

★পাঁচবার স্প্রেতেও রক্ষা মিলছে না আমনের
ধানগাছ শুকিয়ে বাদামি,
★ফলন বিপর্যয়ের শঙ্কা; উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আসেন না বলে কৃষকদের অভিযোগ..
এম এ হোসেন পাটোয়ারী
পীরগাছা উপজেলা প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় আমন ক্ষেতে কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িংয়ের (ব্রাউন প্ল্যান্ট হপার) আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। দফায় দফায় উচ্চমূল্যের কীটনাশক ছিটিয়েও পোকা দমন করা যাচ্ছে না। কৃষকদের অভিযোগ, এই দুঃসময়ে উপজেলা কৃষি বিভাগের কেউ মাঠে এসে তাঁদের পাশে দাঁড়াননি, দেননি কার্যকর কোনো পরামর্শও। ফলে ফলন বিপর্যয়ের তীব্র শঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সবুজ আমন খেত হঠাৎ করেই শুকিয়ে বাদামি রং ধারণ করছে। অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন এলাকায় গিয়ে দেখা যায়, পোকা দমনে ব্যস্ত সময় পার করছেন কৃষাণী সুফিয়া বেগম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত ক্ষেতে পাঁচবার ওষুধ স্প্রে করেছি। কিন্তু কোনোভাবেই পোকা দমন করা যাচ্ছে না। অথচ এই দুর্দিনে কৃষি বিভাগের কোনো কর্মকর্তাকে আমাদের খেত দেখতে আসতে বা কোনো পরামর্শ দিতে দেখিনি।’
একই এলাকার কৃষক আবুল খায়েরের খেতের বড় একটি অংশ পোকার আক্রমণে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তিনি বাড়িতে না থাকায় কথা হয় তাঁর স্ত্রী মিনারা বেগমের সঙ্গে। তিনি জানান, প্রায় আট দোন জমিতে আমন ধানের আবাদ করেছেন তাঁরা। দফায় দফায় কীটনাশক কিনে স্প্রে করেও ফসল রক্ষা করা যাচ্ছে না। কৃষি অফিসের লোকজনের সহযোগিতা না পাওয়ায় চরম হতাশায় দিন কাটছে তাঁদের।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু অন্নদানগর নয়, সদর ইউনিয়নের ভরডোব, চকচকার দোলা ও কুমারপাড়াসহ উপজেলার বিভিন্ন ব্লকেই আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্নদানগর ইউনিয়নের এক কৃষক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই ব্লকে কর্মরত থাকায় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে আসেন না। ফলে চরম বিপদের সময়েও কৃষকদের কৃষি বিভাগের সেবা ও পরামর্শ থেকে বঞ্চিত হতে হচ্ছে।
কৃষিবিজ্ঞানীদের মতে, কারেন্ট পোকা ধানগাছের গোড়ায় থেকে রস শুষে নেয়। আক্রান্ত গাছ প্রথমে হলুদ, পরে পুড়ে যাওয়ার মতো বাদামি হয়ে মরে যায়, যা ‘হপার বার্ন’ নামে পরিচিত। সময়মতো দমন না করলে অল্প সময়েই পুরো ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি আমন মৌসুমে সার, বীজ, কীটনাশক ও বাড়তি শ্রমিকের মজুরি মেটাতে তাঁদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। মাঝপথে সার ও পটাশের সংকট এবং বাড়তি দামের ধকল সামলে অনেক কষ্টে তাঁরা ফসল ফলিয়েছিলেন। কিন্তু এখন পোকার আক্রমণে পুরো বিনিয়োগই অনিশ্চয়তার মুখে পড়েছে। কৃষকদের অভিযোগ, বাজারের বিভিন্ন কোম্পানির কীটনাশক নিম্নমানের বা অকার্যকর হওয়ায় ব্যবহার করেও সুফল মিলছে না। দ্রুত পোকা নিয়ন্ত্রণ করা না গেলে আমনের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, এমনকি উৎপাদন খরচও উঠবে না বলে শঙ্কা তাঁদের।
এ অবস্থায় অবিলম্বে আক্রান্ত খেত সরেজমিনে পরিদর্শন, সঠিকভাবে পোকা শনাক্তকরণ এবং কার্যকর দমন পদ্ধতি নিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর জোর দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি এবং লিফলেট বিতরণসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা বুঝিয়ে দিয়েছি। কীটনাশক ব্যবহারের সুনির্দিষ্ট নিয়ম আছে—যেমন ওষুধ ধানের গোড়ায় স্প্রে করতে হয়, কিন্তু কৃষক যদি তা শুধু মাথায় বা ওপরে প্রয়োগ করেন, তবে সুফল পাওয়া যাবে না। আমি অন্নদানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের বাড়ি থেকে ডেকে এনেও পরামর্শ দিয়েছি। এখন কোনো কৃষক যদি বলেন যে কৃষি অফিস থেকে কোনো সেবা পাচ্ছেন না, তবে তো আর তাঁদের মুখ বন্ধ করতে পারব না।’
তবে মাঠপর্যায়ে কৃষকদের অভিযোগ ও কৃষি কর্মকর্তার বক্তব্যের মধ্যে ব্যবধান থেকে যাচ্ছে। এদিকে আক্রমণ ছড়িয়ে পড়ায় কৃষকরা দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় আছেন।
এম এ হোসেন পাটোয়ারী
১২-১১-২৬




