October 28, 2026

নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শারদীয় বিজয়া দশমী ১৪৩৩ বঙ্গাব্দ।
ভাওয়াল রাজাবাড়ি রাজকাচারী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, সাবেক সিনিয়র সহসভাপতি কাজিম উদ্দিন ফকির, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুহিদুল ইসলাম নয়ন, সদস্যসচিব রাকিবুল ইসলাম মোড়ল এবং যুগ্ম আহ্বায়ক শাহিনুর সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজাবাড়ি হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা বাবু ওমা কান্ত মল্লিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুণ চন্দ্র দাস। সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন পীযূষ কুমার ঘোষ লিটন, অরুণ কুমার মল্লিক ও নিতাই চন্দ্র মণ্ডল।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি। নিরাপত্তায় দায়িত্ব পালন করে শ্রীপুর মডেল থানা পুলিশ ও ৮ নম্বর রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ।
ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশায় শেষ হয় এ আয়োজন।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসন, আইসিইউ সেবা চালু, হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২ টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জেলার স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের জন্য উন্নত, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ. ন. ম. বজলুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি। হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট নিরসন, শয্যাসংখ্যা বৃদ্ধি, আইসিইউ সেবা চালু এবং উন্নত চিকিৎসার সুযোগ সম্প্রসারণ করতে হবে। এ ছাড়া জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, ডা. মোঃ ময়েজ উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকরা। সভায় জেলার স্বাস্থ্যসেবার বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য উন্নত, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
জেলার স্বাস্থ্য খাতের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর অগ্রগতি হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের ভোট চেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের গেদা পাড়ায় প্রচারণাকালে তিনি ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাঁদের ভোটে নির্বাচিত হলে সব দাবি পূরণের আশ্বাস দেন।

আগামী ২৯ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিমন হোসেন, সৌদি আরব

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে এই হামলায় দুইজন প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোনটি সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করে দেয়। তবে হামলার চেষ্টা চলাকালীন তেলক্ষেত্রের সীমানার বাইরে থাকা এক ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। এই ঘটনায় সৌদি আরামকোর মূল পরিচালন কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি :

ঢাকঢোল, কাঁসর-ঘণ্টার ধ্বনি, আতশবাজির ঝলকানি, সিঁদুর খেলা ও নেচে-গেয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বুধবার দশমীর সন্ধ্যার পর থেকে বিভিন্ন পূজা মন্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য পৌরসভার মহাশ্মশান ঘাটের দিকে রওনা দেয়। এ সময় প্রতিটি মন্দিরে দায়িত্বে থাকা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শ্মশান ঘাট পর্যন্ত প্রতিমা নিয়ে আসেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলা ও পৌরসভার মোট ৭৯’টি মন্দিরের প্রতিমা ছোট যমুনা নদীতে বিসর্জন দেওয়া হয়। মহাশ্মশান ঘাট এলাকায় আগে থেকেই উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, রাজনীতিবিদ সহ সনাতন ধর্মাবলম্বী শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর মহাশ্মশান ঘাটে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ তুহিন রেজা, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান সহ উপজেলা পূজা উদযাপন কমিটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনীতিবিদ ও পূজা উদযাপন কমিটির কঠোর নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবছর দুর্গাপূজার সকল কার্যক্রম সম্পন্ন হওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা বেশ খুশি।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

রুম্মান মাহমুদ শৈশব
বাগেরহাট জেলা প্রতিনিধি:

সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন ও মোংলা বন্দরে এল এনজি টার্মিনালের সম্ভব্যতা যাচাইয়ের লক্ষ্যে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্বাচনের পর সরকারপ্রধানের এ সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। সুন্দরবনের পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্য সম্প্রসারণ এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘিরে দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়ে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এরপর খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি। সেখান থেকে নৌপথে পৌঁছাবেন মোংলা নৌঘাঁটিতে।

মধ্যাহ্নবিরতির পর বিকেলে মোংলা বন্দরের জেটি ও বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এ সময় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সুন্দরবন, দাকোপ ও মোংলা বন্দর এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল—সব মিলিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে এ অঞ্চলে শিল্পকারখানা স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দীর্ঘদিনের প্রতীক্ষিত খানজাহান আলী বিমানবন্দর চালুসহ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের প্রত্যাশা, সুন্দরবন, মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চলকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর এ সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহলের।

ঠাকুরগাঁও প্রতিনিধি:

দুর্গাপূজা উপলক্ষে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পাঁচ ধরনের পণ্য দিয়ে দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিটি পরিবারকে একটি টোকেন দেওয়া হয়। এর বিপরীতে পাঁচ টাকা দিয়ে তাঁরা সংগ্রহ করেন পোলাওয়ের চাল, চিনি, ভোজ্যতেল, নারকেল ও একটি মুরগি।

উপকারভোগী রমেশ বলেন, মাত্র পাঁচ টাকায় এতগুলো প্রয়োজনীয় পণ্য পেয়ে তিনি আনন্দিত। এসব পণ্য দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পূজার আয়োজন করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মো. কাজল রহমান, সাধারণ সম্পাদক মো. সাগর, সায়মুনসহ অন্যান্য সদস্য ও অতিথিরা।

