October 28, 2026

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোগা গ্রামের মায়ার বাজার এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভোগা গ্রাম ও আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম আরিফ উপস্থিতদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সঙ্গে সমন্বয় করে রামানন্দ খাজুরা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

আরিফুল ইসলাম আরিফ জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির কাছে তিনি মনোনয়ন প্রত্যাশা করবেন। দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা, ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন

বেনাপোল প্রতিনিধি : মনির হোসেন

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে এর প্রভাব পড়তে শুরু করেছে। গন্তব্যভেদে পণ্যবাহী ট্রাকের ভাড়া ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে ব্যবসায়ীরা বাড়তি পরিবহন ব্যয়ের মুখে পড়েছেন। একই সঙ্গে ট্রাক সংকট দেখা দেওয়ায় অনেক আমদানিকারক সময়মতো পণ্য খালাস ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে পারছেন না। পরিবহন ব্যয় বাড়ায় নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। নতুন দাম রোববার রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বেনাপোল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছেন ট্রাক মালিকরা। খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে একটি ট্রাকের ভাড়া ছিল ২০ থেকে ২১ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে ২৫ থেকে ২৬ হাজার টাকা হয়েছে। চট্টগ্রাম রুটে আগে ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া নেওয়া হলেও এখন ৩৫ থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ রুটেও ভাড়া প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা বেড়েছে।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমদানিকারক ও সিএন্ডএফ ব্যবসায়ীরা। অনেক প্রতিষ্ঠানের সঙ্গে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আগে থেকেই বার্ষিক চুক্তি থাকায় হঠাৎ করে ভাড়া বাড়ানোর কারণে অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে তাদের। কেউ কেউ লোকসান দিয়েও পণ্য পরিবহন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্রাকচালক নাজমুল ইসলাম বলেন, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে একটি ট্রিপে প্রায় ১৫০ লিটার জ্বালানি তেল প্রয়োজন হয়। প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ায় শুধু জ্বালানি খরচই কয়েক হাজার টাকা বেড়েছে। এর সঙ্গে ফেরি ভাড়া, সেতুর টোলসহ অন্যান্য ব্যয় রয়েছে। এসব কারণে প্রতি ট্রিপে বাড়তি ভাড়া নিতে হচ্ছে।

অপর চালক সাদ্দাম হোসেন বলেন, তিনি কেমিক্যাল নিয়ে ভালুকার উদ্দেশে যাচ্ছেন। আগের তুলনায় প্রায় চার হাজার টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকরা জানান, বন্দরে দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার শ্রমিক প্রতিদিন পণ্য ওঠানো-নামানোর কাজে যুক্ত। ট্রাক সংকট ও ভাড়া বৃদ্ধির কারণে আমদানি করা অনেক পণ্য সময়মতো খালাস হচ্ছে না। আগে প্রতিদিন যেখানে ৪০০ থেকে ৬০০ ট্রাক পণ্য লোড-আনলোড হতো, বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিকদের কর্মসংস্থানেও প্রভাব পড়তে পারে বলে তারা জানান।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, ফেরি ভাড়া ও টোলসহ বিভিন্ন ব্যয় বাড়ায় দেশের বিভিন্ন রুটে পণ্য পরিবহনের ভাড়া বেড়েছে। এর পাশাপাশি ঢাকা থেকে ফেরার পথে অনেক সময় ট্রাকের জন্য পর্যাপ্ত পণ্য পাওয়া যায় না। ফলে ট্রাক মালিকদের একমুখী পরিবহনের খরচও পুষিয়ে নিতে হচ্ছে। এতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংকট তৈরি হয়েছে।

তিনি জানান, প্রতিদিন বেনাপোল বন্দর থেকে দুই শতাধিক কাভার্ড ভ্যানসহ প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন গন্তব্যে যায়। বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি ও ট্রাক সংকটের কারণে স্বাভাবিক পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মতিয়ার রহমান বলেন, বেনাপোল দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রাক মালিকরা গন্তব্যভেদে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন। এতে ব্যবসায়ীদের পরিবহন খরচ বেড়েছে। অতিরিক্ত খরচের প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে পড়তে পারে বলে তিনি জানান।

বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ট্রাক সংকটের কারণে পণ্য পরিবহনের খরচ অনেক বেড়েছে। বিশেষ করে কাঁচা ও পচনশীল পণ্য দ্রুত খালাস করে গন্তব্যে পাঠাতে না পারলে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। বাধ্য হয়ে অনেক ব্যবসায়ী অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্য পরিবহন করছেন।

