

রংপুর প্রতিনিধি:
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত কাজী আজহারুল ইসলাম মানিক যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়া মানিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের বড় ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৮ নভেম্বর চিকিৎসার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার দুপুরে ভারত থেকে দেশে ফেরার সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভারত থেকে দেশে ফেরার পথে ভোমরা সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।




