

মাহবুবুর রহমান, স্টাফ রিপোর্টার
‘গুটিয়াবাসী এক হও, সন্ত্রাসকে রুখে দাও’—এ স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরের টঙ্গীর ৫২ নম্বর ওয়ার্ডের গুটিয়া-আন্দারুল এলাকায় আইনজীবী এডভোকেট জালালের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও হয়রানির অভিযোগে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে গুটিয়ার আন্দারুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ‘শান্তিপ্রিয় গুটিয়াবাসী’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের হাতে ঝাড়ু, জুতা ও বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা এডভোকেট জালালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, এডভোকেট জালাল দীর্ঘদিন ধরে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে আন্দারুল এলাকার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি চাঁদাবাজি করে আসছেন। তাদের দাবি, এলাকায় বালু ভরাট, নতুন বাড়ি নির্মাণ, যানবাহন চলাচল এবং বিলে মাছ ধরার নৌকা চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে তার পক্ষ থেকে চাঁদা দাবি করা হয়।
স্থানীয়দের আরও অভিযোগ, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে এলাকাভিত্তিক মামলা-বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
তবে স্থানীয়দের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এডভোকেট জালাল। মুঠোফোনে তিনি জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চক্রান্ত করছে।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




