

মোঃ রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের ময়ামারী মোড়ে অবস্থিত মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসার হিফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ ফাউন্ডেশন, ভোলাহাটের সভাপতি কারী মাওলানা জিয়াউর রহমান, মাওলানা ইমরান হোসেন, মাওলানা বদরুজ্জামান, মাওলানা এনামুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম ও কারী আলাউদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তি এবং ব্যবসায়ীরা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীরা পবিত্র কোরআনের শেষ সবক শোনান। হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে জায়নামাজ ও ইসলামিক বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত আলেমরা হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তাঁদের কোরআনের শিক্ষা ও আদর্শ জীবনে ধারণ করার আহ্বান জানান।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




