

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে মাত্র ১০ বছর ৯ মাস বয়সী এক কন্যাশিশুর সঙ্গে ১৭ বছর ১১ মাস বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়নের মুসলিম বিবাহ ও নিকাহ রেজিস্ট্রার মাও. আলাউল করিমের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য সচিব ফাতেমা জোহরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা এলাকায় এ বাল্যবিবাহের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নিকাহ রেজিস্ট্রার মাও. আলাউল করিম নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় বর-কনে এবং উভয় পক্ষের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ নগদ ২ হাজার টাকা গ্রহণ করেন নিকাহ রেজিস্ট্রার। তবে বর ও কনের আইনানুগ বিবাহের বয়স পূর্ণ হলে রেজিস্ট্রেশনের বিষয়টি সম্পন্ন করা হবে বলে জানানো হয়। এ সময় নকল রেজিস্ট্রেশন বহিতে বর-কনের স্বাক্ষর নেওয়ার অভিযোগও রয়েছে।
জানা গেছে, বাল্যবিবাহের শিকার কন্যাশিশুটি স্থানীয় বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, কিশোরটি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা এবং সাতক্ষীরা শহরের একটি মোটর গ্যারেজে কাজ করে। এত অল্প বয়সে বিয়ের ঘটনায় শিশুটির শিক্ষা, নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাটি প্রশাসনের নজরে আসার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা ও স্বীকারোক্তি নেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করে দুই শিশুকে আলাদা রাখা হয়। পরবর্তী সময়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভায় বিষয়টি আলোচনা করা হয়। সভায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে দুই শিশুর অভিভাবকদের স্বীকারোক্তি ও ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নির্দেশক্রমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে নিকাহ রেজিস্ট্রারের ভূমিকা, দায়িত্ব ও আইনগত এখতিয়ার, ২ হাজার টাকা গ্রহণ এবং নকল রেজিস্ট্রেশন বহিতে স্বাক্ষর নেওয়ার বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কন্যাশিশুটির শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা কার্যকর রাখার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা বলেন, “ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানার পর আমাদের অফিস থেকে সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। দুই পক্ষের সঙ্গে বসে তাদের বোঝানো হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাদের আলাদা করে দেওয়া হয়েছে।”
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিশুদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।




