October 28, 2026

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজারের সেটের টাইলসের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আজ।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমানের সহযোগিতায় এ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রঞ্জু মিয়া, কাপাসিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হারুন অর রশিদসহ চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
বাজারের অবকাঠামোগত উন্নয়নে টাইলসের কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্টাফ রিপোর্টার, মোঃ ফারুক আহমদ।

গাজীপুর মহানগরীর কাশিমপুরে গাজী সয়াবিন তেল নামে ভেজাল তেল পামওয়েল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
গত ১৯শে অক্টোবর সোমবার জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ০২ নং ওয়ার্ডের লস্করচালা এলাকায় অবৈধভাবে পামওয়েল তেল বোতলজাত করে গাজী পিউর সয়াবিন তেল নামে বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সালেহুর রহমান। উক্ত প্রতিষ্ঠানে পামওয়েল তেল বোতলজাত করে সয়াবিন তেল নামে বাজারজাতকরণ এবং প্যাকেটজাত নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ২৯ ধারায় মেহেদী হাসানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যৎ সর্তকতা এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিতকল্পে অভিযানের মাধ্যমে এই জরিমানা করা হয়। সাধারণ ভোক্তা এবং এলাকাবাসীরা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে বাশঝাডের পাশে ধানক্ষেত থেকে হালিমা( ৬০) নামের এক নারীর মরদেহ থানা পুলিশ উদ্ধার করেছে।
১৯ অক্টোবর ( সোমবার) সকাল উপজেলার আলমপুর ইউনিয়ন অন্তর্গত ছিলিমপুর মৌজার তালবন এলাকায় মৃতু আলিমুদ্দীনের তালাক প্রাপ্ত ও সন্তান হীন নারী । এলাকা এবং পারিবারিক সুত্রে জানা যায় যে, হালিমা খাতুন পিতার উত্তরাধীকার সুত্রে ০৩ শতক জমিতে তার ভাই মজনুর ঘরের পাশে টিনের ছাউনি দিয়ে বসবাস করে আসতেছিল।সে নিজে গরু- ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতো। গতকাল রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পডে। ১৯ তারিখে তার ভাই মজনু রহমান তার স্ত্রী হালিমাকে বাডীতে দেখতে না পেয়ে খোজা- খুজি করে। পরিশেষে বাডী থেকে ৩০০ গজ দুরে একটি বাশঝাডের পাশে ধানক্ষেতে তার মৃত্যু দেহ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে স্হানীয় জনগন ও ইউপি চেয়ারম্যানকে অবগত করলে বিষয়টি ইউপি চেয়ারম্যান ধামইরহাট থানার খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ অতিদ্রুত ঘটনাস্হলে এসে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নিকট জানতে চাইলে ঘটনার সততা নিশ্চিত করেন এবং আইন প্রক্রিয়া চলমান আছে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। এ লক্ষ্যে তিন জেলার ১১টি উপজেলার উপকূলীয় এলাকায় ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বাহিনীটি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূর্ব জোনের আওতাধীন উপকূলীয় অঞ্চলের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পূজাকে কেন্দ্র করে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কোস্ট গার্ডের সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, যাতে হিন্দুধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব উদ্‌যাপন করতে পারেন।

এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।

কোস্ট গার্ড জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য বাহিনীর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে।

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :

আগামী ২০ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান রাজশাহীতে আগমন করতে যাচ্ছেন। তাঁর এই আগমন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়ন শাখা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সনি আকরাম।

এক বার্তায় তিনি বিএনপি চেয়ারম্যানের রাজশাহী সফরকে সফল ও সার্থক করার আহ্বান জানান।

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:

চট্টগ্রামের বাঁশখালীতে জন্ম, বসবাস ঢাকার আশুলিয়ায়। নিজের ভাষ্য অনুযায়ী, জীবনে কখনো ঠাকুরগাঁওয়ে আসেননি। জেলাটিতে নেই আত্মীয়স্বজন কিংবা পরিচিতজনও। অথচ সেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আব্দুল আলীম নিজামী। তার নির্বাচনি প্রতীক বটগাছ।

