেমুল ইসলামের নেতৃত্বে পাটগ্রামের ক্যাম্পের পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের ডিএএমপি ৭/১৪-এস পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের দিক থেকে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিকে একটি গরু নিয়ে আসতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা গরুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় একটি ষাঁড় গরু জব্দ করা হয়।
বিজিবি জানায়, দুটি পৃথক অভিযানে আটক ভারতীয় গরু ও উদ্ধারকৃত মাদকসহ মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ২১৭ টাকা।
আটক মুকুল রায়কে উদ্ধারকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ভারতীয় ষাঁড় গরুটির বিষয়েও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বিজিবির হস্তান্তর করা মুকুল রায়কে জেলা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।




