
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ইউএস মডেল (প্রা.) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে টেকেরহাট ১ নম্বর ব্রিজের পাশে হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১০ সালে টেকেরহাটে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করে ইউএস মডেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নতুন ভবনের মাধ্যমে চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেলের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা বেজবা উর রহমান বাবু হাওলাদার, হাসপাতালের ভাইস চেয়ারম্যান সৈয়দ রুবেল, ভাইস চেয়ারম্যান সৈয়দ জুয়েল, জেলা বিএনপির সদস্য জীবন বোস, উপজেলা যুবদলের নেতা মোঃ খায়ের হাওলাদারসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উদ্বোধন শেষে হাসপাতালের নতুন ভবনের সাফল্য ও সংশ্লিষ্টদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অন্যান্যদের মধ্যে তবারক বিতরণ করা হয়।










