গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার সাংবাদিক বাদল “দৈনিক প্রিয় দেশ প্রতিদিন, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি আজ রবিবার বিকালে মটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তাহার হাত ভেঙে যায়, পরে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর রিফাট করেছেন। আগামীকাল সকালে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হবে। সাংবাদিক বাদল সকলের কাছে দোয়ার আহ্বান জানান।
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য, চুরি মামলার এক আসামি, মারামারি মামলার এক আসামি ও পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) দাউদকান্দি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় পুলিশের পৃথক দল অভিযানগুলো চালায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-দাউদকান্দির চরচারিপাড়া এলাকার সাফায়েত মিয়ার ছেলে আল আমিন (৪৩), উত্তর নছরুদ্দিন প্রধান বাড়ির মোহাম্মদ মজিবুর রহমান প্রধানের ছেলে মোহাম্মদ রানা (৪৫), মারুকা ইউনিয়নের কাটারাপাড়া জারু মিয়া প্রধান বাড়ির মৃত আলী আহাম্মদের ছেলে মো. রিপন মিয়া (৩৮), তুজারভাঙ্গা পূর্বপাড়ার হাজী মো. দাদন মিয়ার ছেলে সাইদ হাসান বাবু (৩৮) এবং একই এলাকার খোকন মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন ওরফে হিমেল (২৩)।
পুলিশের তথ্য অনুযায়ী, আল আমিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে, মোহাম্মদ রানা চুরি মামলার আসামি হিসেবে এবং মো. রিপন মিয়া নিয়মিত মারামারি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। অপর দুইজন সাইদ হাসান বাবু ও ইব্রাহিম হোসেন ওরফে হিমেলকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচজনকে পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের ছুরি আঘাতে আয়েশা বেগম(৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার( ৩ অক্টোবর)২০২৬ সন্ধ্যায় উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই এলাকার বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আয়েশা বেগমের সাথে তার সৎ ছেলে আশিকুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিকুর ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক আশিকুর রহমান পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- মহালয়া সামনে রেখে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি; বাঁশ-কাঠ-খড়-মাটির কাঠামো পেরিয়ে চলছে রং-তুলির অপেক্ষা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা সামনে রেখে উপকূলীয় যশোর জেলায় শার্শা উপজেলায় ও বেনাপোলে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত কাজ করছেন মৃৎশিল্পীরা। বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমার অবয়ব তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।
উপজেলার ছোট-বড় ৩২টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। উৎসব যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মণ্ডপ ও কারিগরদের ব্যস্ততা। প্রায় এক মাস আগে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ ধাপে। কোথাও মাটির প্রলেপ শুকানো হচ্ছে, কোথাও চলছে সূক্ষ্ম কারুকাজ। এরপরই শুরু হবে রং ও তুলির কাজ।
বেনাপোল পৌর ও উপজেলার ১১ টি ইউনিয়নে এবার ৩২ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর এলাকায় চারটি,১১ ইউনিয়নে ২৮ টি মণ্ডপ রয়েছে।
বিভিন্ন মণ্ডপ ও প্রতিমাশিল্পীদের কর্মশালা ঘুরে দেখা গেছে, প্রতিমার কাঠামো তৈরির পর মাটি দিয়ে অবয়ব ফুটিয়ে তোলা হচ্ছে। শিল্পীরা বলছেন, বৃষ্টির কারণে কখনো কখনো মাটি শুকাতে সমস্যা হলেও এখন রোদ ওঠায় কাজ দ্রুত এগিয়ে নেওয়া যাচ্ছে।
একজন প্রতিমাশিল্পী বলেন, বাঁশ, কাঠ, সুতলি ও এঁটেল মাটির দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। প্রায় ৪০ হাজার টাকা দামের একটি প্রতিমা তৈরিতেই ৩০ হাজার টাকার বেশি খরচ হয়ে যায়। ফলে আগের তুলনায় লাভ কমে গেছে।
মৃৎশিল্পীদের ব্যস্ততার পাশাপাশি পূজা উদ্যাপন কমিটিগুলোও মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তাসহ অন্যান্য প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। উপকূলীয় এই জনপদে দুর্গোৎসবকে ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাস বলেন, শারদীয়া দুর্গোৎসব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রতিমা তৈরি থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ভক্তদের অংশগ্রহণে এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলে আশা করেন তিনি।