জেলায় দলটির সাংগঠনিক ভিত্তি দুর্বল, সক্রিয় নেতাকর্মীও হাতে গোনা। সীমিত আর্থিক সামর্থ্য নিয়ে চারটি ব্যাটারিচালিত রিকশায় মাইক লাগিয়ে প্রচার চালাচ্ছেন নিজামী। ভোটারদের হাতে তুলে দিচ্ছেন লিফলেট। এভাবেই নিজের ঘোষিত আট দফা কর্মসূচির পক্ষে জনসমর্থন গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) তার সঙ্গে কথা হয়। নিজের জন্মস্থান চট্টগ্রাম কিংবা বসবাসের এলাকা ঢাকার পরিবর্তে ঠাকুরগাঁওয়ে নির্বাচন করার কারণ জানতে চাইলে নিজামী বলেন, বাংলাদেশের যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য হলে এখানে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।

নিজামীর কর্মসূচির অন্যতম প্রধান বিষয় ধর্মীয় অবমাননা ও কটূক্তি বন্ধে শক্তিশালী আইন প্রণয়ন। তার ভাষ্য, এ বিষয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও সংসদের বাইরে থেকে কার্যকর উদ্যোগ নেওয়া কঠিন। তাই সংসদ সদস্য নির্বাচিত হয়ে নিজের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখতে চান তিনি।

নির্বাচনি মাঠে অন্য প্রার্থীদের তুলনায় নিজামীর প্রচার সীমিত। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তার প্রচারণা তেমন দৃশ্যমান নয়। নিজামী বলেন, আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় বড় পরিসরে প্রচার চালানো সম্ভব হচ্ছে না। চারটি ব্যাটারিচালিত রিকশায় মাইক লাগিয়ে প্রচার করছেন। তবে বিস্তৃত নির্বাচনি এলাকার সব ভোটারের কাছে এভাবে পৌঁছানো কঠিন। এ কারণে লিফলেট বিতরণের মাধ্যমেও ভোটারদের কাছে নিজের বক্তব্য তুলে ধরছেন।

ঠাকুরগাঁওয়ে দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে নিজামী বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সক্রিয় নেতাকর্মী এখানে প্রায় নেই বললেই চলে। তবে ১৯৮৭ সাল থেকে দলটির প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুরের অনুসারী একজন প্রবীণ ব্যক্তিকে পাশে পেয়েছেন তিনি। প্রচারণার মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন। তাদের কেউ কেউ স্বেচ্ছায় তার পক্ষে কাজ করছেন বলেও দাবি করেন এই প্রার্থী।

ঠাকুরগাঁওয়ের স্থানীয় উন্নয়ন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চাইলে নিজামী বলেন, তার কর্মসূচি শুধু এই আসনের জন্য নয়, সারা দেশের মানুষের জন্য। একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখা। এলাকার উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য সংসদ সদস্য নির্বাচিত হওয়া নয়, উন্নয়ন কার্যক্রম পরিচালনা স্থানীয় সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি। তবে নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে বাড়িঘর তৈরি করে নিয়মিত অবস্থানের পরিকল্পনার কথাও জানান নিজামী।

ভোটারদের কাছে নিজের আট দফা কর্মসূচি তুলে ধরছেন এই প্রার্থী। এর মধ্যে ধর্মীয় অবমাননা ও কটূক্তি বন্ধে শক্তিশালী আইন প্রণয়ন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গে ২০০৩ সালে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে হিন্দু শীল পরিবারের ১১ সদস্যকে পুড়িয়ে হত্যার ঘটনা উল্লেখ করেন নিজামী। তার দাবি, মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় চূড়ান্ত নিষ্পত্তির আগেই অনেক আসামির মৃত্যু হয়েছে।

এ ধরনের ঘটনায় মামলা দায়ের থেকে শুরু করে তদন্ত, বিচার, আপিল ও রায় কার্যকরের পুরো প্রক্রিয়া সর্বোচ্চ এক বছরের মধ্যে শেষ করার ব্যবস্থা করতে চান তিনি। নিজামীর মতে, দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা গেলে এ ধরনের সহিংসতা কমানো সম্ভব। নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন আলীম নিজামী। ঠাকুরগাঁওয়ের ভোটাররা তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন বলে আশা তার।

মুসলিম ভোটারদের ঈমানের তাগিদে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নিজামী। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আইনি সুরক্ষা, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তাদেরও বটগাছ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ পাওয়া পাঁচ প্রার্থী হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতের আহ্বান

ফারুক আহমদ , স্টাফ রিপোর্টার:

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যার দ্রুত বিচার এবং দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গাজীপুরের শ্রীপুরের কর্মরত সাংবাদিকরা।
শ্রীপুর থানা মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তাঁরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যাকাণ্ড এবং সাংবাদিক হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ যাচাই ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের হত্যা, হুমকি কিংবা মিথ্যা মামলায় হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনা মুক্ত সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানি বন্ধ করা এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরুফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবীব সরকার, প্রকৌশলী হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জাকির হোসেন রাজা, রাজিউর রহমান রাজু, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রংপুর প্রতিনিধি:

