October 28, 2026

DailyJanotarDiary@gmail.com

ডেইলি জনতার ডায়েরি একটি অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সংবাদ প্রতিবেদন ও বিভিন্ন ফিচারধর্মী কনটেন্ট প্রকাশ করা হয়।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগে আসাদুজ্জামান বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শনিবার (২৪ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো নোটিশে তাঁকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান বিপ্লব জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও পৌরসভার ইজারার টোল আদায়সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ করেছেন বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ উত্থাপিত হয়েছে। এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার টাকা দাবির ঘটনা ঘটে।

সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক ওই মাইক্রোবাসে করে নবীনগরের ধরাভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে তাঁদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ ওঠে।

এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁদের মারতে উদ্যত হওয়া এবং সংসদ সদস্যের ভাতিজা পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে নোটিশপ্রাপ্ত বিপ্লবের বক্তব্য জানা যায়নি।

ইজারা বাতিলের উদ্যোগ
ঘটনার পর নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. রাকিবুল ইসলাম জানান, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানান।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নিজের কোনো ভাতিজা নেই বলে জানান এবং পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের জন্য বলেন।

এই বিষয়ে সত্যতা স্বীকার করে আসাদুজ্জামান বিপ্লব মুঠোফোনে জানান আগামীকাল সকালে সংবাদ সম্মেলন করার পর কথা বলব।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কারণ দর্শানোর নোটিশের পর এখন আসাদুজ্জামান বিপ্লবের ব্যাখ্যা এবং তাঁর বিরুদ্ধে সংগঠন কী ধরনের সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িত সব আসামির দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে আন্দোলন পরিচালনার লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।

সংগঠনটির চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে সভাপতি করে প্রস্তাবিত এ কমিটিতে আরও ছয়জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন সংগঠনের কেন্দ্রীয় ইউনিটের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, সাংবাদিক মাহমুদুল হাসান রিয়াদ, সাংবাদিক বিল্লাল হোসেন মানিক, সাংবাদিক জামাল উদ্দিন খান, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সাংবাদিক সায়লা আপরোজ চৌধুরী।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সূত্রে জানা গেছে, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ কমিটি কাজ করবে।

কমিটির অন্যতম দায়িত্ব হবে নেত্রকোনার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন, হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জোরদার করা।
পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও সম্ভাব্য পরিকল্পনাকারীদের শনাক্তের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
এ ছাড়া নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় আইনগত সহায়তার উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীদের সমন্বয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার বিষয়েও কমিটি কাজ করবে।

সংগঠনটির চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক বলেন, ‘সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করা শুধু একটি পরিবারের দাবি নয়; এটি দেশের সমগ্র সাংবাদিক সমাজের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ জানিয়েছে, মামলার নিরপেক্ষ তদন্ত, জড়িত সব অপরাধীর গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণের উদ্যোগ অব্যাহত থাকবে।

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :-

শনিবার ২৪/১০/২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় সেনবাগ উপজেলাধীন ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মো: হানিফ মিয়া (৩৫),পিতা- জয়নাল মিয়া,গ্রাম -সাহাপুর, থানা -সেনবাগ জেলা -নোয়াখালী এর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে একই মালিকের , তিনটি রুম বিশিষ্ট বসতঘর আসবাবপত্র সহ পুড়ে যায়। আগুনে মোট ক্ষতির পরিমাণ নগদ ১৫০০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ঘরসহ আসবাবপত্রের ক্ষতির পরিমাণ অনুমান ২৫০০০০ (দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা) সহ সর্ব মোট ৪ (চার লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন, কিন্তু ততক্ষণ আগুনের লেলিহান শিখায় ঘর এবং ঘরের আসবাবপত্রসহ সবকিছু ধংশস্তূপে পরিণত হয় । ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতির স্বাভাবিক।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকায় কুমিল্লা–সিলেট মহাসড়কের পাশে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্তে প্রাথমিকভাবে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া চিকিৎসকের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে পাওয়া গেছে। ওই প্রেসক্রিপশন থেকে নারীর নাম রত্না বেগম (৩৯) এবং তাঁর ঠিকানা কসবা বলে জানা গেছে।

