October 28, 2026

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

‘উপযুক্ত সময়ে সন্তানকে নৈতিক শিক্ষা দিন। প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা না করে কিশোর-কিশোরীদের নৈতিক স্খলনের জন্য দায়ী করা উচিত নয়’—এমন সচেতনতামূলক বার্তাকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে কিশোর-কিশোরীদের নৈতিক শিক্ষা ও জীবনদক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর ২০২৬ তারিখে Wisdom Media Communications Ctg-এর উদ্যোগে এবং দুলাল রেনু ফাউন্ডেশনের সহযোগিতায় রাউজান উপজেলার আধার মানিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়। আধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালার শিরোনাম ছিল ‘Workshop on Moral Education & Life Skills Session for Adolescent’।

আধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি চম্পক বড়ুয়ার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজহিতৈষী ও World PEC-Bangladesh-এর উপদেষ্টা প্রদীপ বড়ুয়া।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাউজান উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিনন্দ বড়ুয়া, দুলাল রেনু ফাউন্ডেশনের পরিচালক শিমুল বড়ুয়া সুমন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য চম্পক বড়ুয়া ও জীবন বড়ুয়া, একতা সংঘের সভাপতি রনদীশ বড়ুয়া, সমাজকর্মী মো. লোকমান হাকিম, ডা. উজ্জ্বল দে ও সুজন বড়ুয়া প্রমুখ।

কর্মশালায় কিশোর-কিশোরীদের নৈতিক শিক্ষা, জীবনদক্ষতা বৃদ্ধি, আত্মহত্যা প্রতিরোধ এবং ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রশিক্ষণ পরিচালনা করেন Wisdom Media Communications Ctg-এর পরিচালক চন্দন কুমার বড়ুয়া এবং ত্রৈমাসিক দীপঙ্কর প্রজ্ঞাবার্তা পত্রিকার সম্পাদক ও এনজিও ব্যক্তিত্ব প্রণব বড়ুয়া।

দিনব্যাপী এ কর্মশালায় ১৩ জন ছেলে ও ২৩ জন মেয়েসহ মোট ৩৬ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। কর্মশালায় অংশগ্রহণকারীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, জীবনমুখী দক্ষতা অর্জন এবং বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালাটি সফলভাবে আয়োজনের ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা করায় আধার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ এবং দুলাল রেনু ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন Wisdom Media Communications Ctg-এর কর্তৃপক্ষ।

আয়োজকরা মনে করেন, আগামী প্রজন্মকে সুনাগরিক ও দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষা এবং জীবনদক্ষতা উন্নয়নের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মশালা আয়োজন অব্যাহত রাখতে সমাজহিতৈষী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

মোঃ রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছিনতাইয়ের একদিন পর আমবাগান থেকে চাবিসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার আলমপুর তিন রাস্তার মোড়ের পশ্চিম দিকে প্রায় ৫০০ গজ দূরে একটি আমবাগান থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার ২ নম্বর গোহালবাড়ী ইউনিয়নের তালপল্লী সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করে ভোলাহাট থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে তালপল্লীর পাশের খালসংলগ্ন আলমপুর তিন রাস্তার মোড়ের পশ্চিম দিকে একটি আমবাগানে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে পুলিশ। পরে মোটরসাইকেলটি চাবিসহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রুম্মান মাহমুদ শৈশব,
বাগেরহাট জেলা প্রতিনিধি :

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হবে। এতে প্রমাণিত হয় সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক। পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট নির্ধারণ করেছে সরকার।

সৌর বিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। স্থানীয় সরকারের ভবন, স্কুল কলেজের ভবনসহ সকল সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের জন্য ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে।

২৩ অক্টোবর শুক্রবার বিকেলে মোংলার নারিকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপোর্রেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু একথা বলেন। ”নবায়নযোগ্য জ্বালানি, এখনই” শীর্ষক শ্লোগানে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৩টায় জনসমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল।

জনসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খ্যাতিমান গবেষক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ, মোংলা পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, শ্রমিক নেতা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, কৃষক নেতা বদরুল আলম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, সচেতন ফাউন্ডেশনের মোঃ হাবিবুর রহমান, মিশনগ্রীন বাংলাদেশ’র আহসান রনি, হাওর অঞ্চলবাসীর জাকিয়া শিশির, কসমস সংস্থার মেহনাজ মালা, ব্রাইটার্স’র সাইদুর রহমান সিয়াম, বেঙ্গল পিস ফাউন্ডেশন’র মাসফিকুল হাসান টনি, ক্লাইমেট ফ্রন্টিয়ার’র জুবায়ের ইসলাম এবং ওয়েব ফাউন্ডেশন’র আসাদুজ্জামান তুহিন।

জনসমাবেশ সঞ্চলনায় ছিলেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপোর্রেশনের প্রশাসক নজরুল মঞ্জু আরো বলেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারলে আমদানি নির্ভরতা কমবে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এতে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমিয়ে আনা সম্ভব হবে। সভাপতির বক্তব্যে ”ধরা” এর কেন্দ্রীয় সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল বলেন জ্বালানি নিরাপত্তার স্বার্থে সারাদেশে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সবাইকে সম্পৃক্ত হতে হবে। সরকার একনেকে সম্প্রতি রামপালে সৌর বিদ্যুৎ প্রকল্প অনুমোদন করায় আমরা আনন্দিত এবং সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু সুন্দরবন সংরক্ষণে সরকারের সামগ্রিক ভূমিকা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা আশা করি সরকার শীঘ্রই রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও পাইপলাইন স্থাপন প্রকল্প বাতিল করবে। সরকার সুন্দরবন সংরক্ষণে বিজ্ঞান ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণ করবে।

জনসমাবেশের সঞ্চালক সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন দেশবাসী মহাপ্রাণ সুন্দরবন বিনাশী জীবাশ্ম জ্বালানি নির্ভর রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানের বিরোধিতা করেছিলেন। আ্ওয়ামীলীগ সরকার তা অগ্রাহ্য করেই সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ নির্মান করে। আশা করি বর্তমান সরকার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনসহ প্রাণ প্রকৃতির ক্ষতি হবে এমন কোন প্রকল্প গ্রহণ করবেনা। বাংলাদেশের জ্বালানি রূপান্তর হবে সবুজ, ন্যায্য, জনকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক।

জনসমাবেশ শেষে বাঘ মহড়া, পুতুল খেলা, বাউল গান ও গাজীর গানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক।

গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় জমি নিয়ে বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, নারীকে শ্লীলতাহানি এবং নগদ ১২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে প্রতিবেশী একটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় হামলায় আহত পরিবারের সদস্যরা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী মোঃ শ্রাবন মিয়া (২০) দাবি করেছেন। তিনি প্রধানের বাজার এলাকার মৃত সাবেদ আলী বেপারীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রাবন মিয়া পৈতৃক সূত্রে পাওয়া জমি প্রায় ২৬ বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে নির্মিত দোকানঘর ভাড়া দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী হামিদ প্রামানিক ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তাঁর কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন ভোরে শ্রাবন মিয়া পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত ব্যক্তিরা লাঠিসোঁটা, লোহার রড, ছোড়া, শাবল, হাতুড়ি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাঁরা পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তাঁর স্ত্রী মোছা. সাইয়্যাদা জান্নাত স্বর্ণের পোশাক ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে শ্রাবনের মা মোছা. বেবি বেগম (৬০)-কেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া শ্রাবন মিয়াকে ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে মারধর করা হয় বলে তিনি দাবি করেছেন।

শ্রাবন মিয়ার অভিযোগ, হামলার একপর্যায়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে আলমারিতে রাখা ব্যবসার নগদ ১২ লাখ টাকা এবং আনুমানিক ২২ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় অভিযুক্তরা। সব মিলিয়ে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা বলে তিনি দাবি করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা পরিবারের সদস্যদের প্রাণনাশের চেষ্টা করলে তাঁরা কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে রক্ষা পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত পরিবারের সদস্যদের অটোরিকশাযোগে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, বর্তমানে অভিযুক্তরা তাঁর বাড়ি ও দোকানঘর অবৈধভাবে দখল করে রেখেছেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

