

সাজেদুর রহমান সবুজ রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে গত ৯ই নভেম্বর রাতে ককটেল নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের অপতৎপরতা রুখতে আজ ১০ই নভেম্বর (মঙ্গলবার) রাজপথে ‘লীগ ধর’ হুংকার দিয়ে ম্যারাথন কর্মসূচি ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিঠাপুকুর থানা শাখা।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক ম্যারাথন কর্মসূচির রূপ নেয়।
এ সময় শিবিরের নেতাকর্মীরা ‘এক একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ স্লোগানে পুরো রাজপথ মুখরিত করে তোলেন এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিঠাপুকুর থানা সভাপতি আলামিন বলেন,গত সোমবার রাতে মিঠাপুকুর থানা ও ঢাকা-রংপুর মহাসড়কের ওভারপাস এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। জর্দ্দার কৌটায় তৈরি এই ককটেলগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পুলিশ ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের চিহ্নিত সন্ত্রাসীরা দেশ অস্থিতিশীল করতে এই কাপুরুষোচিত অপচেষ্টা চালিয়েছে।
সংক্ষিপ্ত সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে থানা সভাপতি আলামিন স্পষ্ট হুঁশিয়ারি ও তিন দফা দাবি জানান,সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে ৯ই নভেম্বর রাতের ককটেল হামলার পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের যেকোনো ধরনের গোপন বা প্রকাশ্য অপতৎপরতা প্রশাসনকে কঠোর হস্তে দমন করতে হবে।সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
থানা সভাপতি আলামিন হুংকার দিয়ে বলেন, প্রশাসন যদি অপরাধীদের দমনে ব্যর্থ হয়, তবে জননিরাপত্তা রক্ষায় ছাত্রসমাজ সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।
উক্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।