এদিকে, আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয়া দুর্গোৎসবের আনুষ্ঠানিক আবহ। এরপর ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল পূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে।#
কটকা মোহনায় নোঙর করা ‘দি ওয়েভ-২’-এর কাছে ট্রলারে করে এগিয়ে আসছিল সশস্ত্র দল—বনরক্ষীদের চার রাউন্ড গুলিবর্ষণ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে ট্রলারে করে এগিয়ে আসা একটি সন্দেহভাজন বনদস্যু দলকে ধাওয়া করে চার রাউন্ড গুলি ছুড়েছে বনরক্ষীরা। গুলির মুখে ট্রলারের গতিপথ পরিবর্তন করে সাগরের দিকে পালিয়ে যায় তারা। এতে পর্যটকবাহী জাহাজটিতে ডাকাতির চেষ্টা পণ্ড হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
শনিবার রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় এ ঘটনা ঘটে। ওই সময় ‘দি ওয়েভ-২’সহ দুটি পর্যটকবাহী জাহাজ কটকা এলাকায় নোঙর করা ছিল।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান রাত ১১টার দিকে জানান, ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে অজ্ঞাতপরিচয় কয়েকজন ‘দি ওয়েভ-২’-এর দিকে এগিয়ে আসছিল। কটকার মোহনায় সাগরে অবস্থানরত জেলেরা বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে বনরক্ষীদের খবর দেন।
খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত একটি বোট নিয়ে ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা সরে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করা হয়। একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর ট্রলারটি ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে চলে যায় সন্দেহভাজনরা।
বর্তমানে কটকা এলাকায় ‘দি ওয়েভ-২’ ও ‘আরালসী’ নামে দুটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছে। ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম জানান, দুই জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের এগিয়ে আসার ঘটনা উদ্বেগজনক। তাঁর ভাষ্য, এর আগে পর্যটকবাহী জাহাজকে ঘিরে এমন ঘটনা ঘটেনি।
ডিএফও আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তাঁরা জেলেদের ধরে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। এ পরিস্থিতিতে বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাতের টহল আরও জোরদার করা প্রয়োজন।
পর্যটন মৌসুমে সুন্দরবনের বিভিন্ন এলাকায় পর্যটকবাহী জাহাজের চলাচল বাড়ে। এমন সময়ে কটকার মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই ঘটনা।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়নের শাহাপুর গ্রামে স্থানীয় সুধীজন ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাহাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, “কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। অবহেলিত এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চান। এ জন্য তিনি আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় শাহাপুর গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মো. নুরউদ্দিন, সুন্দর আলী, লেয়াকত আলী, আব্দুল হালিম, আজাদ মাস্টার, হাবিবুর রহমান, কালাই মিয়া, আব্দুল মুনায়েম বিডিয়ার, তাজুল ইসলাম, ফয়সল মিয়া, সফর আলী ও ঈমান আলীসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।
‘গুটিয়াবাসী এক হও, সন্ত্রাসকে রুখে দাও’—এ স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরের টঙ্গীর ৫২ নম্বর ওয়ার্ডের গুটিয়া-আন্দারুল এলাকায় আইনজীবী এডভোকেট জালালের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও হয়রানির অভিযোগে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে গুটিয়ার আন্দারুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ‘শান্তিপ্রিয় গুটিয়াবাসী’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের হাতে ঝাড়ু, জুতা ও বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা এডভোকেট জালালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, এডভোকেট জালাল দীর্ঘদিন ধরে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে আন্দারুল এলাকার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি চাঁদাবাজি করে আসছেন। তাদের দাবি, এলাকায় বালু ভরাট, নতুন বাড়ি নির্মাণ, যানবাহন চলাচল এবং বিলে মাছ ধরার নৌকা চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে তার পক্ষ থেকে চাঁদা দাবি করা হয়।
স্থানীয়দের আরও অভিযোগ, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে এলাকাভিত্তিক মামলা-বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
