October 29, 2026

DailyJanotarDiary@gmail.com

ডেইলি জনতার ডায়েরি একটি অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সংবাদ প্রতিবেদন ও বিভিন্ন ফিচারধর্মী কনটেন্ট প্রকাশ করা হয়।

চট্টগ্রাম প্রতিনিধি: সাদ্দাম হোসেন সাজ্জাদ

চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় দুই টন চোরাই কয়লাসহ দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই টন খনিজ কয়লা জব্দ করা হয়। জব্দ করা কয়লার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত দুটি সাম্পান বোটও জব্দ করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাত ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ময়নাতদন্ত ও তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছিল। পরে তিনি ওই তরুণীকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে জানিয়েছিলেন।

সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী দুই ব্যক্তি পালিয়ে মিয়ানমারে চলে যায় বলে জানিয়েছে বিজিবি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকার ফাইসাখাল আব্দুর রহমানের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ওই এলাকা দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে তারা ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পলিব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থলে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি।


দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’এক্সপ্রেস ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।

দেশের বৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল। এই বন্দর দিয়ে যাতায়াত করে হাজারও পাসপোর্ট যাত্রীসহ শত শত আমদানি-রপ্তানিবাহী ট্রাক।

নিরাপদ ও সহজ যাতায়াতে ২০১৭ সালের ৯ নভেম্বর চালু হয় খুলনা-বেনাপোল কলকাতা রুটে
বন্ধনএক্সপ্রেস ট্রেনটি।

তবে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে বন্ধ হয়ে যায় দুই দেশের রেল চলাচল। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়। বন্ধনএক্সপ্রেস ও মৈত্রী রেল চালু হলে উপকৃত হবে দু দেশের নাগরিকরা। বাঁচবে সময় ও খরচ।

বেনাপোল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা পেলেই দুই দেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে। স্টেশন মাস্টার মো. আয়নাল হাসান জানান, যাত্রী সেবায় বেনাপোল রেল স্টেশন এলাকা প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুত হচ্ছে ওয়েটিং রুমসহ স্টেশন এলাকা।

বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী ট্রেন চালু হলে উপকৃত হবেন ভ্রমণ, চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে যাতায়াতকারী উভয় দেশের যাত্রীরা। বাড়বে সরকারের রাজস্ব আয়ও। #
প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:-২০/০৯/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি, গৌরাঙ্গ বিশ্বাস:

টাঙ্গাইলে সোরমান রেজা (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত সোরমান রেজা ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। ইউপি সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতের ভাই হালিম রেজা বলেন, ‘কী থেকে কী হলো, কিছুই বুঝতে পারছি না। ঘটনার সঠিক তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

সাদ্দাম হোসেন সাজ্জাদ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪-এ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের অংশগ্রহণে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি জোরদারে যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘Youth-Led Dialogue for Peaceful Coexistence: Camp & Host Community Youth Peacebuilders with Camp-In-Charge’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাম্প-২৪-এর ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) গোলাম ফারুক। এ সময় বক্তব্য দেন ক্যাম্পের সিএমও শাহেদুল ইসলাম, পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ ইরফাত, স্থানীয় সংস্থা SHY Society-এর প্রতিনিধি মোহাম্মদ বোরহান উদ্দিন, পিস চ্যাম্পিয়ন সাগরিকা, পিস বিল্ডার মিনারা আক্তার এবং লেদা নাফ পিস ক্যাফের পিস চ্যাম্পিয়ন আব্দুর রহমান।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তরুণদের ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে যুবসমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের মধ্যে যোগাযোগ বাড়ানো, পারস্পরিক বোঝাপড়া তৈরি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যৌথভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পিস বিল্ডার মোহাম্মদ সোহেল।

আলোচনা সভা শেষে ক্যাম্প-২৪ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নাফ ইয়ুথ পিস ক্যাফের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে রোহিঙ্গা ও বাংলা গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিল্পী অংশ নেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর দুই শতাধিক ইয়ুথ পিসবিল্ডার অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে নাশতা পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান, যুবদের নেতৃত্বে এ ধরনের সংলাপ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও সামাজিক সংহতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তরুণদের মধ্যে শান্তি, সহনশীলতা ও সহযোগিতার চর্চা বাড়লে ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সাদ্দাম হোসেন সাজ্জাদ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
ডেইলি জনতার ডায়েরি

ম. ম. রবি ডাকুয়া
বাগেরহাট প্রতিনিধি:

যান্ত্রিক ত্রুটির কারণে টানা আট দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে ইউনিটটি সচল করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এর ফলে কেন্দ্রটির দুটি ইউনিটই বর্তমানে উৎপাদনে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কেন্দ্রটির প্রকৌশলী ও কারিগরি বিভাগের কর্মকর্তারা ত্রুটি শনাক্ত করে মেরামত ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন। দীর্ঘ প্রায় আট দিন কাজ শেষে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়।

রোববার দুপুরে উৎপাদন শুরুর পর দ্বিতীয় ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে চাহিদা ও ইউনিটের সক্ষমতা অনুযায়ী উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি মেরামত করে দ্বিতীয় ইউনিট পুনরায় চালু করা হয়েছে। এখন থেকে জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটটি পুনরায় উৎপাদনে ফেরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দ্বিতীয় ইউনিট বন্ধ থাকায় গত কয়েকদিন কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা কমে গিয়েছিল। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ওপরও এর প্রভাব পড়ে। এখন দ্বিতীয় ইউনিট চালু হওয়ায় সেই ঘাটতি কিছুটা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কারিগরি তদারকির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও সময়মতো রক্ষণাবেক্ষণ করা হলে আকস্মিক যান্ত্রিক ত্রুটির ঝুঁকি কমানো সম্ভব বলে মত তাদের।

কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রটির দুটি ইউনিটের উৎপাদন কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। জাতীয় গ্রিডে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এখন সংশ্লিষ্টদের প্রধান লক্ষ্য।

দ্বিতীয় ইউনিটটি পুনরায় উৎপাদনে ফেরায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের পথ সুগম হয়েছে। জাতীয় গ্রিডের স্থিতিশীলতা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রটির দুটি ইউনিটের নিরবচ্ছিন্ন উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

ম. ম. রবি ডাকুয়া
বাগেরহাট প্রতিনিধি
ডেইলি জনতার ডায়েরি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের বড়পানাসিয়া গ্রাম থেকে মো. জুয়েল রানা (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জুয়েল রানা বড়পানাসিয়া গ্রামের কৃষক মো. হাছেন আলী ও মোছা. রোশনা আরা বেগমের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের পর আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ জুয়েল রানার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন আনুমানিক ৫৫ কেজি এবং মাথার চুল ছোট। তিনি স্বাভাবিক বাংলা ও স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন।

এ ঘটনায় জুয়েলের বাবা মো. হাছেন আলী বাদী হয়ে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১১১, জিডি ট্র্যাকিং নং-8P0W95) করেছেন।

দীর্ঘদিনেও ছেলের সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তার মা-বাবা। তারা জুয়েল রানার সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন।

কোনো সহৃদয় ব্যক্তি জুয়েল রানার সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে তার মা মোছা. রোশনা আরা বেগমের সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
মোছা. রোশনা আরা বেগম (মা)
📞 ০১৭০১৯৬৪৩৪৭
📞 ০১৮৬৫১৫৭৪৫৩
📞 ০১৩৩৭২১৪৯৮০

ঠিকানা: বড়পানাসিয়া, পীরগাছা সদর ইউনিয়ন, পীরগাছা, রংপুর।

নিজস্ব প্রতিবেদক।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক নারীকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এঘটনাটি ঘটেছে।

নিহত সানজিদা আক্তার (২৩)বরিশালের কোতোয়ালি থানার উলারবাটনা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসা ভাড়া থাকতো সানজিদা আক্তার। তার স্বামী জুয়েল ওমান প্রবাসী। রোববার সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সানজিদা আক্তার গুরুতর আহত হন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে । পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সানজিদা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের ভাইয়ের স্ত্রী সাথী আক্তার বলেন, সকালে এক যুবক নিহত সানজিদার ভাইয়ের খোঁজ করে। পরে এক পর্যায়ে সানজিদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। পূর্ব শত্রুতা বা পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

​মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএনবি মোড় এলাকায় অবস্থিত ‘জাফর হোমিও হল’ নামের একটি প্রতিষ্ঠানে চলছে রমরমা অপচিকিৎসা বাণিজ্য। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডা. মো. জাফর আহামদ কোনো রকম উচ্চতর প্রাতিষ্ঠানিক চিকিৎসা ডিগ্রি ছাড়াই সাইনবোর্ড ঝুলিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। তিনি ক্যান্সার, কিডনি পাথর, প্যারালাইসিস, কুকুরের কামড়, সাপের দংশন, বিষপান এমনকি নারীদের বিভিন্ন জটিল রোগের তথাকথিত ‘সুচিকিৎসা’র দাবি করছেন।
​অনুসন্ধানে জানা যায়, প্রাতিষ্ঠানিক কোনো যোগ্যতা না থাকলেও ডা. জাফরকে এই অবৈধ কার্যক্রমে নিয়মিত সহযোগিতা করছেন স্বনামধন্য ওষুধ কোম্পানি এসিআই (ACI)-এর প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) ফিরোজ নামের এক ব্যক্তি।
​এক ভিডিও সাক্ষাৎকারে ডা. জাফর নিজেই স্বীকার করেছেন যে, তার কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডাক্তারি ডিগ্রি, বিএমডিসি (BMDC) রেজিস্ট্রেশন কিংবা হোমিওপ্যাথি বোর্ডেরও অনুমোদন নেই। কেবল স্থানীয় কিছু প্রাথমিক প্রশিক্ষণ ও বংশগত পরিচয়ের ওপর ভর করেই তিনি দীর্ঘদিন ধরে এই চিকিৎসা পেশা চালিয়ে যাচ্ছেন।
​আরও গুরুতর অভিযোগ হলো—কোনো রোগের ক্ষেত্রে নির্দিষ্ট প্রেসক্রিপশন না দিয়েই তিনি রোগীদের বিভিন্ন উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকেন। এমনকি ডায়াবেটিস ও ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীকেও ‘ক্যান্সারের রোগী’ বানিয়ে অপচিকিৎসা দেওয়ার চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে এ প্রতিবেদকের ক্যামেরায়।
​স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভুয়া ও অপ্রশিক্ষিত চিকিৎসকদের কারণে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন। সচেতন মহল অবিলম্বে এ ধরনের অবৈধ চিকিৎসালয় ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম জানান, ভুয়া ও ডিগ্রিহীন চিকিৎসকদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ও তদন্ত সাপেক্ষে উক্ত অবৈধ চিকিৎসালয়ের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।