প্রেসক্রিপশনটি ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে অবস্থিত দি ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালের। এতে অধ্যাপক সরোজ কুমার দাশের নাম উল্লেখ রয়েছে।
তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, মরদেহটির পরিচয় নিশ্চিত করতে তাঁর স্বজন, পরিচিতজন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। কেউ রত্না বেগমকে চিনে থাকলে অথবা তাঁর পরিবারের সন্ধান জানলে দ্রুত নিকটস্থ থানা বা হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।মরদেহটির পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডে শৈলডুবী এলাকায় একটি কারখানার ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুনের ভয়াবহ তীব্রতায় দ্রুত আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। ফলে বাসাবাড়িসহ পাশের একটি গোডাউনে আগুন লাগার ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। তবে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে। আগুনের তীব্রতায় অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ঠিক কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয় ক্ষতির পরিমাণ কত সে সম্পর্কে এখনো অব্দি জানা যায়নি। ফায়ার সার্ভিসে একটি ইউনিটের পানি শেষ হওয়ার পরই পাশের একটি ডিকে ফ্যাক্টরি থেকে পানি সরবরাহ করা হচ্ছে। আগুন লাগার এক ঘন্টা পরে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এই রিপোর্ট পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ অক্টোবর (শনিবার) ভোররাত ০৩:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়।​অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ‘Fairdyl’ সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৯১,৪০০ (একানব্বই হাজার চারশত) টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার প্রতিনিধি।

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বিকেলে মন্ত্রী টেকনাফ উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মতবিনিময় সভা শেষে বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৬ জন সদস্যের মধ্যে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট ৯২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য পদ সহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
জানে আলম মিয়া (বিরু) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

লিখিত বিবৃতিতে পদত্যাগের কারণ উল্লেখ করে তিনি জানান, বয়স জনিত কারণে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। পাশাপাশি পারিবারিক সমস্যার কারণে তাঁর পক্ষে রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, নিজের জ্ঞান ও বিবেচনায়, স্বেচ্ছায় এবং কারও চাপ ছাড়াই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ-পদবি থেকে তিনি স্থায়ীভাবে পদত্যাগ করেছেন।

জানে আলম মিয়া (বিরু) বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হবেন না। জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত ও পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটাতে চান।

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলামের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান, জুয়া খেলা ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার, পুলিশ আইনের ৩৪ ধারায় আটক এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার ধীতুয়া এলাকায় জনৈক সূর্যের খাদ্য মিলের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ অভিযানের সময় ২০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা।

এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিপন মিয়া (৩৫), মো. বাবলু মিয়া (৩০) ও মো. শরীফ হোসেন (৪২)। তাঁদের বাড়ি ধীতুয়া ও হাতিল এলাকায়।

অন্যদিকে এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলার দাওগাঁও এলাকায় জনৈক কাছেদের নির্মাণাধীন একটি বসতঘর থেকে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসির উদ্দিন (৫০), মো. আব্দুল মান্নান (৬০), মো. আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মো. মোশারফ হোসেন (৩৪)। তাঁদের বাড়ি দাওগাঁও পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এলাকায়।

অপরদিকে মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে পুলিশ আইনের ৩৪ ধারায় মো. খাইরুল ইসলাম (৪৫) ও মো. মোশারফ হোসেন (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এসব অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক বিরোধী কার্যক্রম, জুয়া প্রতিরোধ ও অপরাধ ধমনে জেলার মুক্তাগাছা থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ২০ অক্টোবর অভিযোগপত্র দেওয়া হলেও শুক্রবার পুলিশ মিডিয়া সেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, দুই কিশোরসহ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্তে তাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

অভিযোগপত্রে আসামি করা হয়েছে সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। শিশু আইন অনুযায়ী, অভিযোগপত্রে ওই দুই কিশোরকে শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বর্তমানে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।

এর আগে গত শনিবার কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

নিহত অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার জানান, বৃহস্পতিবার রাতে তিনি অভিযোগপত্র দাখিলের বিষয়টি জেনেছেন। তবে বিস্তারিত কিছু জানেন না। তিনি দ্রুত মামলার রায় দেওয়ার দাবি জানান। তার অভিযোগ, দুই আসামির বয়স কম দেখানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের বয়স পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ বলেন, চার্জশিট দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি পুলিশ মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। ওই দিন সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। আসামিদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরপর কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