এ বিষয়ে মোঃ শ্রাবন মিয়া অভিযুক্ত হামিদ প্রামানিকসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

​শহিদুল ইসলাম, নীলফামারী:
জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে বর্তমান সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
​তিনি বলেন, “সরকার নিজেদের সুবিধাজনক বিষয়গুলো গ্রহণ করছে কিন্তু গণভোট ও জুলাই সনদ না মেনে চরমভাবে ওয়াদা ভঙ্গ করেছে।”
​শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী রোকন সম্মেলন ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​রোকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এক জিনিস নয়। আগামীতে স্থানীয় নির্বাচনে ভালো ফলাফলের জন্য আজ থেকেই ব্যাপকভাবে গণসংযোগ শুরু করতে হবে। নীলফামারীর চারটি আসনেই ভালো ফলাফলের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তার প্রমাণ দিতে হবে।”
​তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি কাজ যেন আখিরাতে জান্নাত লাভের উপযোগী হয়, সেই চেষ্টা জোরদার করতে হবে। সকল কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও এখলাসের সাথে। কোনো অবস্থাতেই সীমালঙ্ঘনমূলক কাজ করা যাবে না। পাশাপাশি কুরআন অধ্যয়ন বাড়াতে হবে এবং প্রত্যেক রোকনের নিকট ‘তাফহীমুল কুরআন’-এর ফুলসেট থাকতে হবে।”
​নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ।
​সম্মেলনে আরও বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ।
​এ সময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষনেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক রোকন উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নতুন মেয়াদের জন্য জেলা আমীর নির্বাচন সম্পন্ন হয়।

সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার প্রতি

কক্সবাজারের ঈদগাঁও বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ ঘটনায় জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ চারটি সামগ্রী—দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ড—জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি অভিযানিক দল জানতে পারে, পিকআপ ভ্যানে করে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দলটি ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদ্রাসাসংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে অবস্থান নেয়। সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোর সময় পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে গাড়ির চালক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আকতারের ছেলে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সার্বিক সহযোগিতা, শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বাস্তবায়ন কমিটির নেতারা।

বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চ শৃঙ্খলা বিভাগের প্রধান মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, জামায়াতের ফরিদপুর জেলা আমির মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন এবং বর্তমান আমির মাওলানা রেজাউল করিম।

বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।

একই সময়ে লংমার্চের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপিসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতারা।

বৈঠকে লংমার্চের কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও বাস্তবায়ন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সার্বিক সহযোগিতা, শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বাস্তবায়ন কমিটির নেতারা।

বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চ শৃঙ্খলা বিভাগের প্রধান মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, জামায়াতের ফরিদপুর জেলা আমির মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন এবং বর্তমান আমির মাওলানা রেজাউল করিম।

বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।

একই সময়ে লংমার্চের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপিসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতারা।

বৈঠকে লংমার্চের কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও বাস্তবায়ন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়।

নীলফামারী প্রতিনিধি:

খেলাধুলা যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফ্রেন্ডস ব্যাচ-২১ আয়োজিত সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টুর্নামেন্টে ২৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ ১-০ গোলে সিংদই মাঝাপাড়া ফুটবল একাদশকে হারায়।

রুম্মান মাহমুদ শৈশব, বাগেরহাট জেলা প্রতিনিধি:

জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমানের মমতাময়ী মা মাহিরা বেগম (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৫টা ১৩ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, মাহিরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আলোকিত স্বপ্নের বিডি পরিবারের সদস্যরা। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশকারীরা বলেন, মায়ের মৃত্যু যেকোনো সন্তানের জন্য অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুমা মাহিরা বেগমের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের আবহ বিরাজ করছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।