October 28, 2026

​

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করা অসহায় নারী নাছিমা আক্তারের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় গণমাধ্যম ‘খবর সংযোগ পত্রিকা’র সহযোগী প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইন।

চিকিৎসাসেবা অব্যাহত রাখতে (৮ অক্টোবর) বৃহস্পতিবার ‘খবর সংযোগ পত্রিকা’র সহযোগী প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইন পক্ষ থেকে তাদের হাতে নগদ ৫০ হাজার টাকা দেন মিডিয়া ফ্রন্টলাইনের সুপারভাইজার (রংপুর জোন) মিনহাজুল ইসলাম, ফিল্ড রিসার্চ অফিসার (এফআরও) নুরে হাসান সিদ্দিক ও খবর সংযোগ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি বুলবুল ইসলাম।

​জানা গেছে, নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তেলিয়ানী পাড়ায় দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন নাছিমা আক্তার । পরিবারের উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় এবং চিকিৎসার ব্যয়বহুল খরচ মেলাতে না পেরে তার পরিবার চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। বিষয়টি ‘খবর সংযোগ পত্রিকা’র সম্পাদকের দৃষ্টিগোচর হলে মানবিক সহায়তার অংশ হিসেবে পত্রিকাটির পক্ষ থেকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

​সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসুস্থ নাছিমা ও তার পরিবারের সদস্যরা। তারা ‘খবর সংযোগ পত্রিকা’-র সম্পাদক, প্রকাশকসহ পুরো কতৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের ক্যানসার আক্রান্ত নাছিমার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহী

মবকাণ্ডের পর স্থবির হয়ে পড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) দাফতরিক কার্যক্রম তালা ভেঙে সচল করেছেন ছাত্রদল ও যুবদলের নেতারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনের উপস্থিতিতে রামেবির কার্যালয়ের তালা ভেঙে কর্মকর্তাদের দফতরে প্রবেশের ব্যবস্থা করা হয়।

এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন শিবলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা উপাচার্যকে বাসা থেকে রামেবিতে নিয়ে আসেন।

তালা খোলার পর রামেবির কর্মকর্তারা নিজ নিজ দফতরে প্রবেশ করেন। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট কক্ষ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, মঙ্গলবার মবের ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে ‘আপামর ছাত্র-জনতা’ লেখা একটি ব্যানার দেখতে পান। তবে ওই ব্যানারে থাকা ব্যক্তিদের কেউ ছাত্রদল বা যুবদলের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে কোনো ধরনের মবতন্ত্র, দখলবাজি বা জোরজবরদস্তির সুযোগ নেই। বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। আইন মেনেই রামেবির কার্যক্রম স্বাভাবিক করতে তারা ভূমিকা রেখেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, বহিরাগত কেউ কক্ষটিতে তালা ঝুলিয়েছিল। তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে রামেবির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ অক্টোবর) রামেবির অস্থায়ী কার্যালয়ে উপাচার্যকে একটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর করানোর অভিযোগ ওঠে। উপাচার্যের ভাষ্য অনুযায়ী, তাকে কাগজটি পড়তে দেওয়া হয়নি এবং লাঞ্ছিত হওয়ার আশঙ্কায় তিনি তাতে স্বাক্ষর করতে বাধ্য হন। পরে তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ও ছবি বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলে পরিবারগুলোর সহায়তায় ভিজিএফের চাল বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। কর্মসূচির আওতায় উপজেলার ৩০০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে মোট সাড়ে সাত মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়নসহ টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতি জেলে পরিবার পাচ্ছেন ২৫ কেজি করে চাল।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের প্রজনন নিশ্চিতে গত ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে আগামী ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং নদীতে মাছ ধরা থেকে বিরত উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এ বিশেষ খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।
চাল বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলেদের নিষেধাজ্ঞার নিয়ম মেনে চলার জোর আহ্বান জানান। মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি বা মজুত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে ও বাইরে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি গেটের বাইরে গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিস্ফোরিত হয়।এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ৮ই অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান হবে। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গোপালগঞ্জের তিনটি আসনের সাংসদবৃন্দ। কোন একটি দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে এ অনুষ্ঠানের আগ মুহূর্তে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এমন ঘৃণিত সন্ত্রাসী মূলক কার্যক্রম চালিয়েছে। ককটেল হামলাকারীদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এই ছাত্রদল নেতা।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফে এপিবিএনের বিশেষ অভিযানে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও ‘কানকাটা ইসমাইল’ নামে পরিচিত ইসমাইলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন বক্কর মেম্বার রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল (৩৯) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। এপিবিএনের তথ্যমতে, তিনি টেকনাফ থানার তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০২১ ও ২০২২ সালে দায়ের করা মামলাগুলোর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

