October 28, 2026

রুম্মান মাহমুদ শৈশব
বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন তিনটি গ্রামে বাঘের উপস্থিতির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোলা নদীর চরে একটি মৃত গরুর দেহাবশেষ ও বাঘের পায়ের ছাপ পাওয়ার পর খুড়িয়াখালী, সোনাতলা ও রাজাপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সম্ভাব্য বাঘের বিচরণ ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। পাশাপাশি বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা মাইকিং করে সতর্ক করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) রাতে সুন্দরবনসংলগ্ন ভোলা নদীর চরে একটি গরুর দেহাবশেষ দেখতে পান স্থানীয়রা। গরুটিকে বাঘে খেয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা। পরে ওই এলাকায় বাঘের পায়ের ছাপও দেখতে পাওয়া যায়। সোমবার সকালে সুন্দরবনসংলগ্ন পানির এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের তিন গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।

খবর পেয়ে বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা ওয়াইল্ড টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা ফ্যাসিলিটেটর আলম হাওলাদার জানান, ঘটনাস্থলে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে পর্যবেক্ষণ শেষে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাপ্ত আলামত ও তথ্য অনুযায়ী, বাঘটি আবারও সুন্দরবনে ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সেটি পুনরায় লোকালয়ে আসবে না, এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সুন্দরবনের সঙ্গে লোকালয়ের সীমানা লাগোয়া হওয়ায় মাঝেমধ্যে বাঘ ও হরিণ লোকালয়ে চলে আসে।

তিনি আরও বলেন, বাঘের উপস্থিতির আলামত পাওয়ার পর স্থানীয়দের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে রাতে অপ্রয়োজনে চলাচল সীমিত রাখতে হবে। কোনোভাবেই বাঘের ক্ষতি করা যাবে না। কোথাও বাঘের দেখা মিললে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, বাঘের সম্ভাব্য বিচরণ নিয়ে খুড়িয়াখালী, সোনাতলা ও রাজাপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ অব্যাহত রয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি লোকালয়ের মানুষের নিরাপত্তায় সতর্কতামূলক কার্যক্রম চালাচ্ছে বন বিভাগ ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরা।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, বাঘের উপস্থিতির খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয়দের সতর্ক করতে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাঘের দেখা পেলে আতঙ্কিত হয়ে সেটিকে ধাওয়া করা বা আঘাত করা যাবে না। এ ধরনের পরিস্থিতিতে নিরাপদ দূরত্বে থেকে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। স্থানীয়দের সতর্ক থাকতে এবং রাতে অপ্রয়োজনে চলাচল এড়িয়ে চলতে অনুরোধ করা হচ্ছে।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীর শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় অদ্য ২৬ শে অক্টোবর ২০২৬ ইং সোমবার শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিচালনা করেন মোঃ সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি ) শিবপুর। পরিবেশ অধিদপ্তর ও শিবপুর থানা পুলিশের প্রসিকিউশনে পরিচালিত এ অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর বিধি ৮(১) লঙ্ঘন করে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার করার অপরাধে ০২টি মামলা দায়ের করা হয়। অভিযানে মোট ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড ও আদায় করা হয়। এ ঘটনায় কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।
এসময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জন্য সহনীয় পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। শব্দদূষণমুক্ত পরিবেশ গড়তে আইন মেনে চলার আহ্বান জানান এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর অরুন শাহর মাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শিবপুর থানা পুলিশ এর প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বর্ণিত অপরাধে ১(এক) জনকে ১০০(একশত) টাকা অর্থদণ্ড ও ২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পারিবারিক মান সম্মানের দিক বিবেচনা করে নামটি প্রকাশ করা হয়নি। জনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে শিবপুর উপজেলা প্রশাসন এর মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম অব্যাহত থাকবে।‌

ঢাকা প্রতিনিধি:

সরকারি রাজস্ব ফাঁকি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশিত সংবাদে গাজীপুরের হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছিল। ওই সংবাদ প্রকাশের পর দুই সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয় বলে সংশ্লিষ্টদের দাবি। তাঁদের অভিযোগ, সংবাদ প্রকাশের কারণে প্রতিশোধমূলকভাবে মামলাটি করা হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিক নেতারা মনে করছেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

মামলার শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে দুই সম্পাদকের পক্ষে আইনি লড়াই করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান ও অ্যাডভোকেট মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে কেউ মামলা করতেই পারেন। তবে তদন্ত ছাড়াই সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কতটা আইনসিদ্ধ, সে প্রশ্ন রাখতে চাই।