সহায় সংগঠনের উপদেষ্টা মো. কাজল রহমান বলেন, আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর পূজার আনন্দ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাগর জানান, পাঁচ টাকার বিনিময়ে পাঁচ ধরনের পণ্য বিতরণ তাঁদের নিয়মিত কর্মসূচির অংশ।

স্থানীয়দের মতে, উৎসবের সময়ে নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দৃষ্টান্ত।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

দূর্গাপূজার বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

এ নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে কয়েক হাজার লোকের সমাগম ঘটে।

শত বছরেরও বেশী সময় ধরে চলে আসা এ নৌকা বাইচ প্রতিবছর বিজয়া দশমীর দিনে কোন ব্যক্তি বা সংগঠনের আয়োজন ছাড়াই এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

এ বছর কোটালীপাড়ার আশপাশের এলাকা ছাড়াও মাদারীপুর বাগেরহাট, বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক এ নৌকা বাইচ উপভোগ করতে আসেন। এ বাইচে অংশ নিয়ে ছিল ১৪ টি বাচারী নৌকা।

নান্দনিক এ নৌকা বাইচ দেখার জন্য প্রতি বছর এ দিনটির জন্য অপেক্ষা করে নানা ধর্ম বর্ণের মানুষ।

কোটালীপাড়ার অনেকে গ্রামের বাইরে গিয়ে নানা কাজে জীবন যাপন করেন। কিন্তু, এদিন তারা পরিবার নিয়ে কাটান একেবারেই গ্রাম্য পরিবেশ আর গ্রামীন সাংস্কৃতির সঙ্গে।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, কথিত আছে যে আজ থেকে প্রায় দেড়শত বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দূর্গা পূজার বিজয়া দশমীর দিন এখানে মেলা ও নৌকা বাইচের আয়োজন করেছিলেন। সেখান থেকেই প্রতিবছর দুর্গাপূজার সময় এখানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উপজেলার সকল ধর্মের জনগন এই নৌকা বাইচে অংশ গ্রহন করেন।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, নদী খাল বিল বেষ্টিত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শত বছর ধরে বিশ্বকর্মা, দূর্গা ও লক্ষ্মী পূজায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এই বাইচ কেউকে আয়োজন করতে হয় না। এই নৌকা বাইচে কাউকে পুরস্কারও দেওয়া হয় না।কোটালীপাড়ার এই নৌকা বাইচ একটি ব্যতিক্রমী আয়োজন। আগামীতে এই নৌকা বাইচ যাতে টিকে থাকে আমি সে বিষয়ে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবো।

মোঃ রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ২০২৬ তারিখ রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের একটি আমবাগানে এ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি

: নওগাঁর ধামইরহাটে হালিমা নামের এক নারীর হত্যাকান্ডের ৪ জনকে থানা পুলিশ গ্রেফতার করেছে ।
২০শে অক্টোবর ( বুধবার) ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়ন অন্তর্গত ছিলিমপুর মৌজার তালবোনা এলাকায় মৃতু আলিমুদ্দীনের তালাক প্রাপ্ত ও সন্তান হীন নারী হালিমা বেগম( ৫৫) পিতার উত্তরাধীকার সুত্রে ০৩ শতক জমিতে তার ভাই মজনুর ঘরের পাশে টিনের ছাউনি দিয়ে বসবাস করে আসতেছিল।সে নিজে গরু- ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতো। এ ছাডাও অন্যের বাডীতে কাজ করে দিন যাপন করতেন।১৯ তারিখে তার মৃত্যু দেহ পাওয়ার পর ঘটনার বিষয় তদন্তে ১৯ শে অক্টোবর ধামইরহাট থানায় একটি হত্যা মামলা রজু করে। মামলা রুজুর পর – পরই নওগাঁ পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম এবং তত্যাবধানে পত্মীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নেতৃত্বে বিশেষ একটি তদন্ত টিম গঠন করে। স্হানীয়দের তথ্য বিশ্লেষণ করে ১ ঘন্টার মধ্যে আলমপুর ইউনিয়নে আভিযান চালিয়ে প্রথমে মৃত্যু হালিমার ছোট ভাই মজনুর রহমান (৬৬) তার স্ত্রী হোসনেরা( ৪২) কে গ্রেফতার করে এবং তাদের স্বিকার উক্তিতে হামিদুর রহমান(৫৫) মোসারফ হোসেন (৪৫) উভয়ের পিতা ইসমাইল সর্ব সাং ছিলিমপুর, ধামইরহাট কে গ্রেফতার করে। আসামিদের তথ্য অনুযায়ী হত্যাকান্ডের রশি,ওডনা জব্দ করে।থানা সুত্রে জানা যায় যে, আসামিরা বলেন হালিমার অর্থের লোভে এবং সে মাদকদ্রব্য কাজে বাধা দিতো বলে হত্যা করেছে। হত্যার পর বাডী থেকে ৩০০ গজ দুরে একটি বাশঝাডের পাশে ধানক্ষেতে ফেলে দেয়।