

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা
খুলনায় পুলিশের মোটরসাইকেল চেকপোস্ট ও কাগজপত্র তল্লাশি নিয়ে তীব্র সমালোচনা করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তাঁর অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে সাধারণ মোটরসাইকেল চালকদের তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনার তেরখাদায় আয়োজিত এক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খুলনার পুলিশ সুপারকে উদ্দেশ করে আজিজুল বারী হেলাল বলেন, রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে বারবার কাগজপত্র চাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। অথচ মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের চলাচল নিয়ন্ত্রণ করা গেলে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারতেন।এদিকে সংসদ সদস্যের বক্তব্যের বিষয়ে খুলনার পুলিশ সুপার সরদার ওমর ফারুক বলেন, খুলনায় সাম্প্রতিক হত্যাকাণ্ডে অপরাধীরা মোটরসাইকেল ব্যবহার করছে। এ কারণে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোটরসাইকেল চেকিং কার্যক্রম জোরদার করেছে।