এ অভিযানে ইসমাইলের দুই সহযোগী এখলাছ মিয়া (২৮) ও ওসমান সরোয়ার (২৩)কেও গ্রেপ্তার করা হয়। এখলাছ মিয়ার বাড়ি উখিয়ার পালংখালীতে। তার বিরুদ্ধে উখিয়া থানায় মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। অন্যদিকে ওসমান সরোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

এপিবিএন সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন বক্কর মেম্বার রাস্তার মাথা এলাকায় ইসমাইল ও তার সহযোগীদের অবস্থানের খবর পাওয়া যায়। পরে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় একটি মোটরসাইকেল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার তিনজনকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):

চট্টগ্রাম জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অরুণ পালিত (বাসু), সহ-সভাপতি দীপক তালুকদার এবং সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।

জানা গেছে, ২০২৬ সালে রাউজান উপজেলায় মোট ২৩৩ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় রাউজান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা চলাকালে সম্ভাব্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।

এছাড়া পূজামণ্ডপ পরিচালনা কমিটি, পূজা উদযাপন পরিষদ, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

দীর্ঘ ১৬ বছর পর আগামী ১৫ নভেম্বর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত সোমবার (৫ অক্টোবর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এদিন উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে সাইদুর বস্ত্রালয়ের মালিক মনিরুল ইসলাম মনি, ব্যবসায়ী রফিকুল ইসলাম, আব্দুর রহমান এবং মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবুসহ ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সহ-সভাপতি ২ টি পদের বিপরীতে জামাল উদ্দিন, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ আবু তাহের, শেখ আসাদুজ্জামানসহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম টোকন, রফিকুজ্জামান, রুমি ,সেলিনা খাতুন, আমিনুর রহমান মুন্না সহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিদ্দিকুল ইসলাম, শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে শের আলী, মনিরুজ্জামান খান, শেখ সিরাজুল ইসলাম, কোষাধাক্ষ পদে রজব আলী এবং মাহমুদুল্লাহ, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন, মনিরুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক পদে শেখ সাইফুল ইসলাম, শেখ লুৎফর রহমান এবং নির্বাহী সদস্য ৪ টি পদে শেখ হাফিজুল ইসলাম ,রাজু হোসেন, আবুল হোসেন, নুরুজ্জামান খান, আরাফাত হোসেন সহ ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, সদস্য জহরুল হক হুদা, শেখ শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিউজ ডেস্ক:

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। ম্যাচটি আয়োজনের পেছনে আর্থিক উদ্দেশ্য রয়েছে—এমন আশঙ্কা থেকেই শুরুতে এই ম্যাচে খেলতে আগ্রহী ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা।

বুধবার ভোরে বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন মেসি। এটিই জাতীয় দলের হয়ে তার ২০৮তম ও শেষ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ম্যাচের মধ্য দিয়েই আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হতে রাজি হয়েছে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৯৩ নম্বরে থাকা বেনিন। তবে ম্যাচটি আয়োজনের বিষয়ে মেসি ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি—দুজনেরই শুরুতে কিছুটা আপত্তি ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ট জানিয়েছে, বিদায়ী ম্যাচটির আর্থিক উদ্দেশ্য নিয়ে মেসির আপত্তি ছিল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির মনে হয়েছিল—আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার জনপ্রিয়তা ও নাম ব্যবহার করে আরও একবার বিপুল অর্থ উপার্জনের চেষ্টা করছে।

প্রতিবেদন অনুযায়ী, মেসি শুরুতে বিদায়ী ম্যাচের ধারণা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। তার আশঙ্কা ছিল, তার বিদায়কে কেন্দ্র করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে।

তবে শেষ পর্যন্ত ম্যাচটি খেলতে সম্মতি দেন মেসি। আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ঘরের মাঠে কয়েকটি প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

গাজেত্তার দাবি, এএফএ এমন প্রতিপক্ষ খুঁজে বের করতে কলম্বিয়ার একটি এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল, যারা ম্যাচ খেলার জন্য কোনো পারিশ্রমিক দাবি করবে না।

বেনিনও মেসির বিদায়ী ম্যাচে খেলতে সম্মতি দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, মেসির মতো একজন কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের অংশ হতে পারাটাকেই তারা বিশেষ সুযোগ হিসেবে দেখেছে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে অনন্য মেসি

