নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি ওজনের একটি জীবন্ত গাঁজার গাছসহ তোফাজ্জল হোসেন পিচ্চি (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তোফাজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কেজি ওজনের একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তোফাজ্জল হোসেনকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গোপনে গাঁজা চাষ ও বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩ নম্বর অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক মো. সুমন মিয়া। নির্বাচিত হলে সুশাসন, স্বচ্ছতা ও সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
লালটেক গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান সুমন মিয়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কথা জানিয়ে বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনকে ভিত্তি করেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইউনিয়নবাসীর উদ্দেশে সুমন মিয়া বলেন, “কোনো দলীয় মনোনয়ন বা প্রতীকের বৃত্তে আমি নিজেকে বন্দি রাখতে চাই না। ৩ নম্বর অলংকারী ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই হবে আমার প্রধান শক্তি। আমি শাসক হতে আসিনি, সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর ইউনিয়নের আয়-ব্যয়, সরকারি অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হিসাব জনসম্মুখে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।
ওয়ার্ডভিত্তিক উন্নয়ন বৈষম্য কমাতে ৯টি ওয়ার্ডের প্রাপ্য সরকারি বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তার পরিকল্পনায় রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা, ড্রেনেজ অবকাঠামো, সুপেয় পানির ব্যবস্থা এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা।
সুমন মিয়া আরও বলেন, ইউনিয়নের যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ইউনিয়নের ক্রীড়া ও যুব উন্নয়নে নতুন গতি আনার লক্ষ্য রয়েছে তার।
এদিকে, নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর স্থানীয়ভাবে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান তার সমর্থকেরা। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটের ফলাফল নির্ধারণ করবেন ইউনিয়নের ভোটাররা।
নিজের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে ৩ নম্বর অলংকারী ইউনিয়নের সর্বস্তরের মানুষের পরামর্শ, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মো. সুমন মিয়া।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা সোহানুর রহমান সিহাবের এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছতর গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ এলাকার প্রায় দুই শতাধিক নারী পুরুষ ভোটার অংশ নেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সিহাব বলেন, আমি আপনাদেরই সন্তান এবং বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। দীর্ঘদিন ধরে দল ও জনগণের পাশে থেকে মাঠে কাজ করে যাচ্ছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা নির্যাতন-পীড়ন সহ্য করতে হলেও কখনো বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হইনি।
আসন্ন নির্বাচনের বিষয়ে নিজের প্রত্যয় ব্যক্ত করে নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের এই সদস্য আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি ইটালী ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। আমি দলের কাছে ধানের শীষের সমর্থন ও মনোনয়ন চাইব। দল যদি আমাকে মনোনীত করে, তবে জনগণের ভোটের মাধ্যমে জয়ী হয়ে ইটালীবাসীর সুখে-দুঃখে একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই।এ সময় তিনি স্থানীয় ভোটারদের কাছ থেকে দোয়া ও সমর্থন কামনা করেন। এর আগে সোহানুর রহমান সিহাব ইটালী ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আইয়ুব আলী খালাসি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাশুড়িয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সরকারি বিধি অনুযায়ী তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে পারিবারিকভাবে তাঁর মরদেহ দাফন করা হয়।
রাষ্ট্রীয় সম্মান প্রদানের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। এ সময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
গার্ড অব অনারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খালাসিকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানানো হয়।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর।
আইয়ুব আলী খালাসি দীর্ঘ সময় বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি নিজ এলাকায় বসবাস করছিলেন।
তাঁর শেষ বিদায়ের সময় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গাজীপুর কাশিমপুর মেট্রোপলিটন থানা এলাকা থেকে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এবং মাদক সংক্রান্ত পৃথক মামলায় গ্রেপ্তারকৃত মোট ১৩ জন আসামিকে বেলা ৩:০০ টার দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। প্রাপ্ত তথ্য ও মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, ঝালমুড়িতে ঝালের পরিমাণ নিয়ে জখম ও হত্যার ঘটনা ঘটে। গত ২৩ সেপ্টেম্বর রাতে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকা সংলগ্ন স্থানে ২০ টাকার ঝালমুড়িতে ঝালের পরিমাণ নিয়ে বাগবিতণ্ডার জেরে ঝালমুড়ি বিক্রেতা মোঃ আতাউর রহমান (৪২) ধারালো ছুরি দিয়ে গাজী রাফেজ আহম্মেদ নামের এক যুবককে গুরুতর আঘাত করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত আতাউর রহমানকে ধারালো ছুরি সহ আটক করে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