গ্রামের সেই মেঠোপথ আর মাঠেঘাটে ঘুরে পাওয়া বাস্তবতার শিক্ষা থেকে জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতার মঞ্চ! মেধা, পরিশ্রম আর কৃষিকে ঘিরে নতুন স্বপ্নের গল্প লিখেছেন রংপুরের মিঠাপুকুরের সন্তান কৃষিবিদ মো. রিয়াদ মিয়া। কৃষককেন্দ্রিক স্মার্ট কৃষি ইকোসিস্টেমের উদ্ভাবনী মডেল নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট ২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দল।সেই দলের অন্যতম সদস্য রিয়াদ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করে অর্জন করেছেন গৌরব।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৮ অক্টোবর সন্ধ্যায় ঢাকার শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। ফাউন্ডেশনটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে তিনি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
গত ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব। ‘Farmer-Centered Smart Agricultural Ecosystem for Future Bangladesh’ শীর্ষক মডেলটির মাধ্যমে কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দেওয়া, কৃষিপণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং কৃষিকে আরও লাভজনক, টেকসই ও রপ্তানিমুখী করার পরিকল্পনা তুলে ধরেন প্রতিযোগীরা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে শুরু হওয়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০টি দল অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে ১৮টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখান থেকে সাতটি দল চূড়ান্ত পর্বে জায়গা পায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দল।

প্রস্তাবিত মডেলে কৃষিসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি, অর্থায়ন ও বাজারব্যবস্থাকে একটি জাতীয় নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে কৃষিসেবা পৌঁছে দেওয়া, মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমানো এবং কৃষক ও বাজারের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার কথা বলা হয়েছে।

এ ছাড়া মাটি, জলবায়ু ও বাজারের চাহিদা বিবেচনায় প্রিসিশন কৃষি, রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন, কৃষিপণ্যে মূল্য সংযোজন এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সমন্বয় বাড়িয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
চ্যাম্পিয়ন দলের অন্য সদস্যরা হলেন কৃষি অনুষদের ৭৮তম ব্যাচের শিক্ষার্থী মারুফ মোস্তফা মুনিম এবং কৃষি অর্থনীতি অনুষদের ৭৭তম ব্যাচের শিক্ষার্থী মো. মুহাইমিনুল ইসলাম। রিয়াদ মিয়া কৃষি অর্থনীতি অনুষদের ৮০তম ব্যাচের শিক্ষার্থী।

মিঠাপুকুর উপজেলার মির্জাপুর (আখিরারটারী) গ্রামের বাসিন্দা রিয়াদ মিয়ার বাবা মো. নুর ইসলাম এবং মা মোছা. রনজিনা বেগম। তিনি পাগলারহাট মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি এবং মিঠাপুকুর মহাবিদ্যালয় থেকে ২০২০ সালে এইচএসসি পাস করেন। পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

নিজেদের অর্জনে আনন্দ প্রকাশ করে রিয়াদ মিয়া বলেন, এ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দেশের উন্নয়নে নিজেদের জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর সুযোগ বড় প্রাপ্তি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের উন্নয়নের পাশাপাশি কৃষি খাতকেও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।

দলের সদস্য মারুফ মোস্তফা মুনিম বলেন, আমরা তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ থাকতে চাই না; বরং তা বাস্তবে প্রয়োগ করে বাংলাদেশের কৃষির সমস্যাগুলোর কার্যকর সমাধান খুঁজতে চাই।
আরেক সদস্য মো. মুহাইমিনুল ইসলাম বলেন, কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দেওয়া, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং উৎপাদনকে দক্ষ ও বাজারমুখী করার প্রচেষ্টারই প্রতিফলন আমাদের এ মডেল।

মডেলটি সরকারের বিবেচনায় নিয়ে বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এটি বাস্তবায়িত হলে কৃষিসেবার সমন্বয় বাড়বে, কৃষকের ন্যায্য মূল্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারিত হবে এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষা ও পেশাগত দায়িত্ব পালনে আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার সঙ্গে পেশাগত দায়বদ্ধতার সমন্বয় এবং সাংবাদিকদের অধিকার ও দায়িত্বসংক্রান্ত আইন ও বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন। প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর। কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন এবং দায়িত্বশীল সংবাদচর্চার মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।