October 29, 2026

DailyJanotarDiary@gmail.com

ডেইলি জনতার ডায়েরি একটি অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সংবাদ প্রতিবেদন ও বিভিন্ন ফিচারধর্মী কনটেন্ট প্রকাশ করা হয়।

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার,গাইবান্ধা

গাইবান্ধা পুরান জেলখানা মোড়ে ডিবি পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেলের ট্যাংকির নিচে বিশেষ কৌশলে ফিটিং করা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ সময় মোটরসাইকেল চালক মোঃ হামিদুল হক (২৩)-কে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা ডিবি পুলিশ। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়।
ডিবি পুলিশ জানায়, চেকপোস্টে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকির নিচে ফিটিং করা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হামিদুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২২টি ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল থেকে কুমিল্লাগামী সড়কের পাশে জনৈক মোমিনুল হকের ধানক্ষেতের দক্ষিণ-পশ্চিম কোণে কাদাপানির ভেতর থেকে ২২টি ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. নুর আল-আহসানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি শাকিল মিয়াকে (শশীদল উত্তরপাড়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা) গ্রেপ্তার করা হয়। তিনি মো. গিয়াস উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শাকিল মিয়াকে মঙ্গলবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রত্যাশা করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান। এছাড়া ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম, প্রক্টর ড. এসএম আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আইন বিভাগ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ মুখোমুখি হয়।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালনায় আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ-মশোর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল সুবেদার মো. ইমরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে ওই এলাকায় এলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহলদল ধাওয়া করে তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭টি ইয়াবা ট্যাবলেট, দুটি বাটন মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। একটি সাইকেলও জব্দ করা হয়।

আটক রাকিব ইসলাম পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মো. আইবুল ইসলামের ছেলে।

পরে আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং একটি সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুরে এক মাদক দ্রব্য নির্মূল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপীনাথপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

গত ২১ শে সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় গোপীনাথপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই সমাবেশটি এক বিশাল জনসচেতনতামূলক আন্দোলনে রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

প্রধান অতিথি আশিক জামান বলেন, মাদক কেবল একজন তরুণকে ধ্বংস করে না, বরং একটি পরিবার এবং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মিঠাপুকুরের মাটি থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক দমনে যুব সমাজ ও সাধারণ মানুষের এই ঐক্যবদ্ধ উদ্যোগকে তারা স্বাগত জানান এবং যেকোনো মূল্যে এলাকাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ১৩ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীলিপ পাইকার, কাজী আবেদ আলী, ইউপি সদস্য আসাদুজ্জামান রিজু, আনসার ভিডিপির সদস্য নাজমুল হাসান, তাহাজুল সরকার ও বায়জিদ বোস্তামী প্রমুখ।

বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর বিশেষ জোর দেন। সমাবেশ শেষে যুব সমাজ ও স্থানীয় বাসিন্দারা গোপীনাথপুর এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার এবং মাদক বিক্রেতাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করেন।

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার,প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার অভিযোগে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়ার ইনানী এলাকার আশেক (১৯) ও ইমরান উদ্দিন (২০)।

এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ ফেব্রুয়ারি উখিয়ার মনখালী এলাকার ১৪ বছর বয়সী কিশোর মো. মাইমুন উদ্দিন জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপহরণকারীরা কিশোরের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে কিশোরকে হত্যার পাশাপাশি বিষয়টি প্রশাসনকে জানালে তাকে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল। অভিযানে আশেক ও ইমরান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কিশোরকে মানবপাচারের উদ্দেশ্যে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার আশেকের বাবার নাম বাদশা মিয়া এবং ইমরান উদ্দিনের বাবার নাম মো. আবুল কালাম। তারা দুজনই উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মানবপাচার ও অপহরণ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি জামে মসজিদের অভ্যন্তরে চেয়ার, টেবিল ও সোফা বসিয়ে সভা আয়োজনকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই সভার স্থিরচিত্র সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শনিবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমি মাদ্রাসা জামে মসজিদে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি সংসদ সদস্য মো. আয়নুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোদলা কওমি মাদ্রাসা ও জামে মসজিদের পরিচালনা ব্যয় ও বকেয়া খরচ পরিশোধসহ প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা চেয়ে সংসদ সদস্য ও স্থানীয় বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়। সভায় অতিথিদের বসার জন্য মসজিদের ভেতরে চেয়ার, টেবিল ও সোফার ব্যবস্থা করা হয়।

সভাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মসজিদের অভ্যন্তরে এ ধরনের আয়োজন এবং আসবাবপত্র ব্যবহারের বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। কেউ কেউ মসজিদের পবিত্রতা ও ধর্মীয় পরিবেশের বিষয়টি উল্লেখ করে সমালোচনা করেন। তবে এসব প্রতিক্রিয়া মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ব্যক্তিগত মতামত ও মন্তব্য।

এ বিষয়ে সভায় উপস্থিত বিএনপি নেতারা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, “এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। মাদ্রাসা ও মসজিদের বকেয়া খরচ পরিশোধ এবং প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য কর্তৃপক্ষ সংসদ সদস্যসহ আমাদের আমন্ত্রণ জানিয়েছিল।”

তিনি আরও বলেন, সেখানে গিয়ে তারা মসজিদ ও মাদ্রাসার ভেতরে অতিথিদের জন্য চেয়ার-সোফার ব্যবস্থা দেখতে পান। তাঁর দাবি, বসার এই ব্যবস্থা মসজিদ কর্তৃপক্ষই করেছিল। সভায় মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সভা আয়োজনের ধরন ও আসবাবপত্র ব্যবহারের উপযুক্ততা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত থাকলেও, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে আয়োজিত সভাটি রাজনৈতিক কর্মসূচি ছিল কি না এবং মসজিদের অভ্যন্তরে এ ধরনের আয়োজনের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল—এসব বিষয় নিয়েই মূলত আলোচনা চলছে।

মোঃ রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সনি আকরাম ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের প্রতি সচেতনতা ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “সচেতন হই, ডেঙ্গুমুক্ত থাকি।” ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে কোনো স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুলের টব, বালতি, ড্রাম, বোতলসহ যেসব পাত্রে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পানির পাত্র ঢেকে রাখতে হবে এবং বাড়ির আশপাশের আবর্জনা ও পরিত্যক্ত জিনিসপত্র পরিষ্কার রাখতে হবে।

এছাড়া মশার কামড় থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, জানালা-দরজায় মশারোধী নেট ব্যবহার এবং শিশু ও বয়স্কদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেঙ্গুর সম্ভাব্য লক্ষণ হিসেবে উচ্চ জ্বর, প্রচণ্ড দুর্বলতা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি ও পেটের সমস্যাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সনি আকরাম বলেন, সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একজনের সচেতনতা একটি পরিবারকে এবং একটি পরিবারের সচেতনতা পুরো এলাকাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোগা গ্রামের মায়ার বাজার এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভোগা গ্রাম ও আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম আরিফ উপস্থিতদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সঙ্গে সমন্বয় করে রামানন্দ খাজুরা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

আরিফুল ইসলাম আরিফ জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির কাছে তিনি মনোনয়ন প্রত্যাশা করবেন। দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা, ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন

বেনাপোল প্রতিনিধি : মনির হোসেন

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে এর প্রভাব পড়তে শুরু করেছে। গন্তব্যভেদে পণ্যবাহী ট্রাকের ভাড়া ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে ব্যবসায়ীরা বাড়তি পরিবহন ব্যয়ের মুখে পড়েছেন। একই সঙ্গে ট্রাক সংকট দেখা দেওয়ায় অনেক আমদানিকারক সময়মতো পণ্য খালাস ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে পারছেন না। পরিবহন ব্যয় বাড়ায় নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। নতুন দাম রোববার রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বেনাপোল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছেন ট্রাক মালিকরা। খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে একটি ট্রাকের ভাড়া ছিল ২০ থেকে ২১ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে ২৫ থেকে ২৬ হাজার টাকা হয়েছে। চট্টগ্রাম রুটে আগে ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া নেওয়া হলেও এখন ৩৫ থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ রুটেও ভাড়া প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা বেড়েছে।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমদানিকারক ও সিএন্ডএফ ব্যবসায়ীরা। অনেক প্রতিষ্ঠানের সঙ্গে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আগে থেকেই বার্ষিক চুক্তি থাকায় হঠাৎ করে ভাড়া বাড়ানোর কারণে অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে তাদের। কেউ কেউ লোকসান দিয়েও পণ্য পরিবহন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্রাকচালক নাজমুল ইসলাম বলেন, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে একটি ট্রিপে প্রায় ১৫০ লিটার জ্বালানি তেল প্রয়োজন হয়। প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ায় শুধু জ্বালানি খরচই কয়েক হাজার টাকা বেড়েছে। এর সঙ্গে ফেরি ভাড়া, সেতুর টোলসহ অন্যান্য ব্যয় রয়েছে। এসব কারণে প্রতি ট্রিপে বাড়তি ভাড়া নিতে হচ্ছে।

অপর চালক সাদ্দাম হোসেন বলেন, তিনি কেমিক্যাল নিয়ে ভালুকার উদ্দেশে যাচ্ছেন। আগের তুলনায় প্রায় চার হাজার টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকরা জানান, বন্দরে দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার শ্রমিক প্রতিদিন পণ্য ওঠানো-নামানোর কাজে যুক্ত। ট্রাক সংকট ও ভাড়া বৃদ্ধির কারণে আমদানি করা অনেক পণ্য সময়মতো খালাস হচ্ছে না। আগে প্রতিদিন যেখানে ৪০০ থেকে ৬০০ ট্রাক পণ্য লোড-আনলোড হতো, বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিকদের কর্মসংস্থানেও প্রভাব পড়তে পারে বলে তারা জানান।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, ফেরি ভাড়া ও টোলসহ বিভিন্ন ব্যয় বাড়ায় দেশের বিভিন্ন রুটে পণ্য পরিবহনের ভাড়া বেড়েছে। এর পাশাপাশি ঢাকা থেকে ফেরার পথে অনেক সময় ট্রাকের জন্য পর্যাপ্ত পণ্য পাওয়া যায় না। ফলে ট্রাক মালিকদের একমুখী পরিবহনের খরচও পুষিয়ে নিতে হচ্ছে। এতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংকট তৈরি হয়েছে।

তিনি জানান, প্রতিদিন বেনাপোল বন্দর থেকে দুই শতাধিক কাভার্ড ভ্যানসহ প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন গন্তব্যে যায়। বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি ও ট্রাক সংকটের কারণে স্বাভাবিক পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মতিয়ার রহমান বলেন, বেনাপোল দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রাক মালিকরা গন্তব্যভেদে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন। এতে ব্যবসায়ীদের পরিবহন খরচ বেড়েছে। অতিরিক্ত খরচের প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে পড়তে পারে বলে তিনি জানান।

বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ট্রাক সংকটের কারণে পণ্য পরিবহনের খরচ অনেক বেড়েছে। বিশেষ করে কাঁচা ও পচনশীল পণ্য দ্রুত খালাস করে গন্তব্যে পাঠাতে না পারলে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। বাধ্য হয়ে অনেক ব্যবসায়ী অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্য পরিবহন করছেন।

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহন খরচও বেড়েছে। এর প্রভাব বিভিন্ন পণ্যের দামের ওপর পড়তে পারে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের বাড়তি দামে পণ্য কিনতে হতে পারে।

ব্যবসায়ীদের মতে, বেনাপোল বন্দরের পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে জ্বালানি ও পরিবহন খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম ও বাজারদরেও এর প্রভাব পড়তে পারে।