October 28, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও ঝুঁকিতে থাকা অসহায়-দুঃস্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শতাধিক পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুনুর রশীদ বলেন, ডেঙ্গু বর্তমানে একটি মারাত্মক জনস্বাস্থ্য সংকট। শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়; এ জন্য জনসচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে অসহায় ও দুঃস্থ মানুষেরা মশারি ব্যবহারের অভাবে ডেঙ্গুর ঝুঁকিতে থাকেন। জেলা পরিষদের এ উদ্যোগ তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় কিছুটা হলেও সহায়ক হবে। তিনি আরও বলেন, জনগণের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানান। এতে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। মশারি পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এ মানবিক ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে অলি মাস্টারের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাড়ি পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের স্থান থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল বলেন, আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

এদিকে, পুড়ে যাওয়া বাড়িটির চারপাশে আরও অনেক বসতবাড়ি থাকলেও সেগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। এতে বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের বাড়িঘর। এ জন্য স্থানীয় বাসিন্দারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

হ্নীলা-হোয়াইক্যংয়ের মাঝামাঝি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

স্থানীয় বাসিন্দারা জানান, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের দ্রুত পৌঁছানো অত্যন্ত জরুরি। কিন্তু ঘটনাস্থল থেকে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় জরুরি পরিস্থিতিতে সেবা পেতে বিলম্ব হতে পারে।

এ অবস্থায় হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের মাঝামাঝি স্থানে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের মতে, ওই এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে এবং জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যাবে।

অগ্নিকাণ্ডে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে বসতবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

১৭ অক্টোবর শনিবার সন্ধ্যার পর সরকারী কলেজের অদূরে গোলাপগঞ্জ মোড়ে দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রনসহ নির্মূলে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাদক বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে গণসমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,
উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল,
যুবদলের সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,
কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, মোকাররম হোসেন চৌধুরী পলাশ,

ছাত্র বিষয়ক সম্পাদক প্রিয় ব্যক্তিত্ব শাজাহান সিরাজ শিপন।

যুবনেতা আবু সাঈদসহ স্থানীয় মাদক বিরোধী নেতৃবৃন্দ।

সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমান।
উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর এবং গন্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।

বক্তাগণ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না, এরা সমাজ ধ্বংসকারী, যে কোন মূল্যে এদেরকে প্রতিরোধ করা হবে, বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ সহ চিরতরে নির্মূল করা হবে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পরিকল্পনাকারী ও এক নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. সলিম উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, ৩ লাখ পিস ইয়াবা চোরাচালান ও উদ্ধারের ঘটনায় প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সলিম উল্লাহ চকরিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

এসআরবি-১৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সলিম উল্লাহর বিরুদ্ধে সংঘবদ্ধ আঞ্চলিক মাদক চোরাচালান চক্রের সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচারের পরিকল্পনা ও পরিচালনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার সলিম উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুড়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে।

তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মাদক পাচার রোধ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১৫।

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ অক্টোবর) গাজীপুর মহানগরের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য পানির আধার নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাবাড়ী মেট্রো থানা শাখার আমির ডা. মো. কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাজমুল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর হোসেন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল আলিমসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও এলাকার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৭ই অক্টোবর মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে খোলা চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের এই মেধার স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি জনাব মাওলানা এনামুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,শিক্ষক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রব্বানী বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকাশক্তি। কেবল ভালো ফলাফল করলেই হবে না, মেধার সঠিক বিকাশ ঘটিয়ে নিজেদের দেশ ও দশের কল্যাণে নিয়োজিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক শিক্ষক সমিতির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই গৌরবোজ্জ্বল ফলাফল শুধু শিক্ষার্থীদের নয়, বরং সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল।তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জ্ঞান ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে নিজেদের যোগ্য করে গড়ে তুলে দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তারা তরুণ সমাজকে আহ্বান জানান।

সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও মতামত ব্যক্ত করেন। কৃতি শিক্ষার্থীরা বলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির এই আয়োজন আমাদের জীবনের অন্যতম সেরা একটি দিন উপহার দিয়েছে। মাননীয় সংসদ সদস্যের হাত থেকে ক্রেস্ট নেওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করে বলেন, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা হয়ে দেশ ও বিশেষ করে অবহেলিত মিঠাপুকুর উপজেলার মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে চান। একই সঙ্গে তারা এই সাফল্যের পেছনে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও মা-বাবার ত্যাগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো মহাবিদ্যালয় মাঠজুড়ে শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাত হারালেন বসুন্ধরা গ্রুপের মার্কেটিং বিভাগে বিক্রয় প্রতিনিধি হাসিবুর মোল্লা (৩০)।

তিনি জেলার কাশিয়ানী উপজেলার ধলগ্রামের হোসেন আলী মোল্লার ছেলে। তাঁর ডান হাতটি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করা হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) গোপালগঞ্জ শহরে থেকে বিক্রয় প্রতিনিধি হাসিবুর মোল্লা মোটর সাইকেলে করে কোটালীপাড়া যাচ্ছিলেন ।

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি নামকস্থানে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসিবুরের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তব্যরত চিকিতসক ডাঃ সাব্বির হোসেন বলেন, এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপোতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:১৭ অক্টোবর শনিবার সকালে দিনাপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি
সরকারী সিদ্ধান্তে সারা দেশের ন্যায় বীরগঞ্জ উপজেলায় জাতীয় সংসদ সদস্যের অফিস “পরিদর্শন কক্ষ” উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জগদল হাটপুকুর আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপন করেছেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের আয়োজনে ও সভাপতিত্বে নতুনভাবে সজ্জিত অফিস “পরিদর্শন কক্ষ” উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়, উন্নয়ন মূলক কার্যক্রম পর্যালোচনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময়ের সুযোগ তৈরি হলো।

সুচিন্তিত মতামত ও সঠিক পরিকল্পনায় গৃহীত হবে বিভিন্ন প্রকল্প।

জনতার জনপ্রিয় এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এখন থেকে এই অফিসেই তাঁর দাপ্তরিক কর্মকান্ড পরিচালনা করবেন।

গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজসহ সকল বিষয় পরামর্শ ও পরিকল্পনা গ্রহনের নির্ধারিত অফিস হচ্ছে “পরিদর্শন কক্ষ”।

প্রথমে ফিতা কেটে ও পরে বিশেষ মোনাজাতের মধ্যো দিয়ে পরিদর্শন কক্ষের যাত্রা শুরু হলো। বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান অফিসার-কর্মচারী উপস্থিত ছিলেন.

কর্মসূচি গুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি, ইটভাটা মালিক সমিতি সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।

উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল.

অন্যতম নির্বাহী সদস্য পৌর মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস.

সে সময় আরও উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান শিক্ষক আব্দুল কাদের.

যুবদলের সদস্য সচিব মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী.

ছাত্র বিষয়ক সম্পাদক প্রিয় নেতৃত্ব শাহজাহান সিরাজ শিপন. মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ ১১ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়ার পর ১২ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল। শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের পুকুরপাড়ের পশ্চিম পাশের সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম রিয়া মনি (১২)। সে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মো. তাজুল এবং মায়ের নাম রাবেয়া বেগম।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, রিয়া মনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এইচ ব্লকের পুকুরপাড়ের পশ্চিম পাশের সড়কে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্প কমিটি ও তার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় কোডিনযুক্ত ‘ইস্কাফ’ সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৯৬/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবসমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।