তবে স্থানীয়দের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এডভোকেট জালাল। মুঠোফোনে তিনি জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চক্রান্ত করছে।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি সাধনে অনন্য ও নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ কবি মিঠুন কুমার ঘোষকে ‘সাহিত্য সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। রাজশাহী সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু জাফর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পচামাড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মো. হাবিবুর রহমান এবং সম্মানিত অতিথি ছিলেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ ফারুক হোসেন। এতে সভাপতিত্ব করেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মাহবুব আলম।
সম্মাননা অনুষ্ঠানে জানানো হয়, কবি মিঠুন কুমার ঘোষের লেখা কবিতা আগামী ২০২৭ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিতব্য একাধিক গ্রন্থে স্থান পাচ্ছে। নির্বাচিত ১০০ কবির ১০০টি কবিতা নিয়ে প্রকাশিতব্য ‘কাব্যের ভাবনা’ গ্রন্থে তার কবিতা থাকছে। গ্রন্থটি প্রকাশ করছে দ্বিপ্রান্তিক প্রকাশনী।
এ ছাড়া নির্বাচিত ১২ জন কবির ১০টি করে কবিতা নিয়ে প্রকাশিতব্য যৌথ কাব্যগ্রন্থ ‘যে কথা বলা হয়নি’-তেও তার কবিতা স্থান পাচ্ছে। বইটি যৌথভাবে প্রকাশ করবে দ্বিপ্রান্তিক প্রকাশনী ও নব সাহিত্য প্রকাশনী। পাশাপাশি ‘কবির কণ্ঠে বাংলাদেশ’ নামে আরেকটি গ্রন্থেও তার একটি কবিতা প্রকাশিত হচ্ছে। গ্রন্থটি প্রকাশ করছে নব সাহিত্য প্রকাশনী।
প্রকাশিতব্য সবগুলো গ্রন্থই রকমারি ডটকমের স্টলে পাওয়া যাবে বলে জানান কবি মিঠুন কুমার ঘোষ।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের অনলাইন সাহিত্য পত্রিকা ‘কাব্যকুঞ্জ’, বাংলাদেশের অনলাইন সাহিত্য পত্রিকা ‘তুলোট’ এবং আন্তর্জাতিক অনলাইন সাহিত্য পত্রিকা ‘দ্য প্যারিস মেইল’-এ নিয়মিত তার কবিতা প্রকাশিত হচ্ছে। এ ছাড়া ‘দৈনিক আমাদের রাজশাহী’ পত্রিকাতেও নিয়মিত তার লেখা কবিতা প্রকাশিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা কবি মিঠুন কুমার ঘোষের সাহিত্যচর্চার প্রশংসা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে তার লেখালেখি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কুমিল্লার বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার ভরেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর কংশনগর মধ্যপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মো. মনির হোসেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান। পরে ইয়াবাসহ তাকে আটকে রাখার সময়ের একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্থানীয় লোকজনের হাতে ওই যুবককে আটক অবস্থায় দেখা যায়।
আটক মো. মনির হোসেন কংশনগর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মতিন। স্থানীয়দের দাবি, মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সন্দেহে তাকে আটক করা হয়। তবে উদ্ধার করা ইয়াবার উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
পরে স্থানীয় লোকজন ৩৮০ পিস ইয়াবাসহ মনির হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ইয়াবাগুলো জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, মাদকসহ আটক মো. মনির হোসেনকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পবিত্র ওমরাহ পালন এবং সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে কক্সবাজারে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা নূর আহমদ আনোয়ারী।
সফরকালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনা পরিদর্শন করেন। সফর শেষে কক্সবাজারে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান টেকনাফ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার, উপজেলা অর্থ সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হোছাইন, সাবরাং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোছাইন বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌদি আরব সফর ও পবিত্র ওমরাহ পালন শেষে নিরাপদে দেশে ফেরায় অভিনন্দন জানান।
জানা যায়, মাওলানা নূর আহমদ আনোয়ারীর সৌদি আরব সফরের অন্যতম উদ্দেশ্য ছিল পবিত্র ওমরাহ পালন। পাশাপাশি তিনি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয়, শিক্ষা ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। সফর শেষে দেশে ফিরে তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানানো নেতাকর্মীরা তার সুস্থতা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।