

টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি, গৌরাঙ্গ বিশ্বাস:
টাঙ্গাইলে সোরমান রেজা (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত সোরমান রেজা ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। ইউপি সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের ভাই হালিম রেজা বলেন, ‘কী থেকে কী হলো, কিছুই বুঝতে পারছি না। ঘটনার সঠিক তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।
ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।




