


সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ০৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ১০ অক্টোবর/২৬ এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর-এর ‘খ’ সার্কেলের পরিদর্শক এস. এম. এলতাস উদ্দিনের নেতৃত্বে উপজেলার পৃথক দুটি স্থানে এই সফল অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ তুহিন মিয়া (২৫): তিনি মিঠাপুকুরের চিথলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। আভিযানিক দল তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করে।
মোঃ দুলু মিয়া (৫০): তিনি উপজেলার নানকর রসুলপুর এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে পৃথক ০২টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় আসামিদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করতে হবে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং মিঠাপুকুর উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এই ধরণের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।




