সরকারি ভবনে এই গাফিলতি মেনে নেওয়া হবে না, জড়িতদের কঠোর শাস্তি হবে— পীরগঞ্জে ২ শ্রমিকের মৃত্যুতে এমপি


সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ পৌরসভায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ পৌরসভা ভবনের সম্প্রসারিত অংশের বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুর সদর উপজেলার শিহাব উদ্দিন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পৌরসভা ভবনের দ্বিতীয় তলার বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। ঢালাই চলাকালীন হঠাৎ অস্থায়ী সাটারিং (খুঁটি ও কাঠ) ভেঙে পুরো ছাদটি নিচে ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় জনতা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তারা ধ্বংসস্তূপের নিচ থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। এছাড়া আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত শ্রমিকদের খোঁজখবর নেন। সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পৌরসভা ভবনের মতো একটি সরকারি স্থাপনা নির্মাণের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক যে অসাবধানতা ও গাফিলতির কারণে দুটি তাজা প্রাণ ঝরে গেল। তদন্ত করে এই দুর্ঘটনার সাথে জড়িত দায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি নিহত দুই শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাৎক্ষণিকভাবে প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীউল বারী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণকাজ পরিচালনা করে আসছিল। নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার খবর পেয়ে রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবন নির্মাণে কোনো ধরনের অবহেলা বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
















