

গাজীপুর প্রতিনিধি:
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নির্দেশনায় এবং রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে রাশেদুল ইসলাম কিরণ বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে একটি ‘তলাবিহীন ঝুড়িতে’ পরিণত করেছিল বলে তিনি মনে করেন। তিনি আরও অভিযোগ করেন, জুলাইয়ের গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরও সেখান থেকে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছেন।
কিরণ বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশে যারা বর্তমানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, তারা যেন শান্তি-শৃঙ্খলা নষ্টের কোনো কর্মকাণ্ডে জড়িত না হন।
তিনি আরও বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। জনসাধারণের জানমালের নিরাপত্তা ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলেও জানান তিনি।
কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মো. ইসমাইল শিকদার বসু, অ্যাডভোকেট শহীদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




