

বাইজিদ মন্ডল:- শিশুদের মুখে হাসি ফোটাতে শিশু দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের ছয়টি জেলায় বিশেষ কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’ (MANABATA)। গত ১৪ নভেম্বর আয়োজিত এই কর্মসূচিতে ছয় শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ব্লকের ভালুকাশোল গ্রামে ‘দিগন্তের দিশারী’ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা। অঞ্জন কুমার জানার তত্ত্বাবধানে আদিবাসী ঐতিহ্য ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ৩৬ শেরহাটের ৩৬ মণ্ডলের লাট এলাকায় প্রভাতী মণ্ডলের দায়িত্বে পোশাক বিতরণ করা হয়। মালদার বন্যাদুর্গত পঞ্চনন্দপুরের সুলতানটোলা ও গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় কর্মসূচি পরিচালনা করেন শিক্ষক টিপু সুলতান।
বাঁকুড়ার তালডাংরায় ‘আলোর দিশা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর সহযোগিতায় তাপস কুমার দে-র পরিচালনায় অনুষ্ঠান হয়। অংশগ্রহণ করে মানবতা কমিউনিটি কোচিং সেন্টারের শিশুরাও।
পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের মাড়তলায় অমিত পাল পরিচালিত ‘আশার আলো হ্যান্ডিক্যাপড সোসাইটি’-র সহযোগিতায় এবং জলপাইগুড়ির জয়ন্তীপল্লি, সুলকাপাড়া ও নাগরাকাটায় ‘ইহসান ইয়ুথ ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে কর্মসূচি পালিত হয়। জলপাইগুড়িতে নেতৃত্ব দেন আনিজ আহমেদ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণের পাশাপাশি শিশুদের সার্বিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মানবতা সারা বছর বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করে থাকে।
ছয় জেলায় ছয় শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দিয়ে শিশু দিবসে মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’।