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যানেও তিনি অনন্য। ২০৮ ম্যাচ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ২০০-এর বেশি ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় তিনি অন্যতম।

জাতীয় দলের হয়ে মেসি বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে তার নেতৃত্বেই আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয় করে।

আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা ১২৫, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার চেয়ে তার গোল ৬৯টি বেশি।

জাতীয় দলের হয়ে মেসির ম্যাচ সংখ্যাও অনন্য। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন জাভিয়ের মাসচেরানো। তার চেয়ে মেসি ৬১টি বেশি ম্যাচ খেলেছেন।

মেসির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদরিচও দীর্ঘ ক্যারিয়ারে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মদরিচ ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ সংখ্যায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও তৈরি করেছেন।

আবেগঘন বিদায়

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তকে বেদনাদায়ক বলেছিলেন মেসি। তার ভাষায়, আর্জেন্টিনাকে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না।

অবসরের সিদ্ধান্তের সময় মেসি বলেছিলেন, তিনি সবসময় আর্জেন্টিনার জার্সির জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন। শুধু সাম্প্রতিক সময়ে শিরোপা জয়ের সময় নয়, তার আগেও জাতীয় দলের হয়ে তিনি সর্বস্ব দিয়ে লড়াই করেছেন।

মেসির কথায়, দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করানোই ছিল তার অন্যতম লক্ষ্য।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অসংখ্য ব্যক্তিগত অর্জনের পর মেসির বিদায়ী ম্যাচ তাই শুধু একটি ফুটবল ম্যাচ নয়; এটি আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের একটি স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি হিসেবেও দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক:

শখের বশে ‘আনসিন বাংলাদেশ’ নামে পর্যটন ও ট্রাভেল ম্যাপ ওয়েবসাইট তৈরি করে দেশজুড়ে সাড়া ফেলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী সাব্বির হোসেন রবিন।

ব্যতিক্রমী এই ওয়েবসাইটে বাংলাদেশের ৬৪টি জেলার একটি ইন্টার‌অ্যাকটিভ ম্যাপ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ভ্রমণ করা জেলাগুলো সহজেই নির্বাচন করে জানতে পারছেন—তারা দেশের মোট কতটি জেলা ভ্রমণ করেছেন।

ওয়েবসাইটে কোনো জেলা নির্বাচন করার পর ব্যবহারকারীর ভ্রমণ করা জেলাগুলোর ভিত্তিতে তৈরি হচ্ছে একটি সুন্দর কাস্টমাইজড ভিজ্যুয়াল। সেটি সহজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাচ্ছে। ফলে ভ্রমণপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন ধরনের আগ্রহ ও উৎসাহ।

দেশের আটটি বিভাগের অধীনে থাকা ৬৪টি জেলাকে অত্যন্ত সহজ ও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে ওয়েবসাইটটিতে। ফলে যে কেউ নিজের ভ্রমণ করা জেলাগুলো চিহ্নিত করার পাশাপাশি অন্যদের সঙ্গে নিজের ভ্রমণের অভিজ্ঞতাও শেয়ার করতে পারছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলের সাবেক শিক্ষার্থী সাব্বির হোসেন রবিনের এই উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই নিজেদের ভ্রমণ করা জেলার ম্যাপ তৈরি করে তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

ভ্রমণপ্রেমীদের কাছে বাংলাদেশের অজানা ও আকর্ষণীয় স্থানগুলোকে তুলে ধরা এবং দেশের পর্যটনকে আরও জনপ্রিয় করার ক্ষেত্রে ‘আনসিন বাংলাদেশ’ নতুন একটি সম্ভাবনার দ্বার খুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শখ থেকে শুরু করা এই উদ্যোগ কীভাবে দেশের ভ্রমণপ্রেমীদের মধ্যে নতুন এক শেয়ারিং ট্রেন্ড তৈরি করেছে, সেটিই এখন ‘আনসিন বাংলাদেশ’-এর সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

রিমন হোসেন, সৌদি আরব

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হা’মলায় মো. সজিব নামে ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নি’হত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দেশটিতে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। সৌদি আরবের রিয়াদ দুতাবাসের ভেরিফাই পেইজে এক বিজ্ঞপ্তিতে সজিবের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

নি’হত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় কয়েক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে জুবাইল শহরে কর্মরত ছিলেন তিনি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, রোববারের ক্ষেপণাস্ত্র হামলার সময় সজিব ঘটনাস্থলে ছিলেন এবং সেখানেই প্রা’ণ হারান।