

ডেইলি জনতার ডায়েরি ডেস্ক
শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়া মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। ১৯৭৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তার প্রয়াণের পাঁচ দশক পূর্ণ হলো।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
কৃষক, শ্রমিক, মেহনতি ও অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন এই নেতা। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন। স্বাধীনতার পরও সাধারণ মানুষের অধিকার, অর্থনৈতিক সাম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ছিলেন তিনি।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচি গ্রহণ করেছে।
এদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা চলছে, যার শেষ দিন আজ।
মৃত্যুর পাঁচ দশক পরও শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে মওলানা ভাসানীর আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।
ডেইলি জনতার ডায়েরিনিরপেক্ষ সংবাদ,সবার অধিকার





