

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা শহরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে বৈশাখী সুইটস নামের একটি মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌরঙ্গী মোড় এলাকার বৈশাখী সুইটসে অভিযান চালানো হয়। এ সময় দোকানটির ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও দই প্রস্তুত, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও সন্দেশ সংরক্ষণ এবং দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে দুধের হাইড্রোজ ও হাইজিন টেস্টসহ মিষ্টি প্রস্তুতের সারফেস পরীক্ষা করা হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযান শেষে দোকানটির মালিক সুশান্ত জোয়ার্দার তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।