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহন খরচও বেড়েছে। এর প্রভাব বিভিন্ন পণ্যের দামের ওপর পড়তে পারে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের বাড়তি দামে পণ্য কিনতে হতে পারে।

ব্যবসায়ীদের মতে, বেনাপোল বন্দরের পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে জ্বালানি ও পরিবহন খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম ও বাজারদরেও এর প্রভাব পড়তে পারে।

কক্সবাজার প্রতিনিধি : সাদ্দাম হোসেন সাজ্জাদ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ওই কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফের ক্যাম্প-২৫ আলিখালীর ডি-১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ক্যাম্প-২৫-এর সিআইসি কার্যালয় থেকে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে আলিখালী এপিবিএন ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে বিয়ের আয়োজন থেকে ১৪ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় সফিকুর রহমান (১৯) ও নুরুল আমিন (২৮) নামে দুজনকে আটক করা হয়।

আটক সফিকুর রহমান ক্যাম্প-২৫ আলিখালীর ডি-১৫ ব্লকের বাসিন্দা এবং নুরুল আমিন ক্যাম্প-১৭ বালুখালীর ৮১ নম্বর ব্লকের বাসিন্দা।

পরে আটক দুজনকে ক্যাম্প-২৫ আলিখালীর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহারিয়ার বিন মান্নানের কাছে উপস্থাপন করা হয়। তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে সফিকুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং নুরুল আমিনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

১৬ এপিবিএন সূত্র জানায়, ক্যাম্প এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাল্যবিবাহের আয়োজন বা এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে গড়ে উঠছে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহারের মাধ্যমে কাঁচামাল উৎপাদনের পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ধরনের ব্যাটারি উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ধাপে ধাপে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শিল্পপ্রতিষ্ঠানটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে কর্মসংস্থানের প্রত্যাশা তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যাটারি রিসাইক্লিংয়ের সঙ্গে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরা খাতুন বলেন, স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়া কারখানাটি গড়ে তোলা সম্ভব হতো না। তাঁদের সহযোগিতা ও দোয়ায় একদিন এখানে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে তিনি আশা করেন।
তাঁর ভাষ্য, শিল্পপ্রতিষ্ঠানকে ঘিরে খাগড়াবাড়িয়া ও আশপাশের এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। ভবিষ্যতে খাগড়াবাড়িয়া একটি শিল্পকেন্দ্র হিসেবে পরিচিতি পেতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ব্যাটারি রিসাইক্লিংয়ের কার্যক্রম
এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয় বলেন, কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, “দক্ষ কর্মী কখনো বেকার থাকে না।”
প্রতিষ্ঠানের পরিচালক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) শেখ নাজমুল হক সৈকত বলেন, বর্তমানে পুরোনো ব্যাটারি রিসাইক্লিংয়ের মাধ্যমে নতুন ব্যাটারি তৈরির কাঁচামাল উৎপাদন করা হচ্ছে। ভবিষ্যতে বিভিন্ন ধরনের ব্যাটারি উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
তাঁর দাবি, চীনের বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন এবং চীনের প্রকৌশলীরা সেখানে কাজ করছেন। ভারত ও নেপালের ব্যবসায়ীরাও যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি জানান।
পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য
ব্যাটারি রিসাইক্লিং শিল্পের ক্ষেত্রে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়। এমএস মেটাল কর্তৃপক্ষের দাবি, কারখানা স্থাপনের সময় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, পুরোনো ব্যাটারির অংশ গলানোর প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত ব্যবস্থায় করা হয়। গলিত বর্জ্য যাতে কারখানার বাইরে যেতে না পারে, সে জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কারখানায় এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট (এটিপি) এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করা হয়েছে। তাদের দাবি, ব্যবহৃত পানি পরিশোধন করে পুনরায় ব্যবহার করা হয় এবং ‘জিরো ডিসচার্জ’ ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে।
ধোঁয়া নিয়ন্ত্রণে স্ক্রাবার ও ফিউম এক্সট্রাকশন ব্যবস্থার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পরিশোধন প্রক্রিয়ায় সংগৃহীত ডাস্ট নির্দিষ্ট ব্যবস্থায় সংগ্রহ ও সংরক্ষণ করা হয় বলে কর্তৃপক্ষের দাবি।
এ ছাড়া স্ক্র্যাপ প্লাস্টিক পুনর্ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেফটি ট্যাংক ও সোকওয়েল এবং শ্রমিকদের জন্য আলাদা টয়লেট ও বাথরুমের ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে।

