

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আদালতের রায় ও আদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ‘ভৈষা ও চাতল’ খাস কালেকশন ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংখ্যালঘু একটি পরিবারের জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও উচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল তাদের জমি দখলের পাঁয়তারা করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।
আদালতের রায় ও অভিযোগের প্রেক্ষাপট


অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা বিদ্যা ভূষণ চন্দ্র (পিতা: মৃত বামা চরণ চন্দ্র) গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বাসুদেব চরণ মৌজার জেএল নং-১৮৫, খতিয়ান নং-৪৮ এবং দাগ নং-৩৭৩০ ও ৩৩৭৭ নম্বরের জমির মালিকানা নিয়ে সুনামগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ৪২৬/২০১৭ নম্বর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার রায় ভুক্তভোগী পরিবারের পক্ষে আসে এবং সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুরকে সংশ্লিষ্ট রেকর্ড সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা স্বত্ব মোকদ্দমা নং-১৪২/২০২১-এর রায়ও ভুক্তভোগী পরিবারের পক্ষে রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
আদালতের রায় উপেক্ষা করে ইজারা দেওয়ার অভিযোগ
বিদ্যা ভূষণ চন্দ্রের অভিযোগ, আদালতের রায় ও আইনি নির্দেশনা থাকা সত্ত্বেও উপজেলা খাস কালেকশন ব্যবস্থাপনা কমিটি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪৩৩ বাংলা সনের অবশিষ্ট সময়ের জন্য আত্মী উদ্দিন (পিতা: হাজী আবারক উল্লা, সাং-বাউধরন) নামে এক ব্যক্তিকে সংশ্লিষ্ট জমির খাস কালেকশন ইজারা প্রদান করে।
তিনি আরও জানান, এর আগে ২০২৫ সালের ১৬ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) বরাবর আদালতের রায় ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১৪৩২ বাংলা সনে খাস কালেকশন কার্যক্রম বন্ধ রাখা হয়। কিন্তু পরবর্তীতে একই জমিতে পুনরায় ইজারা দেওয়ায় আদালতের রায় ও প্রশাসনিক সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জমি দখল ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ
ভুক্তভোগীর অভিযোগ, ইজারা পাওয়ার পর আত্মী উদ্দিন ও তাঁর লোকজন জমিটি দখলের চেষ্টা শুরু করেন। এ ছাড়া নিজেদের ‘নব্য বিএনপি’ পরিচয় দেওয়া শাহানুর, শাহিনুর, আজিজুর উদ্দিন, তারেক আহমদ, আলীম উদ্দিন ও নাসির উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে পরিবারটিকে বসতভিটা ও জমি থেকে উচ্ছেদের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকির অভিযোগ উঠেছে।
বিদ্যা ভূষণ চন্দ্রের দাবি, জমির মালিকানার পক্ষে আদালতের রায়সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও সংখ্যালঘু পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে পরিবারটি নিজেদের বসতভিটা ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
প্রশাসনের বক্তব্য ও ভুক্তভোগীর দাবি
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন বলেন, “আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি চিঠি আকারে জানিয়েছি এবং সরকারি কৌঁসুলি (জিপি)-এর মতামতের জন্যও চিঠি পাঠিয়েছি।”
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন, সংশ্লিষ্ট ইজারার বৈধতা যাচাই, আইনবহির্ভূত প্রমাণিত হলে ইজারা বাতিল এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যা ভূষণ চন্দ্র ও তাঁর পরিবার।
পাশাপাশি নিজেদের বসতভিটা ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয় সচেতন মহলও বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতের আদেশের যথাযথ বাস্তবায়ন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন।




