

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। একই সময় কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে কন্যাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নাভারণ ‘ক’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্র ও মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, আশানুর ও শহীদ আলীর নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল গাইনপাড়ায় হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
আহতরা হলেন— শরিফুল ইসলাম বকুল (৩০), শাহ আলম গাইন (৫০), আব্দুল্লাহ গাইন (২০), আকাশ হোসেন (১৪), মিটু গাইন (৩০) ও শাকিল গাইন (১৫)। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ছাড়া বাবু গাইন, ইয়ানুর গাইন ও আনারুল গাইনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কন্যাদাহ গ্রামের হাসানুজ্জামান হাসান গাইন বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করেছেন।
বাদী হাসানুজ্জামান হাসান গাইন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশানুর ও শহীদ আলীর নেতৃত্বে একটি দল গাইনপাড়ায় হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে ছয়জন আহত হন এবং কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন।
তবে ঘটনার পরপরই কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
নাভারণ ‘ক’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