ধর্ষণ ও সহায়তার অভিযোগ: সারদাগঞ্জ ডিবিএল গেইট এলাকার এক গার্মেন্টস কর্মীকে ভুল বুঝিয়ে রুমে নিয়ে আটক রাখা ও জোড়পূর্বক ধর্ষণের অভিযোগে এবং সহায়তাকারী বাবলু হোসেনের বিরুদ্ধে মামলা হলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এছাড়া মাধবপুর এলাকায় প্রবেশ করে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আরেক মামলায় আসামি মোঃ ইমন মিঞাকে (২৫) গ্রেপ্তার করা হয়।
মাদক ও অন্যান্য অভিযান: কাশিমপুরের বারেন্ডা মোল্লা মার্কেট ও নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইন উদ্ধারসহ একাধিক মাদক ব্যবসায়ীকে এবং অনলাইন জুয়াড়ি আটক করা হয়। সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে পূর্বের বহু মাদক ও পেনাল কোডের মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটের মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর ও উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মোংলা পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে শেষ হয়।
পরে পৌর চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, গোপন ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা।
বিক্ষোভ মিছিলে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। একই সময় কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে কন্যাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নাভারণ ‘ক’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্র ও মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, আশানুর ও শহীদ আলীর নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল গাইনপাড়ায় হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
আহতরা হলেন— শরিফুল ইসলাম বকুল (৩০), শাহ আলম গাইন (৫০), আব্দুল্লাহ গাইন (২০), আকাশ হোসেন (১৪), মিটু গাইন (৩০) ও শাকিল গাইন (১৫)। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ছাড়া বাবু গাইন, ইয়ানুর গাইন ও আনারুল গাইনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কন্যাদাহ গ্রামের হাসানুজ্জামান হাসান গাইন বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করেছেন।
বাদী হাসানুজ্জামান হাসান গাইন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশানুর ও শহীদ আলীর নেতৃত্বে একটি দল গাইনপাড়ায় হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে ছয়জন আহত হন এবং কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন।
তবে ঘটনার পরপরই কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
নাভারণ ‘ক’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জ জেলা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষি বিপণন অধিদপ্তর খুলনার আয়োজনে গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে কৃষক ও ব্যাবসায়ীদের উদ্যোক্তা প্রশিক্ষণ হয়।কৃষি পণ্য সংরক্ষণ, সংগ্রহ ও বাজারজাত করাণের উপর কৃষক, ব্যাবসায়ী ও উদ্যোক্তা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মফিদুল ইসলাম , আর শক্ত বিভাগীয় উপ পরিচালক ( যুগ্মসচিব ), কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা বিভাগ ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন আব্দুস সালাম তরফদার, সহকারী পরিচালক প্রশিক্ষণ (দায়িত্বপ্রাপ্ত) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কৃষি বিপণন অধিদপ্তর খুলনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপিণন কর্মকর্তা জনাব মোঃ আরিফ হোসেন। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন কৃষক ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আয়োজকদের প্রত্যাশা এইসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী তরুণ যুবক , কৃষক, নারী নাগরিক সমাজ, গণমাধ্যম ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত আরো জোরদার হবে। বর্তমান সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আমরা চাই কৃষি বিপণন বিভাগের সার্বিক সহযোগিতা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে!!!
কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. জিয়াউদ্দীন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের সার্বিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
সকাল ৯টা ৪৫ মিনিটে রাজাপালং ইউনিয়ন পরিষদে পৌঁছালে পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বিভাগীয় কমিশনারকে স্বাগত জানানো হয়। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের জন্য চলমান সেবাসমূহ সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জনগণ যাতে দ্রুত ও সহজে সরকারি সেবা পায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে তিনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা এনাম, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার উখিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
গোপালগঞ্জ জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। সে হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া জানান, সকালে কথা কাটাকাটির জেরে ওই গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭/৮ জনের একদল যুবক জোবায়ের ভূঁইয়ার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তাদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।