October 28, 2026

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মানবপাচার চক্রের অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত কবির ওরফে ডাক্তার কবির, তাঁর সহযোগী ইলিয়াস ওরফে ইলিয়াস মেম্বার এবং হত্যা ও অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ এপিবিএনের আওতাধীন টেকনাফের বিভিন্ন ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ড, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ১০৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

অভিযানে লেদার ২৪ নম্বর ক্যাম্প থেকে মানবপাচার মামলার আসামি মো. কবির ওরফে ডাক্তার কবির (৬৫) এবং তাঁর সহযোগী মো. ইলিয়াস ওরফে ইলিয়াস মেম্বারকে (৪২) গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএনের দাবি, তাঁরা টেকনাফের মানবপাচার চক্রের অন্যতম প্রধান ব্যক্তি। গত এপ্রিল মাসে বাংলাদেশি ও রোহিঙ্গাদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় ড্রাম ও কাঠের টুকরো ধরে ভাসতে থাকা কয়েকজনকে কোস্ট গার্ড উদ্ধার করেছিল।

হত্যা ও অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অন্য একটি অভিযানে হত্যা ও অস্ত্র মামলার তিনটি ওয়ারেন্টভুক্ত আসামি আবু তৈয়বকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তিনি নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে একটি মামলায় চার বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ১০ জনের

অভিযানকালে সরকারি আদেশ অমান্য, মাদক সেবন, মা-বাবাকে মারধর এবং ক্যাম্পে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।

এর মধ্যে ছয়জনকে তিন থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। সব মিলিয়ে অভিযানে ১৩ জনকে আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ১৬ এপিবিএন সূত্রে জানা গেছে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজর বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিক নিহত হয়েছেন। নিহতের বাড়ি কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাশিয়ানীর মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহনের বাসটি মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করলে পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দেয়।এ সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

রোববার (২৫ অক্টোবর) এ-সংক্রান্ত একটি চিঠি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা থাকবে। নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

মোঃ সিমান্ত তালুকদার
স্টাফ রিপোর্টার

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বারবার হামলার মধ্যে দুই সপ্তাহ বন্ধ থাকার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালুর কথা ছিল রোববার (২৫ অক্টোবর)। এরই মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে ধারাবাহিক হামলা চালিয়েছে হুথিরা।

ইয়েমেনের হুথি বিদ্রোহী ও রিয়াদ-সমর্থিত সরকারের মধ্যে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর নতুন করে সংঘাত শুরু হয়।

হুথিদের হামলার কারণে দুই সপ্তাহ বন্ধ থাকার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর রোববার থেকে আবারও ফ্লাইট চালুর ঘোষণা দেয়।

চলতি মাসেও বিমানবন্দরটিতে হামলা চালায় হুথিরা। ওই হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্যবস্তু করেছে হুথিরা। রোববার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক জোট জানায়, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথিদের ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, রিয়াদের বিমানবন্দর এখনো ‘নিরাপদ নয়’ এবং এটি তাদের বাহিনীর ‘সামরিক লক্ষবস্তু।

