October 28, 2026

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও গাছা থানা বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের উদ্যোগে পারিবারিক মুরুব্বি ও স্বজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের গাছা থানাধীন তারগাছ রোডের চান্দরা চেয়ারম্যান বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রউফ, রুবেল হক মাতাব্বর, কামরুজ্জামান, আব্দুস সালাম মাস্টার, খালেক মাস্টার, আবু সাঈদ রাজু, আলহাজ্ব আব্দুল মান্নান, হাফিজুর রহমান, রবিউল্লাহ, শিক্ষক ইব্রাহিম আনসারী, রফিকুল ইসলাম বেপারীসহ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও নিকটাত্মীয়রা।

সভায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচন, ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা, সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত মুরুব্বিরা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি, নাগরিকদের সমস্যা সম্পর্কে সরাসরি মতামত নেওয়া এবং ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

মতবিনিময় সভায় আসাদুজ্জামান আসাদ বলেন, “৩৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি নিয়মিত তাদের দুঃখ-কষ্ট ও চাহিদার কথা শুনে আসছি। আজকের সভায় আমার অভিভাবক ও স্বজনদের কাছ থেকে যে পরামর্শ পেয়েছি, তা আমাকে ভবিষ্যতে আরও সুদৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, “রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাই আমার অন্যতম লক্ষ্য। স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতা নিয়ে ৩৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই।”

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি,

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আশরাফ ফারুকী লিটন (৫৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশরাফ ফারুকী লিটন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের বাসিন্দা।

ওসি রোকনুজ্জামান বলেন,
সন্ধ্যায় মোটরসাইকেল করে কাশিয়ানী থেকে বাসায় ফিরতেছিলেন লিটন। এ সময় ঢাকা থেকে খুলনা গামী দোলা পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক:

৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরু হয়।

লংমার্চ শুরুর আগে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

সমাবেশে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এ সময় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ সংশ্লিষ্ট দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানিক মিয়া এভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

কর্মসূচির অংশ হিসেবে লংমার্চের পথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রংপুরে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসম্মত অভ্যাসের প্রসারে ‘সেনের খামার রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়’ এ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে নবনির্মিত ‘হাত ধোয়ার স্টেশন’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই,
উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রব, মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাফুজার রহমান মিলন, সেনের খামার রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুকুনুজ্জামান রুকু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এডিপি’র ম্যানেজার
নীতা ফ্লোরা দাস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা, বিদ্যালয়ে হাত ধোয়ার স্টেশন স্থাপন ও উদ্বোধন করায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে
আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোসাদ্দেক ইমন:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্রনেতা আলাউদ্দিন শেখ সুমন। পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন আলাউদ্দিন শেখ সুমন। দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতেও তার অংশগ্রহণ ছিল বলে জানা গেছে।

সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব পাওয়ার পরপরই পারিবারিক ও ব্যক্তিগত বাস্তবতার কারণে দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

পদত্যাগের বিষয়ে আলাউদ্দিন শেখ সুমন বলেন, “আমি সবসময় পদ-পদবির চেয়ে সংগঠন ও দেশকে বড় করে দেখেছি। দীর্ঘদিন রাজপথে থেকেছি দলের গণতান্ত্রিক ও বহুদলীয় আদর্শ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।”

তিনি বলেন, “দলীয় নেতৃত্বের ভালোবাসা ও আস্থার কারণে বিভিন্ন সময়ে সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। সর্বশেষ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য সম্মানের বিষয়। কিন্তু বর্তমান পারিবারিক ও ব্যক্তিগত বাস্তবতার কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব শতভাগ সময় ও মনোযোগ দিয়ে পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

নিজের রাজনৈতিক পথচলায় সহযোগিতার জন্য দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে আলাউদ্দিন শেখ সুমন বলেন, “রাজনীতি আমার কাছে কখনো ব্যক্তিগত লাভ বা পদ-পদবির বিষয় ছিল না। দায়িত্বে না থাকলেও মানুষের কল্যাণে কাজ করা যায়। পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে আবারও সংগঠনের জন্য কাজ করার সুযোগ তৈরি হলে নিজেকে সম্পৃক্ত করতে প্রস্তুত থাকব।”

পদত্যাগের মধ্য দিয়েও দলীয় আদর্শের প্রতি শ্রদ্ধা এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই ছাত্রনেতা।

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ২নং জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক রুহুল আমিন শিপন। তিনি একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রুহুল আমিন শিপন জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শুনু মিয়া মাস্টার। স্থানীয়ভাবে অনেকে তাকে আব্দুল কাইয়ুম নামেও চেনেন। তার চাচা ছিলেন শিক্ষক মরহুম আব্দুর রউফ।

রুহুল আমিন শিপন বলেন, ছোটবেলা থেকেই জয়কলস ইউনিয়নের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনকল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য।

তিনি বলেন, “ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি এলাকার চিত্র বদলে দেওয়া সম্ভব।”

তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সুযোগ-সুবিধার সঠিক বাস্তবায়নের কথাও জানান তিনি।

