

মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্ত অপরাধ, মাদক, চোরাচালান, অস্ত্র পাচার এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের খড়কপুর বিওপি এলাকায় ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক। তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাদক ও সীমান্ত অপরাধের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন।
তিনি বলেন, “মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন। মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান। মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি। সুস্থ দেহ, সুন্দর মন—মাদকমুক্ত জীবন।”
তিনি আরও বলেন, মাদকের নেশা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তাই মাদক থেকে দূরে থেকে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন দলদলী ইউনিয়নের দলনেতা মোঃ রবিউল ইসলাম, উপজেলা মহিলা প্লাটুন কমান্ডার মোসাঃ সালমা খাতুন, আনসার সদস্য তাজামুল হক ও মোঃ আয়নাল হকসহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক, চোরাচালান, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।




