
সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৮ নং চেংমারী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি ।
এ সময় সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,যুব বিভাগের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের সাধারণ জনগণ।
জানা গেছে, গত ১৪ই অক্টোবর রাতে চেংমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইয়ারপুর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের বসতবাড়িতে এক আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে হাফিজুর রহমানের ঘরবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে পরিবারটির আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
এই হৃদয়বিদারক খবর পেয়ে পরদিন ১৫ই অক্টোবর (বৃহস্পতিবার) ক্ষতিগ্রস্ত এলাকা ও পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শনে যান সংসদ সদস্য গোলাম রব্বানী। তিনি সরেজমিনে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং সর্বস্ব হারানো অসহায় হাফিজুর রহমান ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে গভীর সমবেদনা জানান।
পরিদর্শন শেষে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির আর্থিক সহায়তা প্রদান করেন এবং দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মহোদয়কে প্রয়োজনীয় সরকারি বরাদ্দের অনুদান দেওয়ার নির্দেশ দেন,যেন পরিবারটি দ্রুত নতুন ঘর নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
বিপদের এই মুহূর্তে স্থানীয় সংসদ সদস্যকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী। দুর্যোগের পরদিনই দ্রুত সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।














