October 29, 2026

অপরাধ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ১০ পিস ট্যাপেনটাডলসহ ওমর ফারুক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেনটাডল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক ধামইরহাট উপজেলার বৈদ্যবাটী গ্রামের হেলাল হোসেনের ছেলে।

পুলিশের দাবি, উদ্ধার করা মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার প্রতিনিধি : সাদ্দাম হোসেন সাজ্জাদ

কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছৈয়দ আলম (৩৮)কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ছৈয়দ আলম ঝিলংঝা ইউনিয়নের মুহুরিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম প্রতিনিধি: সাদ্দাম হোসেন সাজ্জাদ

চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় দুই টন চোরাই কয়লাসহ দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই টন খনিজ কয়লা জব্দ করা হয়। জব্দ করা কয়লার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত দুটি সাম্পান বোটও জব্দ করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী দুই ব্যক্তি পালিয়ে মিয়ানমারে চলে যায় বলে জানিয়েছে বিজিবি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকার ফাইসাখাল আব্দুর রহমানের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ওই এলাকা দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে তারা ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পলিব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থলে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি, গৌরাঙ্গ বিশ্বাস:

টাঙ্গাইলে সোরমান রেজা (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত সোরমান রেজা ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। ইউপি সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতের ভাই হালিম রেজা বলেন, ‘কী থেকে কী হলো, কিছুই বুঝতে পারছি না। ঘটনার সঠিক তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক নারীকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এঘটনাটি ঘটেছে।

নিহত সানজিদা আক্তার (২৩)বরিশালের কোতোয়ালি থানার উলারবাটনা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসা ভাড়া থাকতো সানজিদা আক্তার। তার স্বামী জুয়েল ওমান প্রবাসী। রোববার সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সানজিদা আক্তার গুরুতর আহত হন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে । পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সানজিদা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের ভাইয়ের স্ত্রী সাথী আক্তার বলেন, সকালে এক যুবক নিহত সানজিদার ভাইয়ের খোঁজ করে। পরে এক পর্যায়ে সানজিদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। পূর্ব শত্রুতা বা পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ
নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন


চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা।


চট্টগ্রামের চাঁদগাঁও থানা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অপরিকল্পিত পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সড়কের দুই পাশে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ইচ্ছেমতো পার্কিং করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও রোগীবাহী যানবাহনের চালক-যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, চাঁদগাঁও থানার পুরাতন ও নতুন ভবনের সংলগ্ন এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা ও শৃঙ্খলাপূর্ণ যাত্রী ওঠানামার ব্যবস্থা না থাকায় অনেক পরিবহন চালক সড়কের ওপর কিংবা সড়কের পাশে নিজেদের ইচ্ছেমতো গাড়ি দাঁড় করিয়ে রাখেন। পাশাপাশি নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করানোর কারণে যানজট আরও তীব্র হয়ে ওঠে।
ব্যস্ত সময়ে সড়কের দুই পাশে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকায় যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। ফলে সামান্য যানজট ধীরে ধীরে দীর্ঘ যানজটে রূপ নেয়। বিশেষ করে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন আটকে পড়ায় জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ স্থানীয়দের।
চাঁদগাঁও থানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশেই প্রতিদিন এমন পরিস্থিতি তৈরি হলেও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়মিত নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রশাসনের উপস্থিতি ও নজরদারি থাকা সত্ত্বেও সড়কের ওপর যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধ হচ্ছে না।
এদিকে চাঁদগাঁও এলাকার ওপর দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক ও দর্শনার্থীদের যানবাহনও এ সড়ক ব্যবহার করে। ফলে যানজটের কারণে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত এ সমস্যার সমাধানে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত, সড়কের ওপর অবৈধ পার্কিং বন্ধ এবং নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে চাঁদগাঁও থানা সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
ভারতগামী এক যাত্রীর রেকটামে লুকিয়ে রাখা ৮২ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় আল মামুন (৫৫) নামের এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করা হয়।

আটক আল মামুন ঢাকার মাতুয়াইল ডেমরার শান্তিবাগ স্কুল রোড এলাকার মফিজুল হকের ছেলে। তার পাসপোর্ট নম্বর-এ-২২৫৫৪১৫৫।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় ভারতগামী সন্দেহভাজন বাংলাদেশি পাসপোর্টযাত্রী যাত্রী আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে তার আচরণ ও পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর নিশ্চিত হতে একটি ক্লিনিকে নিয়ে শরীরের এক্সরে পরীক্ষা করা হয়। এতে তার রেকটামে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।

পরে জিজ্ঞাসাবাদে ওই যাত্রী শরীরের অভ্যন্তরে সোনা বহনের বিষয়টি স্বীকার করেন। তার কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক মোশাররফ হোসেন জানায়, আটক সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক স্বর্ণবহনকারীকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

শরীরের অভ্যন্তরে সোনা লুকিয়ে সীমান্ত অতিক্রমের এ কৌশলের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। #

প্রেরক : মো.মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি, যশোর।
তারিখ-২০/০৯/২৬
মোবা: ০১৮৩৫ ০১৯৪৩১,

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হন।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তায় ১২ হাজার কেজি ইউরিয়া সার, ১৯০ বস্তায় ৩ হাজার ৮০০ কেজি রসুন এবং ৯০ বস্তায় ৪ হাজার ৫০০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ সময় বোটে থাকা এক রোহিঙ্গাসহ মোট ১০ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদ সবুর শেখ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

খুলনার ফুলতলা বাজারে পচা মাংস বিক্রি এবং ফ্রিজে সংরক্ষিত মাংসের সঙ্গে তাজা গরুর রক্ত মিশিয়ে লাল করার অভিযোগে আনিস মোল্লা নামে এক মাংস ব্যবসায়ীকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফুলতলা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযানের সময় জব্দ করা মাংসের গুণগত মান পরীক্ষা করেন ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোল্লা পরাগ ইমাম। এ সময় ফুলতলা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য নিরাপত্তা, মাংস সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মতভাবে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সেক্রেটারি এনামুল হোসেন পারভেজ ভূঁইয়া, সংগঠনের অন্যান্য কর্মকর্তা, বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

অভিযানসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, আনিস মোল্লার বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগে ব্যবস্থা নেওয়া ও জরিমানার তথ্য রয়েছে। এরপর আবারও একই ধরনের অভিযোগে অভিযান ও দণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা জানান, বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানান তারা।

তবে অভিযুক্ত আনিস মোল্লার বক্তব্য এ প্রতিবেদনের সময় পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।