তিনি আরও বলেন, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাবে।

জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বলেন, “সাংবাদিকদের কলম ও অনুসন্ধানী দৃষ্টি থামিয়ে দিতেই এ ধরনের বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে আমরা মনে করি। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। মিথ্যা মামলা কিংবা হুমকি-ধমকি দিয়ে সত্যের অগ্রযাত্রা থামানো যাবে না।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) থেকে ৭২১/৭২২ নম্বরের এই ট্রেনের মাধ্যমে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

এতে চট্টগ্রামে ট্রেন পরিবর্তনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
তবে একটি মাত্র রেক দিয়ে পুরো রুটে ট্রেনটি পরিচালিত হওয়ায় নির্ধারিত সময়ে চলাচল নিয়ে শঙ্কাও দেখা দিয়েছে। এরই মধ্যে মহানগর এক্সপ্রেসের সোমবারের চট্টগ্রাম-ঢাকা রুটের যাত্রা বাতিলের তথ্য পাওয়া গেছে। খালি রেকটি রোববার রাতে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। পরে রাত ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে ট্রেনটি সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, ২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বর্ধিত রুটে ট্রেনটির যাত্রা উদ্বোধন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যায়। অন্যদিকে, মহানগর এক্সপ্রেসে কক্সবাজার যেতে আগ্রহী পাঁচ জেলার যাত্রীদের আগে চট্টগ্রামে নেমে অন্য ট্রেন কিংবা বাসে করে গন্তব্যে পৌঁছাতে হতো।

মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণের ফলে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর যাত্রীরা একই ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

নতুন রুটে মহানগর এক্সপ্রেস চালুর খবরে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ট্রেনটির বর্ধিত রুটের টিকিট বিক্রি শুরুর পর প্রথম দিনের টিকিট দ্রুত শেষ হয়ে যায়। পরবর্তী দিনগুলোর টিকিটের ক্ষেত্রেও একই ধরনের চাহিদা দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ট্রেনটির আসনসংখ্যা ২ হাজার ৭০০-এর বেশি। রোববার ট্রেনটির সাপ্তাহিক ছুটি।

রেলওয়ে সংশ্লিষ্টদের মতে, একটি মাত্র রেক দিয়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন পরিচালনা করা হলে সময়সূচি ঠিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
সাপ্তাহিক ছুটি বাদে সপ্তাহের ছয় দিন চলাচলের ক্ষেত্রে ট্রেনটি ঢাকায় প্রায় দুই ঘণ্টা এবং কক্সবাজারে প্রায় তিন ঘণ্টা সময় পাবে। এ সময়ের মধ্যে ইঞ্জিন পরিবর্তন, ট্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ করতে হবে।

পথে কোনো কারণে ট্রেন চলাচলে বিলম্ব হলে পরবর্তী যাত্রার নির্ধারিত সময়সূচি বজায় রাখা কঠিন হতে পারে।
এর আগে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের যাত্রাপথ জামালপুর পর্যন্ত সম্প্রসারণের পর ট্রেনটির নিয়মিত বিলম্বের বিষয়টি আলোচনায় আসে। ওই ট্রেনটিও একটি রেক দিয়ে আসা-যাওয়া করে।

সব মিলিয়ে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ ব্রাহ্মণবাড়িয়াসহ সংশ্লিষ্ট পাঁচ জেলার যাত্রীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে যাত্রীদের স্বস্তি ধরে রাখতে ট্রেনটির নিয়মিত চলাচল ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা রেলওয়ে কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্তবর্তী এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে এ প্রশিক্ষণে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের কারিগরি দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণেরা মোবাইল ফোন মেরামতের কারিগরি দক্ষতা অর্জন করে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছে বিজিবি। এতে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ প্রদান করে ৫৩ বিজিবি। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, মনাকষা বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্য। বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ সোমবার ( ২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এ সময় অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের, কাজেই এই শিক্ষাপ্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করবো একটু একটু করে এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।

সমাজবিজ্ঞান বনাম বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বনাম ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এই দাবা প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। শরীরচর্চা শিক্ষা দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর ২০২৬।

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে অক্টোবর ( সোমবার) সকাল ১১টা ৪০ মিনিটে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। আইন শৃংখলা মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা অপরাধ দমন,মাদক,বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সমন্বিত ভাবে কাজ করার উপর গুরুত্বরোপ করা হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভুমি) সাজ্জাদ পারভেজ, অফিসার ইনচার্জ মিন্টু রহমান , মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, , এজিএম আলমগীর হোসেন , মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামা মাহমুদা, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, । প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, , সকল ইউপি চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, আমজাদ হোসেন, নুরুন্নবী ফারুকী প্রমুখ।

মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিয়াপালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের পশ্চিম হলদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু তাহের শিকদারের বাড়ির কাছ থেকে পাহাড়ি মাটিভর্তি একটি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বন বিভাগের একটি দল পশ্চিম হলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ি মাটিভর্তি ডাম্পারসহ একজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া নেওয়া হবে।

বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হলদিয়াপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসানসহ বন বিভাগের রেঞ্জের অন্যান্য কর্মী অংশ নেন।

পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারির প্রয়োজন রয়েছে।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি ঃদিনাজপুরের চিরিরবন্দর পার্বতীপুর সীমান্তের পার্বতীপুর অংশে বাড়িতে যাওয়ার চওড়া রাস্তার দ্বন্দ্ব ও নতুন বাড়ি নির্মানের মালামাল ক্রয়ে ক্ষোভের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ হত্যার সাথে জড়িত আসাদুজ্জামান (৩৬) নামে এক যুবককে ঘটনাস্থল থেকেই আটক করে ও গভীর রাতে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড়হাশিমপুর সরকার পাড়া থেকে আলোম হোসেন আলোকে (৪০) আটক করে।
এ ঘটনাটি গত ২৫ অক্টোবর রবিবার বেলা আনুমানিক ১১ টায় উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় এলাকার সোনাপুকুর নয়া মোল্লাপাড়ায় ঘটেছে।
সরজমিনে গেলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, নিহত মনোরঞ্জন রায়ের সাথে নয়া মন্ডল পাড়ার মৃত আজিজুর রহমানের কলেজে পড়ার সময় থেকেই বন্ধুত্ব সম্পর্ক ছিল। অসুস্থ্যজনিত কারনে আজিজুর রহমান মৃত্যুবরণ করলে সমসাময়িক বন্ধুরা একত্রিত হয়ে (মনোরঞ্জন রায়ের বেশকিছু জমি মৃত বন্ধু আজিজুরের বাড়ির পাশে হওয়াতে) তার পরিবারকে দেখভালের দায়িত্ব দেয় শিক্ষক বন্ধু মনোরঞ্জন রায়কে। তখন থেকেই ওই পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল শিক্ষক মনোরঞ্জন রায়ের।
অপরদিকে মৃত আজিজুরের স্ত্রী রোমানা বেগম বাড়ির পার্শ্ববতি এলাকার ফরতাজ হোসেন (৫৬) নামে এক ব্যাক্তিকে ধর্মপিতা হিসেবে গ্রহন করে। সেই থেকে ওই ধর্মপিতা প্রায়ই ওই বাড়িতে যাতায়াত শুরু করে।
গত কয়েকমাস পুর্বে মৃত আজিজুরের স্ত্রী রোমানা বেগম ও সন্তানেরা পাড়ার মধ্যবর্তি তাদের পুরাতন বাড়িটি ভেঙ্গে ফেলে ওই নয়া মোল্লা পাড়ার দক্ষিণ পশ্চিম কোণে নতুন বাড়ি নির্মান শুরু করে। এতে করে নবনির্মিত বাড়ির পার্শ্ববতি বাড়ির মালিক মোস্তাহার, আলোম হোসেন, আসাদুজ্জামান, শরিফুল ইসলামের বাড়িতে যাতায়াতের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে। রাস্তা নিয়ে তাদের সাথে চরম দ্বন্দ্ব শুরু হয়। পর্যাপ্ত জায়গা না ছেড়ে নতুন বাড়ি নির্মানের জন্য শিক্ষক মনোরঞ্জন রায়কে দায়ী করে প্রতিবেশিরা। তখন থেকেই ওই শিক্ষকের উপর ক্ষোভ ছিল মোস্তাহার পরিবারের।