মোঃ ফারুক আহমদ, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত ২ জন। আরো পড়ার তোক রয়েছেন ৩ জন। অভিযান পরিচালনার সময় আসামীদের তাদের কাছ থেকে ০১টি সামুরাই, ০২টি কাটারী, ০১টি চাপাতি,০২টি ছুরি,০২টি চাকু,০১টি কাটার ও ০১টি হাতুরী উদ্ধার করা হয়েছে।
অদ্য২৫ অক্টোবর ২০২৬ ইং রোজ রবিবার আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের বাসন থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) আব্দুল্লাহ আল মামুন(বিপি-৯৩১২১৫২১৭৬)সঙ্গীয় এস আই /জাহিদুল ইসলাম(বিপি-৭৮৯৮০৩০৭১৪
কং/৭৮৪ মোঃ রিপন মিয়া বিপি-৯১১১১৪৯০৩১,কং/১৮০ মামুনুর রশিদ বিপি-৯৫১৫১৮১১৯১ জিএমপি বাসন থানাধীন যোগীতলা বাংলা লিংক টাওয়ারের সামনে দেলোয়ারের বাড়ীতে কতিপয় দুর্ধর্ষ অস্ত্রধারী অবৈধ অস্ত্রসহ অবস্থান কালে আসামী
মোঃ সুমন(২২)পিতা-ফারুক, মাতা-শিউলী বেগম,
সাং-লক্ষীপুরা,থানা-গাজীপুর মহানগর গাজীপুর।
জান্নাতুল ইসলাম তানহা(২১)পিতা-দেলোয়ার, মাতা-রোজিনা,সাং-চষারা,
থানা ও জেলা-নারায়ণগঞ্জ
পলাতক আসামীর নাম মোঃ আব্দুল রাব্বি(২২)পিতা-দেলোয়ার হোসেন,মাতা-পুতুল বেগম,সাং-যোগীতলা,থানা-
বাসন,গাজীপুর মহানগর, গাজীপুর।
রাজিব(২৫)পিতা-রাজু,সাং-হারিকেন,থানা-গাছা,
গাজীপুর মহানগর, গাজীপুর।
আলমগীর(২৫)পিতা-
অজ্ঞাত,সাং- অজ্ঞাত, থানা-বাসন,গাজীপুর মহানগর, গাজীপুর।
তথ্যসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ১|মো:মেহেদী হাসান(২৮)এর বিরুদ্ধে-১০টি (যার মধ্য মাদক, মরামারি, ডাকাতির প্রস্তুতি মামলা) ০২.মোঃআব্দুল রাব্বি (২২)এর বিরুদ্ধে -০২টি মারামারি ও ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
উল্লেখিত ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে বাসন থানায় এফআইআর নং-৪৩,তারিখ -২৫-১০-২০২৬;ধারা-19(f) The Arms Act,1878; রুজু করা হয়।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এবং ০৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ ফুলমিয়া বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় লুৎফর শেখ, জিহাদ বিশ্বাস, নাহিদ মোল্লা,স্বাক্ষর শেখ, তানভীর হোসেন, মাহাবুব রহমান ও মিরাজ তালুকদারকে গ্রেপ্তার করে আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, শনিবার ( নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।এসময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরতঃ পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে এবং মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস.আই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়।

গ্রেফতার করা ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অব্যাহত আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে দ্বীপের ২৩২ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী পান।

রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।

​শহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

​মাঠজুড়ে সবুজের সমারোহ। মাচা আর লতা-পাতার ভাঁজে ভাঁজে ঝুলছে কচি লাউ।

নীলফামারীর লক্ষ্মীচাপ দুবাছুরী মিয়া পাড়া এলাকার কৃষক শ্রী সুধীর চন্দ্র রায়ের ক্ষেতে গেলে এমনই এক নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে। এ বছর ২৪ শতক জমিতে চার জাতের লাউ চাষ করে তিনি পেয়েছেন অভূতপূর্ব সাফল্য। তবে বাম্পার ফলনের আনন্দ মলিন হয়ে গেছে বাজারের বর্তমান দরপতনের কারণে।

​উৎপাদন ও খরচ:
গত সেপ্টেম্বর মাসে ২৪ শতক জমিতে লাউয়ের বীজ রোপণ করেন সুধীর চন্দ্র রায়। বাঁশের চাঙ্গা (মাচা) তৈরি, বীজ, পানি ও পরিচর্যা বাবদ মোট খরচ হয়েছে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা। রাসায়নিক সারের ওপর নির্ভর না করে তিনি ব্যবহার করেছেন নিজ হাতে তৈরি জৈব সার। পর্যাপ্ত সেচ ও নিবিড় পরিচর্যায় প্রতিটি গাছেই এসেছে ডোগায় ডোগায় প্রচুর লাউ।

​বিক্রি ও আয়ের হিসাব:
গত ১৫ দিন ধরে তিনি ক্ষেত থেকে লাউ তোলা শুরু করেছেন। প্রতিদিন গড়ে ৫০ থেকে ১০০টি করে লাউ তুলছেন তিনি।

​বর্তমান বিক্রি: ইতোমধ্যে তিনি প্রায় ১২,০০০ টাকার লাউ বিক্রি করেছেন।

​ভবিষ্যৎ আশা: মৌসুমের শেষ পর্যন্ত আরও ১৫ থেকে ২০ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী।

​ন্যায্য দাম না পাওয়ার আক্ষেপ:
ক্ষেতে প্রচুর লাউ ধরে থাকলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই কৃষক।

তিনি জানান:
​স্থানীয় আড়তের দর: সরাসরি বাইরে পাঠানোর সুযোগ না থাকায় নীলফামারীর স্থানীয় আড়তে মাত্র ৭-৮ টাকা পিস হিসেবে লাউ বিক্রি করতে হচ্ছে।

​আসল সম্ভাবনা: লাউগুলো যদি সরাসরি ঢাকায় পাঠানো সম্ভব হতো, তবে প্রতিটি লাউ ২০-৩০ টাকায় বিক্রি করা যেত।

​রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠোর পরিশ্রমের পর কাঙ্ক্ষিত মুনাফা না পাওয়ায় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, “এত কষ্ট করে সবজি ফলাই, কিন্তু লাভের বড় অংশই চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। সরাসরি বড় বাজারে বিক্রির ব্যবস্থা থাকলে আমাদের মতো কৃষকরা উপকৃত হতো।”

​তবে এই ক্ষোভের মধ্যেও সুধীর চন্দ্র রায় ভেঙে পড়েননি। তিনি নিয়মিত প্রচুর পরিমাণে শাকসবজি চাষ করেন এবং এলাকার অন্যান্য কৃষকদেরও আধুনিক ও জৈব পদ্ধতিতে সবজি চাষে উৎসাহিত করে যাচ্ছেন।

রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নে মাদকের অবাধ বিস্তারে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও লোকালয়ে সন্ধ্যার পর নিয়মিত বসছে মাদকের রমরমা আসর।

স্থানীয়দের অভিযোগ, এই মাদক কারবারের সাথে জড়িত রয়েছেন ময়েনপুর ইউনিয়নের (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য আজমেরী বেগম। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দৃশ্যমান ভূমিকা না থাকায় সুশীল সমাজ প্রশ্ন তুলেছেন প্রশাসনের নীরবতা নিয়ে।এলাকাবাসী জানান এর আগেও ওই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলেও কোন প্রকার প্রতিকার পায়নি এলাকাবাসী।

গত ১৯ অক্টোবর চুরির হাঁসের বিনিময়ে ইয়াবা প্রদান
ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য আজমেরী বেগমের মাদক কারবারের অভিযোগে তথ্য অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায় পেশাদার সংবাদকর্মী রাখিবুল হাসান রাখিবকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় জাগদীশপুর গ্রামে সংবাদকর্মী মো. রাখিবুল হাসান রাখিবের নিজ বসতবাড়ির সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আজমেরী বেগম। মাদক ব্যবসা নিয়ে আর কোনো খবর প্রকাশ করলে ক্যামেরা ভেঙে ফেলা, হাত-পা কেটে ফেলা ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩৭০, ২২শে অক্টোবর /২০২৬) দায়ের করেছেন।

গত ১৯ অক্টোবর রাতে তিলকপাড়া গ্রামের ডা. ওমর ফারুকের খামার থেকে ১০টি হাঁস চুরির ঘটনা ঘটে। স্থানীয় নয়ন নামের এক যুবক ইউপি সদস্য আজমেরীর কাছ থেকে চুরির হাঁসের বিনিময় ইয়াবা নিয়ে থাকেন। নয়নের কথা সূত্রধরে আজমেরির বাড়িতে অনুসন্ধান গিয়েছিলেন ভুক্তভোগী ওমর ফারুক। প্রথমে বিষয়টি আজমেরি অস্বীকার করেন কিন্তু পরবর্তীতে তার বাড়ির পাশে জবেহকৃত হাঁসের পাখা এবং উচ্ছিষ্ট অংশ পাওয়া গেলে পরে আজমেরি বিষয়টি স্বীকার করেন যে নয়নে কাছে থেকে হাঁস ক্রয় করেছিলেন। কিন্তু হাঁস চুরি অভিযুক্ত নয়ন স্বীকার করেন মাদক কারবারি আজমেরির বাড়ি গিয়ে চুরির হাঁসের বিনিময়ে ইয়াবা নিয়ে থাকেন।
এ ঘটনায় ডা.ওমর ফারুক মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে গত ১৬ অক্টোবর গ্রাম পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশের এএসআই জহুরুল আলমের নেতৃত্বে শুকুরের হাট বাজারে অভিযান চালিয়ে শিশির ও মিল্লাদ হোসেন নামের দুই ইয়াবাসেবীকে আটক করা হয়। পরবর্তীতে তারা পুলিশের কাছে স্বীকার করে যে, নারী মেম্বার আজমেরী বেগমের কাছ থেকেই তারা ইয়াবা ক্রয় করেছিল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সংরক্ষিত নারী সদস্য আজমেরী বেগমের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ভুক্তভোগী সংবাদকর্মী থানায় জিডি করেছেন তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং সেই সাথে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম বন্ধ এবং সংগঠনটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাকসুদুল হকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন আহসানুল্লাহ, সাকিল খান, আব্দুল্লাহ, নাহিদ হৃদয়, পরান, রাকিব, রাফি সরকার, নাঈম, শরিফুল ও আব্দুর রহমানসহ আরও অনেকে।

মিছিল থেকে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম বন্ধ এবং সংগঠনটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তবে এ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, কিংবা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।