নিজের প্রবাসজীবনের কথা তুলে ধরে রুহুল আমিন শিপন বলেন, “দীর্ঘদিন আমি প্রবাসে কাটিয়েছি। আমেরিকায় বসবাস করলেও আমার মন সবসময় পড়ে থাকত জন্মভূমি ও জয়কলস ইউনিয়নের মানুষের কাছে। অতীতে আমার পরিবার ও আমি আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়েছি।”

তিনি আরও বলেন, “মানুষের ভালোবাসা ও টানেই আমি দেশে ফিরে এসেছি। আমার ফিরে আসার মূল উদ্দেশ্য নিজের এলাকার মানুষের পাশে থাকা এবং মানুষের সেবা করা। আমি মনে করি, জনপ্রতিনিধিত্ব শুধু একটি পদ নয়; এটি মানুষের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার।”

রুহুল আমিন শিপন জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন সময়ে রাস্তাঘাট মেরামত এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সামর্থ্য অনুযায়ী সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে জয়কলস ইউনিয়নের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সরকারি সুযোগ-সুবিধার সঠিক বাস্তবায়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই—ইনশাআল্লাহ, সবসময় আপনাদের পাশে থাকব। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে একটি স্বচ্ছ, সুন্দর, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত জয়কলস ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।”

সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় জয়কলস ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ, সুশাসিত ও মানবিক ইউনিয়নে পরিণত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল আমিন শিপন।

মোহাম্মদ সবুর শেখ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

খুলনার ফুলতলা বাজারে পচা মাংস বিক্রি এবং ফ্রিজে সংরক্ষিত মাংসের সঙ্গে তাজা গরুর রক্ত মিশিয়ে লাল করার অভিযোগে আনিস মোল্লা নামে এক মাংস ব্যবসায়ীকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফুলতলা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযানের সময় জব্দ করা মাংসের গুণগত মান পরীক্ষা করেন ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোল্লা পরাগ ইমাম। এ সময় ফুলতলা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য নিরাপত্তা, মাংস সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মতভাবে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সেক্রেটারি এনামুল হোসেন পারভেজ ভূঁইয়া, সংগঠনের অন্যান্য কর্মকর্তা, বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

অভিযানসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, আনিস মোল্লার বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগে ব্যবস্থা নেওয়া ও জরিমানার তথ্য রয়েছে। এরপর আবারও একই ধরনের অভিযোগে অভিযান ও দণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা জানান, বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানান তারা।

তবে অভিযুক্ত আনিস মোল্লার বক্তব্য এ প্রতিবেদনের সময় পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে শুকুরের হাট বাজারে মো. আল-আমিনের মালিকানাধীন একটি গোডাউনের ভেতরে মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন তথ্য পায় মিঠাপুকুর থানা পুলিশ। পরে তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের দাবি, অভিযানের সময় উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আল-আমিন (৩৫), পিতা মো. তোফাজ্জল হোসেন, পূর্ব গেনারপাড়া, মিঠাপুকুর; ওয়াদুদ সরকার (৩০), পিতা মৃত আব্দুল জলিল, পূর্ব গেনারপাড়া, মিঠাপুকুর; তহসিন মিয়া (৩৭), পিতা জমশেদ আলী, কাশিমপুর পোড়াচাকলা, মিঠাপুকুর; এবং রফিকুল ইসলাম (২৯), পিতা মো. ফজলুল হক, কাশিমপুর পোড়াচাকলা, মিঠাপুকুর।

মিঠাপুকুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বন্দরের আয় বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিবিএ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা এতে অংশ নেন।

সাক্ষাৎকালে বন্দরের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন এবং যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়গুলো সিবিএ নেতারা চেয়ারম্যানের কাছে তুলে ধরেন।

বন্দর কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো নিয়মতান্ত্রিকভাবে পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

এ সময় চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের কৌশলগত গুরুত্ব রয়েছে। বন্দরের সক্ষমতা ও আয় বাড়াতে কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজস্ব আহরণ বৃদ্ধি, অপচয় রোধ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন এবং এ ক্ষেত্রে নবনির্বাচিত সিবিএ নেতাদের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বন্দরের সদস্য (হারবার ও মেরিন), পরিচালক (প্রশাসন), প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স), পরিচালক (বোর্ড), ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক, উপপরিচালক (জনসংযোগ)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচন-পরবর্তী এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি বন্দরের আয় বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নে সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

সাজেদুর রহমান, রংপুর প্রতিনিধি:

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল র‍্যালি ও গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মিঠাপুকুর উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতে ইসলামী, যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান ফকিরের নেতৃত্বে র‍্যালিতে জামায়াত নেতা হারুন অর রশিদ, আব্দুল কাদের, আব্দুল আখের, সাফায়াত হোসেন, নাজমুল হক ও নুরুল হুদা আশরাফীসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, লংমার্চ কর্মসূচি সফল করতে মিঠাপুকুরে গণসংযোগ ও প্রচারণা চালানো হচ্ছে। তারা আগামীকালের কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানান।

র‍্যালিটি মিঠাপুকুর মডেল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।

আয়োজকদের দাবি, র‍্যালিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।