এছাড়াও নতুন বাড়ি নির্মানের সময় কাঠের পাইড়, বাতা, উয়া, টিন সহ বিভিন্ন মালামাল ক্রয় ও নির্মান শ্রমিক ম্যানেজ করতে মৃত আজিজুরের স্ত্রীকে ধর্মপিতা ফরতাজ হোসেন বেশি দর টাকার প্রস্তাব দেয়, শিক্ষক মনোরঞ্জন কম দর টাকার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত মৃত আজিজুরের স্ত্রী ও সন্তানেরা শিক্ষক মনোরঞ্জনের প্রস্তাব মেনে নিয়ে মালামাল ক্রয় করে ও বাড়ি নির্মান শেষ করে। এ নিয়ে ধর্মপিতা ফরতাজ হোসেন চরম ক্ষুদ্ধ হন। ধর্মপিতা ঘটনার দিন সকাল আনুমানিক ১০ টার দিকে ধর্ম মেয়ের বাড়িতে এসে অশালীন কথাবার্তাসহ বকাবকি শুরু করে। এসময় ধর্মমেয়ে প্রতিবাদ করলে তাকে ধর্মপিতা মারপিট করে। এ ঘটনাটি ধর্মমেয়ে রোমানা বেগম মুঠো ফোনে শিক্ষক মনোরঞ্জন রায়কে জানিয়ে দ্রুত তাদের বাড়িতে আসতে বলে। শিক্ষক মনোরঞ্জন রায় মৃত আজিজুরের আপন বড় ভাইকে সাথে নিয়ে বেলা ১১ টার দিকে ওই বাড়িতে যায়। বাড়িতে পৌঁছামাত্র ধর্মপিতা ফরতাজ শিক্ষক মনোরঞ্জনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও ধর্মমেয়ের সাথে পরকিয়ার অভিযোগ করে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক মনোরঞ্জন রায় ধর্মপিতা ফরতাজ হোসেনের গালে একটি চড় দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে ফরতাজ হোসেন প্রতিবেশি বাড়ির মোস্তাহার ও তার ছেলে আলোম হোসেন, আসাদুজ্জামান ও আরেক প্রতিবেশি শরিফুলকে ডেকে আনে। তারা এসে বেড়ার বাঁশের খুটি, কাঠের বাতা, বাশের মুড়া জাতীয় বস্তু সহ লাঠি দিয়ে শিক্ষক মনোরঞ্জন রায়কে বেধড়ক মারপিট শুরু করে। মৃত আজিজুরের বড় ভাই, স্ত্রী, ছেলে ও মেয়ে এসময় তাদের আটকানোর চেষ্টা করলে, তাদেরও মারপিট করা হয়। তাদের মধ্যে প্রচন্ড ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তিতে মোস্তাহারের স্ত্রী আরজু বেগম (৫০), ছেলে আলোম হোসেনের স্ত্রী শারমিন (২৫), প্রতিবেশি মিনু আরা জড়িত হয়ে পড়ে। সুযোগ পেয়ে শিক্ষক মনোরঞ্জন রায় দৌড়ে পালানোর চেষ্টা করলে আলোম হোসেন, ফরতাজ হোসেন, আসাদুজ্জামান, শরিফুল একটি গাছের গাল ভেঙ্গে পিছনে ধাওয়া করে মারতে মারতে প্রায় দেড়শত মিটার দূরে একটি ধানক্ষেতে
ফেলে চলে যায়। পাড়ার লোকজন মনে করে শিক্ষক পালিয়ে গেছে। তারা চুপচাপ থাকে।
দুপুর আনুমানিক আড়াইটার সময় একটি ছেলে ঘাস কাটার সময় শিক্ষক মনোরঞ্জন রায়কে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে মৃত আজিজুরের স্ত্রী, ছেলে মেয়েরা মরদেহটি বাড়িতে নিয়ে আসে। জরুরী সেবা ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও হত্যার সাথে জড়িত আসাদুজ্জামান নামে একজনকে আটক করে। বাকিরা সকলে পালিয়ে যায়।

নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের চকসুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চকসুকদেবপুর গ্রামের মালিপাড়ার অসীম চন্দ্র রায়ের ছেলে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আসাদুজ্জামান নামে এক যুবককে ঘটনাস্থল থেকেই আটক করা হয় ও গভীর রাতে বড়হাশিমপুর সরকার পাড়া থেকে আলোম হোসেন আলোকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় নিহতের বড় ছেলে চন্দন কুমার রায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে

মোঃ ফারুক আহমদ, গাজীপুর

কালিয়াকৈরে বাড়ির মাটির দেয়াল ধসে আছিয়া খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মনির হোসেন (৩৬) আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আছিয়া খাতুনের সাত বছর বয়সী একটি মেয়ে ও সাত মাস বয়সী আরেকটি কন্যাসন্তান রয়েছে।
ঘটনাটি ঘটেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অদ্য ২৫ অক্টোবর ২০২৬ ইং রোজ রবিবার নিশ্চিন্তপুর এলাকায় সাবেক বিএনপির নেতা সুলতান পীরের মাটির বাড়ির দেয়াল ভাঙার কাজ চলছিল। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সময় আছিয়া খাতুন রান্না করছিলেন। দেয়াল ধসে তিনি গুরুতরভাবে চাপা পড়েন। এ ঘটনায় তাঁর স্বামী মনির হোসেনও আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। তবে আছিয়া খাতুনের মৃত্যু হয়। আহত মনির হোসেনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, আছিয়া খাতুনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র সাত মাস বয়সী শিশুসন্তানসহ দুই কন্যাকে রেখে তাঁর এমন মৃত্যুতে পরিবারটি চরম অসহায় পরিস্থিতির মুখে পড়েছে।
তবে এ ঘটনায় দেয়াল ধসের সুনির্দিষ্ট কারণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।