কর্মসংস্থান নিয়ে প্রত্যাশা
প্রতিষ্ঠানটির ৫ হাজার মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় শ্রমবাজারে এর প্রভাব পড়তে পারে। সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি পরিবহন, খাবার, আবাসনসহ বিভিন্ন সেবা খাতেও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে কত সময়ের মধ্যে এই কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়িত হবে, তা নির্ভর করবে প্রতিষ্ঠানটির উৎপাদন ও সম্প্রসারণ কার্যক্রমের ওপর।
এমএস মেটাল কর্তৃপক্ষের পরিকল্পনা বাস্তবায়িত হলে খাগড়াবাড়িয়ায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি শিল্পকারখানার সম্প্রসারণের সঙ্গে পরিবেশগত নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪১(একচল্লিশ) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতারকৃত ০৫জন আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়।

আজ ২১ সেপ্টেম্বর সোমবার রাতে জেলার নান্দাইল মডেল থানাধীন মুশল্লী ডিগ্রী কলেজের দক্ষিণ পার্শ্বে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য সহ সর্বমোট ৪১ কেজি গাঁজা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তির পরিচয়ঃ
১। মোঃ সোহেল মিয়া (৩৫), পিতা- মৃত আবুল কালাম, সাং- পশ্চিম ডুলনা, ওয়ার্ড নং- ০৮, ইউপি- ১নং গাজীপুর।

২। সমিরন সাধু (২৭), পিতা- কমল সাধু, মাতা-মৃত অলকা সাধু, সাং- আড়ংবিল(নালুয়া চা বাগান), ওয়ার্ড নং- ০২, ইউপি- আমোদাবাদ।

৩। অংকন ভৌমিক (২৬), পিতা- পজল ভৌমিক, সাং- পূর্বটিলা(নালুয়া চা বাগান), ইউপি- আমোদাবাদ।

৪। আরজু মিয়া (৩৫), পিতা- মৃত জিন্নাত আলী, মাতা-সাং- হাপটা হাওড়, ওয়ার্ড নং- ০৮, ইউপি- ১নং গাজীপুর।

৫। মোঃ মনির মিয়া (৩২), পিতা- মৃত কুদ্দুস মিয়া, , সাং- হাপটা হাওড়, ওয়ার্ড নং- ০৮, ইউপি- ১নং গাজীপুর, সর্বথানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

উল্লিখিত আসামীদের বিরুদ্ধে জেলার নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের ও অভিযানের স্থিরচিত্র ধারণ করা হয়েছে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা নদীতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তাটি তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে সীমান্ত ও উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় ছেলের হাতে মা ও ৮ মাস বয়সি ভাতিজিকে কুপিয় হত্যার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে এলে বড় ভাবি রাবেয়া বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত ভাবিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠায়।
নিহতরা হলেনÑ বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) এবং তার ৮ মাস বয়সি নাতনি। নাতনির নাম এখনো জানা যায়নি।
সোমবার সকাল সাড়ে ৮টায় দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
স্থানীয় বাসিন্দা শামীম আহসান বলেন, ‘সকালে চিৎকার শুনে ঘরে গিয়ে আমরা দেখি ঘরের মেঝেতে মা পেয়ারা বেগম ও খাটের ওপর ৮ মাস বয়সি নাতনির লাশ পড়ে আছে। এলাকাবাসী ঘাতক ঈমনকে ঘরে তালাবদ্ধ করে রাখে, পরে পুলিশ তাকে আটক করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখন কিছুই বলতে পারছি না ।’
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, আমি নিজেও সেখানে যাচ্ছি। শুনেছি ছেলেটা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে বলতে পারব।’
দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন আমার দেশকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে, আমিও যাচ্ছি। দুজন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাইফুল ইসলাম ,
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানী রেলস্টেশনের একটি বিশ্রামাগার থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০টার দিকে পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে কলহ সৃষ্টি হলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান মনির। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

সোমবার ভোররাতে রেলস্টেশনে কর্মরত রেল কর্মচারীরা সাবেক আর্মি ক্যাম্পের সামনের বিশ্রামাগারটির ছাউনির সাথে মনিরের মরদেহ ঝুলতে দেখেন। তারা সাথে সাথে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাসান আলী সোহেল,নাটোর প্র

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র (৫০) নামে এক অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে নাটোরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সচালক স্বপন চন্দ্র ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।

নিহত স্বপন চন্দ্র বগুড়া জেলার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধনের ছেলে।

পবা হাইওয়ে থানার এএসআই হায়দার আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ১০ পিস ট্যাপেনটাডলসহ ওমর ফারুক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেনটাডল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক ধামইরহাট উপজেলার বৈদ্যবাটী গ্রামের হেলাল হোসেনের ছেলে।

পুলিশের দাবি, উদ্ধার করা মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।