


সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলা সভাকক্ষে আজ ৮ই অক্টোবর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের আনুষ্ঠানিক যোগদান, বরণ ও ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষকদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পারভেজ নবীন শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা হলো একটি শিশুর ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি। নতুন শিক্ষকদের মেধা ও সততার মাধ্যমেই প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে নতুন শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তারা দলমত নির্বিশেষে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সুশাসন এবং মানসম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সাথে কোমলমতি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন।
নবীন শিক্ষকদের উচ্ছ্বাস
আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা পেশায় যুক্ত হতে পেরে নতুন শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। তারা প্রত্যেকেই বিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে এবং শিক্ষার্থীদের পাঠদানে নিজেদের নিয়োজিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মিষ্টি মুখ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




