

রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পবিত্র কোরআন শরীফ ও ইসলাম ধর্ম অবমাননা করে আপত্তিকর ভিডিও পোস্ট করার ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ চন্দ্র মহন্তকে (১৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত ০৩:১০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন কিচক বেলাই গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সৌরভ চন্দ্র মহন্ত রংপুর জেলার পীরগঞ্জ থানার চককরিম কাশিমপুর গ্রামের বিশু মহন্তের ছেলে।তার মায়ের নাম তরু বালা রানী।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে । অভিযুক্ত সৌরভ তার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন অবমাননাকর একটি আপত্তিকর ভিডিও পোস্ট করে । পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে স্থানীয় ও নেটজনতার মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের বরাতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত অভিযুক্ত হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিপ্রায়ে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং সাম্প্রদায়িক অসন্তোষ তৈরির অপচেষ্টায় লিপ্ত ছিল। ভিডিওটি ছড়ানোর পর থেকেই সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে গিয়েছিল।
আইনি পদক্ষেপের বিষয়ে রংপুর জেলা পুলিশ জানায়, এই ঘটনায় পীরগঞ্জ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির (Penal Code) ১৫৩, ১৫৩-এ, ২৯৫-এ এবং ২৯৮ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩০, তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিঃ। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।




