October 29, 2026

DailyJanotarDiary@gmail.com

ডেইলি জনতার ডায়েরি একটি অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সংবাদ প্রতিবেদন ও বিভিন্ন ফিচারধর্মী কনটেন্ট প্রকাশ করা হয়।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত আলোকসজ্জা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজারীদের নির্বিঘ্নে পূজা-অর্চনা এবং দর্শনার্থীদের নিরাপদে মণ্ডপ পরিদর্শন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক মো. শামীম আলী।
সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

রংপুরে প্রতিবন্ধী নারীদের অধিকার আদায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা তৈরির লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ই অক্টোবর (শনিবার) প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (NCDW), রংপুর জেলা শাখার আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্স-এর ‘সমতার বাংলাদেশ’ ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা আমীর আসাদুজ্জামান শিমুল এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপস্থিত প্রতিবন্ধী নারী ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিবন্ধী নারীরা সমাজের বোঝা নন, বরং সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারা দেশের সম্পদ হতে পারেন। তিনি বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে মিঠাপুকুর উপজেলার প্রতিবন্ধী নারীদের কল্যাণে ও কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধী নারীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী নারীদের আইনি অধিকার, নেতৃত্ব বিকাশ, স্বাস্থ্য সচেতনতা এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন,
আপনারা জানেন গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে ছিলো।বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।

শিক্ষকদেরকে নির্দেশনা দেয়া হয়েছিল যে, খাতায় শিক্ষার্থীরা না লিখলেও যেন তাদেরকে পাশ করিয়ে দেয়া হয়।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ার আরডিএ হলরুমে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত পঞ্চম শ্রেণীর ১৬০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার জন্য ‘অন টিচার ওয়ান ট্যাব’কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে।

এছাড়াও আগামীতে সারাদেশে ‘মিড ডে মিল’কর্মসূচি চালু ও শিক্ষার্থীদেরকে পোশাক এবং ব্যাগ দেয়ার পরিকল্পনা করছে।

এস এম জিলানী উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।এই পদক্ষেপের বাহিরে ও আমি এ কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আমার ব্যক্তি উদ্যোগে কাজ করতে চাই।

আপনার আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আপনাদের পরামর্শ নিয়ে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ বক্তব্য রাখেন।

আবুজার গিফারী,যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডসংলগ্ন বুড়িভদ্রা নদীতে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ছয়টি পাটা বাঁধ উচ্ছেদ করা হয়েছে। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কেশবপুর থানার এএসআই সঞ্জয় বিশ্বাসসহ পুলিশের সদস্যরা। এ ছাড়া ত্রিমোহনী ও সাতবাড়িয়া ইউনিয়নের আনসার দলনেতা এবং স্থানীয় জনগণ অভিযানে অংশ নেন।

অভিযানে মোট ৪ হাজার মিটার নিষিদ্ধ ও ক্ষতিকর জাল জব্দ করে ধ্বংস করা হয়। এসব জাল ব্যবহারের ফলে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী আটকা পড়ে এবং মাছের প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

সংশ্লিষ্টরা জানান, নদী ও জলাশয়ের পরিবেশ রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ পাটা বাঁধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ জন্য প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি স্থানীয় জনগণ ও মৎস্যজীবীদের সহযোগিতা প্রয়োজন।

বুড়িভদ্রা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগ ঞ্জে ভ্রাম্যমান আদালত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুরে অভিযান চালিয়ে আলম হোসেনের কাছে ভাড়া নেয়া গোডাউনে আলমঙ্গীর হোসেনের অবৈধ মজুদ ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ, নির্ধারিত মুল্যে বিক্রি করে সরকারী কোষাগারে জমা করার নির্দেশ।

১০ অক্টোবর শনিবার সন্ধ্যার পুর্বে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর হাটের অদুরে শিবপুর গ্রামের বাসিন্দা আবেদ আলীর পুত্র ধান চাল ব্যবসায়ী আলমগীর হোসেন অবৈধভাবে ১৯৮ বস্তা টিএসপি সার, যার সরকারি মূল্য ২ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা, মজুদ অবস্থায় চোরাই পথে বিক্রির চেষ্টাকালে থানা পুলিশ আটক করে।

পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লেখিত অবৈধ সার গুলি জব্দ করেন এবং ওই এলাকার কর্মরত উপসহকারী কৃষি অফিসার দিলীপ রায়ের জিম্মায় দেন।

তিনি আগামীকালের মধ্যেই জব্দকৃত সার গুলি প্রকৃত কৃষকদের মাঝে সরকারী নির্ধারিত মূল্যে বিক্রি করে কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন।

অভিযানে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম সক্রিয় সহযোগিতা করেন।

পুলিশ ও ভ্রাম্যমান আদালতের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত অবৈধ মজুদদার আলমগীর হোসেন পালিয়ে যায়।

মুটোফোনে কথা হলে আলমগীর হোসেন ২০০ বস্তা টিএসপি সার খোচাবাড়ী হতে কিনে এনে গোডাউনে মজুদের কথা স্বীকার করে কিন্তু তার কাছে সার ক্রয়ের কোন প্রমানপত্র, ম্যামো বা ডক্যুমেন্ট নাই মর্মেও জানায়।

সে সময় সাবেক উপজেলা ভিসি এবং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের বহুবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা,

