
সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১১ পিস ইয়াবাসহ সুলতানা নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ ৫ অক্টোবর (সোমবার) উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় ও এলাকা সূত্রে জানা গেছে, আটক সুলতানা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এলাকায় মাদক সরবরাহের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কারণে স্থানীয়ভাবে তাকে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে অভিহিত করা হতো। তার মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল বলে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল স্থানীয়দের।
গোপন সংবাদের ভিত্তিতে ময়েনপুর দক্ষিণপাড়া এলাকায় ওই মাদক আস্তানায় অভিযান চালায় প্রশাসন। অভিযানে সুলতানাকে হাতেনাতে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এই মাদক সম্রাজ্ঞী আটকের খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর প্রত্যাশা, সুলতানাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই অঞ্চলের মাদকের মূল হোতা এবং এর পেছনের পুরো সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।












