

মোঃ রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ২০২৬ তারিখ রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের একটি আমবাগানে এ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