বীরগঞ্জ থানার সঙ্গীও পুলিশ ফোর্সসহ এস আই দিপু রায়,

ডিআইও হায়দার আলী, ডিএসবি নুর আমিন,

ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এবং কৃষক দলের সভাপতি দলিল লেখক বাবুল,

গোডাউন মালিক আলম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী ছাড়াও অনেক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

নির্দেশনা অনুযায়ী উপজেলা কৃষি অফিস ও চেয়ারম্যান মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে জব্দকৃত সারগুলি ১১ অক্টোবর রবিবার ওই ইউনিয়নের প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে বিক্রয় লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দিবেন।

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ০৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ১০ অক্টোবর/২৬ এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর-এর ‘খ’ সার্কেলের পরিদর্শক এস. এম. এলতাস উদ্দিনের নেতৃত্বে উপজেলার পৃথক দুটি স্থানে এই সফল অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ তুহিন মিয়া (২৫): তিনি মিঠাপুকুরের চিথলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। আভিযানিক দল তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করে।
মোঃ দুলু মিয়া (৫০): তিনি উপজেলার নানকর রসুলপুর এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে পৃথক ০২টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় আসামিদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করতে হবে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং মিঠাপুকুর উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এই ধরণের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ থেকে অপহরণের পর ভারতে পাচারের আগমুহূর্তে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ১২ বছরের শিশু সাজিম শিকদার ইয়াছিনকে উদ্ধার করেছে পুলিশ।

তিন দিন ধরে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে ভোমরা স্থলবন্দর সংলগ্ন একটি আস্তানা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় অপহরণ, মুক্তিপণ দাবি ও পাচারের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মুন্না শিকদার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

উদ্ধার হওয়া সাজিম গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের ব্যবসায়ী আকাশ শিকদারের ছেলে। গ্রেফতার মুন্না শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের লালন শিকদারের ছেলে। তিনি ভুক্তভোগী পরিবারের দূরসম্পর্কের আত্মীয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখান মুন্না। তার কথায় বিশ্বাস করে সাজিম সঙ্গে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বংবিপ্রবি) সামনের নির্জন সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একটি মাইক্রোবাসে শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যান মুন্না ও তার সহযোগীরা।

ঘটনার পরদিন থেকে বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে সাজিমের বাবা আকাশ শিকদারের ফোনে কল আসতে শুরু করে।

অপহরণকারীরা শিশুটিকে জীবিত ফেরত দিতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আকাশ শিকদার গোপালগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা করেন।

অভিযোগ পাওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অনুসন্ধান শুরু করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, সীমান্ত পার করানোর উদ্দেশ্যে সাজিমকে দূরপাল্লার গাড়িতে করে সাতক্ষীরার সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে। সেখান থেকে সীমান্ত পারাপারে জড়িত দালালচক্রের সহায়তায় শিশুটিকে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা পুলিশের।

তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর গোপালগঞ্জ পুলিশ সাতক্ষীরা জেলা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় ভোমরা স্থলবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও শিশুসহ মুন্না শিকদারকে গ্রেফতার করা হয়।

উদ্ধারের পর সাজিমকে নিরাপদে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। সন্তানকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা অশ্রুসজল চোখে পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১০অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মন্ডল জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জের ব্যানারে ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ‘ফাঁসি চাই’ লেখা-সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে প্রথমে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহামুদ জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সাজেদুর রহমান, রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ একটি পাগলা কুকুর পথচারী ও বাড়ির সামনে থাকা লোকজনের ওপর আক্রমণ চালিয়ে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এতে চার বছর বয়সী এক শিশুসহ নারী ও পুরুষরা আহত হন। আক্রান্তদের মধ্যে হাসেম, জেলেখা, সেলিনা, মাসুদ, সানজিদা, শিশু লাবিব, শফিউল, ফাহিম ও শাপলাসহ বেশ কয়েকজন রয়েছেন।

আহতদের মধ্যে দুর্গাপুর ইউনিয়নের রামপুরা, শীতলগাড়ি, পাইলার বাজার ও চিথলী দক্ষিণপাড়ার বাসিন্দারা রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ২৫ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর জানান, আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত শাপলা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, কুকুরের আকস্মিক আক্রমণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। স্থানীয় বাসিন্দারা এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

ডেইলি জনতার ডায়েরি
নিরপেক্ষ সংবাদ,সবার অধিকার
dailyjanotardiary.com

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের এমপি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাদের সমাজে নারীরা অবহেলিত, কারণ তারা কোন রোজগার করে না।
যার কারনে সমাজে ও পরিবারে নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড দিয়েছেন।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এমপি জিলানী বলেন, বাংলাদেশে গত ১৭ বছর একটি ফ্যাসিবাদী সরকার দেশের প্রত্যেকটি অর্থনৈতিক ভিত ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
তাই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। অর্থনৈতিক দিকটা চিন্তা করেই পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারকে কার্ড দেওয়ার চিন্তা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। আমাদের দেশের অর্থনীতি যদি ভালো থাকতো সকল পরিবারকে একবারে কার্ড দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হতো। তবে বর্তমান সরকারের দক্ষতায় অর্থনীতির অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণে অংশ নেয়া ১৫ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজারকে ডিজিটাল ট্যাব বিতরন করা হয়।