
সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে অর্কিড মাল্টিমিডিয়া স্কুলের উদ্যোগে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তিপ্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৬শে সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্কিড মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ উম্মে সালমা পূরবী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, শেফাউল ইসলাম সহকারী শিক্ষক মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়, হাফিজুর রহমান ফকির সভাপতি পেশাজীবী সংগঠন,১৪নং দুর্গাপুর ইউনিয়নের জামায়াতের আমির খন্দকার আব্দুস সালাম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভাপতির উদ্বোধনী বক্তব্যে স্কুলের অধ্যক্ষ উম্মে সালমা পূরবী বলেন, আমাদের শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। বিশেষ করে সামিয়ুন তামীম, শোয়াইব ও আরিশা জাবীন যেভাবে ডাবল ট্যালেন্টপুলে সাফল্য এনেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।আমাদের শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে যারা স্কুলের সুনাম বয়ে এনেছে, তাদের নিয়ে আমরা গর্বিত।
অনুষ্ঠানে জানানো হয়,চলতি বছর অর্কিড মাল্টিমিডিয়া স্কুল থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে অভাবনীয় সাফল্য অর্জন করে মোট ২২ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১২ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এই বৃত্তিগুলো সরকারি পর্যায় এবং রংপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন—উভয় মাধ্যম থেকে এসেছে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্কুলের ৩ জন অনন্য মেধাবী শিক্ষার্থী, যারা সরকারি এবং রংপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন—উভয় সেকশন থেকেই ডাবল ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার এক বিরল কৃতিত্ব দেখিয়েছে। এই ৩ জন কৃতী শিক্ষার্থী হলেন,মোঃ সামিয়ুন তামীম, মোঃ শোয়াইব ইসলাম এবং আরিশা জাবীন। অনুষ্ঠানে তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী এমপি বলেন, ৩০ জনের মধ্যে ২২ জনেরই বৃত্তি পাওয়া এবং একই সাথে ৩ জন শিক্ষার্থীর দুই বিভাগেই ট্যালেন্টপুলে স্থান পাওয়া অলৌকিক ও গৌরবময় সাফল্য। এই মেধাবীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর।আজকের ট্যালেন্টপুলে স্থান পাওয়া মেধারী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাদের এই মেধার স্বীকৃতি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, কেবল জিপিএ-৫ বা ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়াই জীবনের শেষ কথা নয়, আসল সফলতা লুকিয়ে আছে সৎ ও যোগ্য মানুষ হওয়ার মধ্যে। আজকের শিক্ষার্থীদের মেধার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে বলীয়ান হতে হবে।
আরেক বিশেষ অতিথি মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল বলেন,একটি আদর্শ সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। অর্কিড মাল্টিমিডিয়া স্কুল মিঠাপুকুরের সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ বৃত্তি এবং সম্মাননা স্মারক তুলে দেন।










