

ডেইলি জনতার ডায়েরি নিউজ ডেস্ক
দেশের তৈরি পোশাকশিল্পের চলমান সংকট ও অস্থিরতা নিয়ে জাতীয় সংসদে আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সংসদে বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, কয়েক দিন আগে সংসদের কার্যপ্রণালিতে তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আলোচনা চলাকালে তা বাদ দেওয়া হয়। পরবর্তী সময়ে রোববার আলোচনার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত বিষয়টি উত্থাপিত হয়নি।
তিনি বলেন, দেশের গার্মেন্টস শিল্প থেকে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, ক্রেতারা সফর বাতিল করছেন এবং দেশের প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি ব্যবসা ও ক্রয়াদেশ ভিয়েতনাম, ভারত ও নেপালের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে চলে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এমন গুরুত্বপূর্ণ জাতীয় অর্থনৈতিক সংকট নিয়ে বারবার আলোচনা বাদ পড়ছে কেন, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার দলের পক্ষ থেকেই এ বিষয়ে আলোচনার উদ্যোগ নেওয়া উচিত ছিল। বিরোধী দল বারবার বিষয়টি উত্থাপন করলেও কেন আলোচনার সুযোগ পাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এটি কোনো বৈষম্য নয়। ১৪৭ বিধির প্রস্তাবের উদ্যোক্তা সংসদ সদস্য নাজিবুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।





