

ফারুক আহমদ, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে সজোরে ধাক্কা দিয়েছে শ্রমিকবাহী একটি বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনায় বাসচালকসহ অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার-বাঁশবাড়ি আঞ্চলিক সড়কের ইবনে সিনা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টি এম টেক্সটাইলের শ্রমিকদের বহনকারী বাসটি প্রায় ৪২ জন শ্রমিক নিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি দেয়ালে সজোরে আঘাত করে। এতে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাসে থাকা শ্রমিকদের মধ্যে অন্তত ১২ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের শারীরিক অবস্থা এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।




