

মোঃ সিমান্ত তালুকদার
ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার কৌশল বিষয়ে রাজধানীর আজিমপুর, নিউ পল্টন লেনের ইরাকি মাঠ এলাকায় শহীদ মানিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘মনের যত্ন সবার আগে’ শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাইন্ডরিডার ফাউন্ডেশনের ‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, মানসিক অসুস্থতার প্রাথমিক লক্ষণ, মানসিক চাপ মোকাবিলা, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং প্রয়োজনে পেশাদার সহায়তা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮–১৯ অনুযায়ী, বাংলাদেশে ১৮–৯৯ বছর বয়সী জনগোষ্ঠীর ১৮.৭ শতাংশ এবং ৭–১৭ বছর বয়সী শিশুদের ১২.৬ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। অথচ আক্রান্ত ব্যক্তিদের একটি বড় অংশ প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের বোঝানো হয়, মানসিক সমস্যায় আক্রান্ত হওয়া কোনো দুর্বলতা নয় এবং এ বিষয়ে সহায়তা নেওয়া লজ্জার কিছু নয়। শারীরিক অসুস্থতার মতো মানসিক অসুস্থতার ক্ষেত্রেও যথাযথ যত্ন ও চিকিৎসা প্রয়োজন।
এ সময় একমুখী বক্তৃতার পরিবর্তে অংশগ্রহণমূলক পদ্ধতিতে কর্মশালাটি পরিচালনা করা হয়। দলীয় কাজ, প্রশ্নোত্তর ও বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যক্রমের মাধ্যমে তিন ঘণ্টাব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ঢাকা ও আশপাশের ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ রিফাদ মাহমুদ। প্রকল্পের তৃতীয় কর্মশালাটি বাস্তবায়নে নেতৃত্ব দেন প্রজেক্ট ম্যানেজার রুবাইয়া আমিন অর্পা। এ সময় প্রকল্পের সদস্য রাজিয়া সুলতানা ঝুমুর, সুখী আক্তার লামিয়া, নুরুন্নাহার আক্তার, উম্মে স্মিতা শান্তু ও আফরোজা আক্তার মনি উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করবে এবং আত্মহত্যা প্রতিরোধসহ একটি সচেতন, সহমর্মী ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




